০৩:৩২ পি.এম
ইংল্যান্ডের মাটিতে আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবার লক্ষ্য স্থির করেছেন, এটি শুধুমাত্র অংশগ্রহণ নয়, বরং বিশ্বকাপে জয়ের সংখ্যা বাড়িয়ে ইতিহাস পরিবর্তন করা। ২০১৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই বাংলাদেশের মেয়েরা দুটি ম্যাচ জিতেছিল। তবে, এরপর দীর্ঘ ১০ বছর জয়হীন থাকতে হয় টাইগ্রেসদের। সেই অপেক্ষার অবসান ঘটে ২০২৪ সালের আসরে, যখন স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ জয়ী হয়। সেই সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে নিয়েই এবার আরও বড় কিছুর স্বপ্ন দেখছেন জ্যোতি। আইসিসিতে প্রকাশিত কলামে তিনি বলেন, আমরা দীর্ঘদিন জয়হীন পথ পাড়ি দিয়ে এসেছি। তবে এটাকে চাপ হিসেবে দেখছি না, বরং ইতিহাস পরিবর্তনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয় আমাদের দারুণ অনুভূতি দিয়েছে। আগের তুলনায় এখন আমরা অনেক বেশি ভারসাম্যপূর্ণ দল। এবারের আসরে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী দলগুলো ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। তবে, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা ধরে এগিয়ে নিজেদের সেরাটা দিতে চান জ্যোতি। তিনি আরও বলেন, আমরা কঠিন একটি গ্রুপে আছি, যেখানে নিয়মিত ফাইনাল ও সেমিফাইনাল খেলা দল রয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি, যেকোনো ম্যাচই জেতা সম্ভব এবং এবার আমরা আমাদের সর্বকালের সেরা টুর্নামেন্ট খেলতে চাই। এটি জ্যোতির তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া। মাত্র ১৮ বছর বয়সে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া এই ক্রিকেটার এখন নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের সবচেয়ে বড় মঞ্চে। তার কাছে এই সফর যেমন গর্বের, তেমনি বড় চ্যালেঞ্জেরও।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন