ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, নিষেধ ছিল একটি গান


কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, নিষেধ ছিল একটি গান

সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তার নিজ বাসভবনে জেলজীবনের নানা স্মৃতি তুলে ধরতে গিয়ে উল্লেখ করেছেন যে, কারাগারে থাকার সময় নিয়মিত গানের আসর বসতো। সেই আসরের প্রধান শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম।

এছাড়া, বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্কুলজীবনের কিছু পুরোনো বন্ধুদের সঙ্গে আলাপকালে আইভী জানান, কারাগারে অনেক সময় সাংস্কৃতিক পরিবেশে বসতেন তারা। সেখানে মমতাজ বেগম বিভিন্ন গান পরিবেশন করতেন এবং বন্দিদের মন ভালো রাখার চেষ্টা করতেন।

আইভী জানিয়েছেন, ‘আমার ভাইয়েরে কইও নাইওর আনতো গিয়া’ এই গানটি গাইতে মমতাজকে নিষেধ করেছিলেন। কারণ, গানটি শুনলেই তার মনে পড়ে যেত সদ্যপ্রয়াত ছোট ভাই আহমদ আলী রেজা রিপনের কথা।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে রিপনের মৃত্যু ঘটে। এর পর এক মাস পর আইভীকে গ্রেপ্তার করা হয়।

আইভী বলেছেন, ভাইয়ের মৃত্যুর স্মৃতি এতটা তীব্র ছিল যে, ওই গান শুনলেই তিনি আবেগে ভাসতেন। সে কারণে তিনি মমতাজকে বলেছিলেন, "কারামুক্তির দিন চাইলে গানটি গাইতে পারবেন।" কাকতালীয়ভাবে, তার মুক্তির দিন বিকেলে কারাগারের গানের আসরে মমতাজ সেই গানটি পরিবেশন করেন, যদিও তখন আইভী জানতেন না যে, কয়েক ঘণ্টা পরই তিনি মুক্তি পেতে যাচ্ছেন।

জেলজীবনে তিনি একটি কবিতাও লিখেছেন, এবং সেই কবিতায় সুর দিয়েছেন মমতাজ বেগম।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উপযুক্ত সময়ে গানটি জনসমক্ষে পরিবেশন করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর

এক প্রশ্নের জবাবে আইভী হাস্যরসাত্মকভাবে বলেন, "আমি আবার কী কবিতা লিখি! খুব সাধারণ কিছু লেখা। মমতাজ আপা গুণী শিল্পী বলেই সেটাকে গান বানানোর চেষ্টা করেছেন।"

এ দিন বিকেল সাড়ে ৪টার দিকে আইভীর বাসভবনে দেখা করতে আসেন সাবেক নারী কাউন্সিলর মিনুয়ারা বেগমসহ কয়েকজন নেতাকর্মী। তাদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে ছোট ভাইয়ের স্মৃতি চারণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি আইভী। একসময় তিনি কান্নায় ভেঙে পড়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে বাস্তুচ্যুত মানুষের ঢল, সংকটে ইউএনআরডব্লিউএ আশ্রয়কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


দক্ষিণ লেবাননে বাস্তুচ্যুত মানুষের ঢল, সংকটে ইউএনআরডব্লিউএ আশ্রয়কেন্দ্র

লেবাননে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএর জরুরি আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গত কয়েক সপ্তাহে প্রায় দ্বিগুণ হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ইউএনআরডব্লিউএর তথ্য অনুযায়ী, দুই জুন পর্যন্ত লেবাননের সাইদন এলাকার সিবলিন প্রশিক্ষণ কেন্দ্র এবং নাহর আল-বারেদের বাত্তির স্কুলে থাকা দুটি জরুরি আশ্রয়কেন্দ্রে মোট ৬৬১টি পরিবারের ২১৪৮ জন নিবন্ধিত রয়েছে। এর আগের প্রতিবেদনে এই সংখ্যা ছিল ১২৬৪ জন। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সংস্থাটি বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া এলাকা ছাড়ার নির্দেশ এবং লিতানি নদীর দক্ষিণাঞ্চলে হামলা বেড়ে যাওয়ার কারণে মানুষের বাস্তুচ্যুতি দ্রুত বাড়ছে।

এদিকে ২৫ মে দক্ষিণ টাইরের রাশিদিয়েহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে একটি বিমান হামলায় পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও বৃষ্টির পানি নিষ্কাশনের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে নিরাপত্তা পরিস্থিতি এবং ভারী যন্ত্রপাতি প্রবেশে সীমাবদ্ধতার কারণে এখনো পুরো মেরামতের কাজ শেষ করা সম্ভব হয়নি।

এই হামলার পর রাশিদিয়েহ এবং পাশের আল-বুস শিবির থেকে বিপুলসংখ্যক মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই শিবিরের প্রায় ২৮ হাজার বাসিন্দার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ইতোমধ্যে অন্যত্র আশ্রয় নিয়েছে।

অন্যদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইউএনআরডব্লিউএর ২৬টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ১৪টি বন্ধ করে দিতে হয়েছে। বর্তমানে পুরো লেবাননে মাত্র ১২টি স্বাস্থ্যকেন্দ্র চালু রয়েছে, যা বিপুল সংখ্যক শরণার্থীর চিকিৎসা চাহিদা পূরণে চ্যালেঞ্জ তৈরি করছে।

শিক্ষা কার্যক্রমেও বড় ধরনের প্রভাব পড়েছে। ইউএনআরডব্লিউএর ৬০টি স্কুলের মধ্যে এখন মাত্র ৩৪টিতে সরাসরি ক্লাস চলছে। বাকি স্কুলগুলোতে দূরশিক্ষণ বা মিশ্র পদ্ধতিতে পাঠদান অব্যাহত রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, জরুরি পরিস্থিতি শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা ১ লাখ ৭১ হাজারের বেশি চিকিৎসা সেবা দিয়েছে। পাশাপাশি অন্তত ৬ হাজার বাস্তুচ্যুত মানুষকে মানসিক ও সামাজিক সহায়তাও প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয় ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয় ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক এবং কর্মমুখী শিক্ষায় যুক্ত করানোর লক্ষ্যে সারা দেশের ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। রোববার (৭ জুন) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৫ জুন) রাজধানীর ধানমন্ডির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে অনুষ্ঠিত ‘কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রায় আড়াই হাজার কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী শ্রমবাজারের প্রয়োজনীয় দক্ষতার অভাবের কারণে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই বাস্তবতা বিবেচনায় সরকার, আইসিটি বিভাগ, এটুআই এবং ইউনিসেফের সহযোগিতায় দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণ লাভ করবেন। এসব বিষয়ে পাঠদান নিশ্চিত করার জন্য ইতিমধ্যে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। তাদের মাধ্যমে পর্যায়ক্রমে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।

ড. আমানুল্লাহ বলেন, উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা, উদ্যোক্তা তৈরি করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য বাংলাদেশের মানবসম্পদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করা এই উদ্যোগের মুখ্য উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সংস্কার পরিকল্পনার বিভিন্ন দিকের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