০৩:৪০ পি.এম
রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকার বাসায় বড় ভাইয়ের মৃত্যু ঘটেছে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে।
নিহতের নাম সাদমান ওয়াসিফ সুপান্ত (১৭)। সুপান্ত এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এই ঘটনায় নিহতের ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে (১৬) পুলিশ আটক করেছে।
রোববার দিবাগত রাত ১টার সময়ে স্কয়ার হাসপাতাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর সোমবার (১ জুন) সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক সুমন জানান, ২০২১ সালে তাদের বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়। বাবা সিরাজুল সালেকীন কানাডায় বসবাস করছেন। আর মা ডা. সানজিদা আক্তার মৌসুমী অন্যত্র বিয়ে করে মধ্য বাড্ডা এলাকায় বসবাস করেন। মৌসুমী বর্তমানে মুগদা মেডিকেলে কর্মরত। তাদের গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী থানার হারভাংগা গ্রামে।
তিনি আরও জানান, বড় ভাই সুপান্ত এবার গভমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ছোট ভাই শুদ্ধ একই স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করছে। কলাবাগানের বাসায় তারা দুই ভাই একা একা থাকত। গত রাত সাড়ে ৯টার সময় তাদের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই শুদ্ধ লোহার ডাম্বেল দিয়ে বড় ভাই সুপান্তের মাথায় সজোরে আঘাত করে। এতে বড় ভাইয়ের মাথা ফেটে মগজ বের হয়ে যায়। দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সুমন জানান, বাবা-মায়ের বিচ্ছেদ, দুই ভাইয়ের একা একা বসবাস করা, কাজের বুয়ার রান্না খাওয়া এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে দুই ভাইয়ের মধ্যে মনমানিল্য হতো। এর ফলস্বরূপ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে (১৬) আটক করেছে।
আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন