০৩:৪২ পি.এম
বিয়ের অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়ার আনন্দ তখনো কাটেনি, নব দম্পতি নতুন জীবন শুরুর স্বপ্নে বিভোর ছিলেন। তবে সেই খুশির রেশ বেশিদিন স্থায়ী হলো না। হানিমুনে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ২৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত পাইলট ডেভ ফিজি প্রাণ হারান।
ডেল্টা এয়ারলাইন্সের এই ফার্স্ট অফিসারের পরিবার মূলত ভারতের কেরালার বাসিন্দা। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলটও নিহত হন, কিন্তু অলৌকিকভাবে ডেভের সদ্য বিবাহিত স্ত্রী জেসনি বেঁচে যান। পেশায় নার্স জেসনি বর্তমানে আটলান্টার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার, দীর্ঘ এক দশকের প্রেমের পর জর্জিয়ার ডসনভিলের একটি চার্চে প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে ধুমধাম করে ডেভ ও জেসনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিবাহোত্তর সংবর্ধনা শেষে, নবদম্পতি একটি রবিনসন আর-৬৬ হেলিকপ্টারে চড়ে আটলান্টার একটি হোটেলের উদ্দেশে রওনা হন, যেখানে তারা তাদের বিয়ের প্রথম রাত কাটানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই, বিয়ের অনুষ্ঠানস্থলের কাছাকাছি একটি প্রত্যন্ত জঙ্গলঘেরা এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে যায়। ঘন জঙ্গল হওয়ার কারণে উদ্ধারকারীদের দুর্ঘটনাস্থল খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়। প্রায় ছয় ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জেসনিকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
জেসনি জানান, জ্ঞান ফেরার পর তিনি দেখতে পান যে, ডেভ তার বুকে মাথা রেখে নিথর অবস্থায় পড়ে আছেন। নার্স হওয়ার কারণে ডেভের শরীর সম্পূর্ণ ঠান্ডা এবং রক্তাক্ত দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে তার স্বামী আর বেঁচে নেই।
সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ডেভ নিজে একজন পেশাদার বিমানচালক ছিলেন এবং উড্ডয়নের পূর্বে বৈরী আবহাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।
ডেভের বাবা, জর্জ ফিজি জানান, আকাশে দৃশ্যমানতা বা ভিজিবিলিটি শূন্য থাকায় ডেভ হেলিকপ্টারের পাইলটকে উড্ডয়ন না করার অনুরোধ করেছিলেন। কিন্তু পাইলট তাকে আশ্বস্ত করে বলেছিলেন যে তারা অনেক উঁচুখালি দিয়ে উড়ে যাবেন। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই চূড়ান্ত বিপদের কারণ হয়ে দাঁড়াল।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইতোমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত শুরু করেছে, তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন