ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রেলের মালামাল চুরির অভিযোগে একজন আটক


রেলের মালামাল চুরির অভিযোগে একজন আটক

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেল স্টেশন এলাকায় রেলকারের (রেললাইন মেরামতের বিশেষ গাড়ি) মালামাল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে রেল কর্তৃপক্ষ।

রোববার (৩১ মে) রাতে এই চুরির ঘটনাটি ঘটেছিল।

আটককৃত যুবকের নাম মোশাররফ হোসেন (২৮)। তিনি উপজেলা টান কালিয়াকৈর এলাকার মোজাম্মেল হকের ছেলে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

রেলওয়ে কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) রাত আড়াইটার দিকে হাইটেক সিটি রেল স্টেশনে লাইনে দাঁড় করিয়ে রাখা একটি রেললাইন মেরামতের গাড়ির (রেলকার) ভেতরে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই সময়, গাড়ির ভেতরের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল খোলার শব্দ পেয়ে স্টেশনের এক কর্মচারী তাৎক্ষণিকভাবে বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করেন। চুরির বিষয়টি টের পেয়ে, ওই যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রেলওয়ের কর্মচারীরা ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

এছাড়া, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই স্টেশন থেকে এর আগেও একাধিকবার রেলওয়ের বিভিন্ন মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনা ঘটলেও, এবার চোর হাতেনাতে আটক হওয়ায় এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার খোরশেদ আলম জানিয়েছেন, বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে এসে পৌঁছেছে আইসিসির প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


বাংলাদেশে এসে পৌঁছেছে আইসিসির প্রতিনিধি দল

বাংলাদেশে এসে পৌঁছেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল।সোমবার ঢাকা সফরে আসেন দক্ষিণ আফ্রিকার ড. মুসাজি এবং জিম্বাবুয়ের ড. মুকুলানি। মূলত তাদের এই সফর ঘটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে।

প্রতিনিধি দলের বৈঠক ও মতবিনিময়ের কথা রয়েছে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সঙ্গে। এর আগে, আইসিসি বোর্ড এবং আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দেশের ক্রিকেট বোর্ড।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় যে, আগামী ৭ জুন নির্ধারিত নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই আইসিসি ও আইবিসি বোর্ডে বাংলাদেশের প্রতিনিধি মনোনয়ন দেওয়া হবে। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানানো হয়।

বিসিবি অতিরিক্ত জানিয়েছে, আইসিসির প্রতিনিধি দল সফরকালে নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এবং পরবর্তীতে তা আইসিসি বোর্ডকে অবহিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাবাগানে পারিবারিক বিরোধে ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


কলাবাগানে পারিবারিক বিরোধে ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত

রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকার বাসায় বড় ভাইয়ের মৃত্যু ঘটেছে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে।

নিহতের নাম সাদমান ওয়াসিফ সুপান্ত (১৭)। সুপান্ত এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এই ঘটনায় নিহতের ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে (১৬) পুলিশ আটক করেছে।

রোববার দিবাগত রাত ১টার সময়ে স্কয়ার হাসপাতাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর সোমবার (১ জুন) সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক সুমন জানান, ২০২১ সালে তাদের বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়। বাবা সিরাজুল সালেকীন কানাডায় বসবাস করছেন। আর মা ডা. সানজিদা আক্তার মৌসুমী অন্যত্র বিয়ে করে মধ্য বাড্ডা এলাকায় বসবাস করেন। মৌসুমী বর্তমানে মুগদা মেডিকেলে কর্মরত। তাদের গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী থানার হারভাংগা গ্রামে।

তিনি আরও জানান, বড় ভাই সুপান্ত এবার গভমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ছোট ভাই শুদ্ধ একই স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করছে। কলাবাগানের বাসায় তারা দুই ভাই একা একা থাকত। গত রাত সাড়ে ৯টার সময় তাদের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই শুদ্ধ লোহার ডাম্বেল দিয়ে বড় ভাই সুপান্তের মাথায় সজোরে আঘাত করে। এতে বড় ভাইয়ের মাথা ফেটে মগজ বের হয়ে যায়। দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই সুমন জানান, বাবা-মায়ের বিচ্ছেদ, দুই ভাইয়ের একা একা বসবাস করা, কাজের বুয়ার রান্না খাওয়া এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে দুই ভাইয়ের মধ্যে মনমানিল্য হতো। এর ফলস্বরূপ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে (১৬) আটক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের আনন্দের মধ্যেই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ পাইলটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


বিয়ের আনন্দের মধ্যেই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ পাইলটের

বিয়ের অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়ার আনন্দ তখনো কাটেনি, নব দম্পতি নতুন জীবন শুরুর স্বপ্নে বিভোর ছিলেন। তবে সেই খুশির রেশ বেশিদিন স্থায়ী হলো না। হানিমুনে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ২৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত পাইলট ডেভ ফিজি প্রাণ হারান।

ডেল্টা এয়ারলাইন্সের এই ফার্স্ট অফিসারের পরিবার মূলত ভারতের কেরালার বাসিন্দা। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলটও নিহত হন, কিন্তু অলৌকিকভাবে ডেভের সদ্য বিবাহিত স্ত্রী জেসনি বেঁচে যান। পেশায় নার্স জেসনি বর্তমানে আটলান্টার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার, দীর্ঘ এক দশকের প্রেমের পর জর্জিয়ার ডসনভিলের একটি চার্চে প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে ধুমধাম করে ডেভ ও জেসনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিবাহোত্তর সংবর্ধনা শেষে, নবদম্পতি একটি রবিনসন আর-৬৬ হেলিকপ্টারে চড়ে আটলান্টার একটি হোটেলের উদ্দেশে রওনা হন, যেখানে তারা তাদের বিয়ের প্রথম রাত কাটানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই, বিয়ের অনুষ্ঠানস্থলের কাছাকাছি একটি প্রত্যন্ত জঙ্গলঘেরা এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে যায়। ঘন জঙ্গল হওয়ার কারণে উদ্ধারকারীদের দুর্ঘটনাস্থল খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়। প্রায় ছয় ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জেসনিকে উদ্ধার করা হয়েছে।

জেসনি জানান, জ্ঞান ফেরার পর তিনি দেখতে পান যে, ডেভ তার বুকে মাথা রেখে নিথর অবস্থায় পড়ে আছেন। নার্স হওয়ার কারণে ডেভের শরীর সম্পূর্ণ ঠান্ডা এবং রক্তাক্ত দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে তার স্বামী আর বেঁচে নেই।

সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ডেভ নিজে একজন পেশাদার বিমানচালক ছিলেন এবং উড্ডয়নের পূর্বে বৈরী আবহাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

ডেভের বাবা, জর্জ ফিজি জানান, আকাশে দৃশ্যমানতা বা ভিজিবিলিটি শূন্য থাকায় ডেভ হেলিকপ্টারের পাইলটকে উড্ডয়ন না করার অনুরোধ করেছিলেন। কিন্তু পাইলট তাকে আশ্বস্ত করে বলেছিলেন যে তারা অনেক উঁচুখালি দিয়ে উড়ে যাবেন। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই চূড়ান্ত বিপদের কারণ হয়ে দাঁড়াল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইতোমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত শুরু করেছে, তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর ক্ষমতায়নই দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


নারীর ক্ষমতায়নই দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতে হবে। সরকার ভবিষ্যতে বিদেশে রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে দুধ উৎপাদনের পরিধি বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারি : উন্নয়নের অগ্রযাত্রা’।

প্রতিমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। যদি নারীরা শক্তিশালী হন, তাহলে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। তিনি উল্লেখ করেন, দুগ্ধ খামারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ বর্তমান সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, দুগ্ধ খাতে নারীদের অংশগ্রহণ শুধু প্রশংসনীয় নয়, তাদের দক্ষতা উন্নয়নে আরও প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।

খামারিদের প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং বলেন, একজন সফল উদ্যোক্তা দেশের অর্থনীতির জন্য লাভজনক।

প্রতিমন্ত্রী বলেন, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রত্যয়কে ধারণ করে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

তিনি নির্দেশনা দেন যে, সবাই তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশকে আরও এগিয়ে নেওয়া এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%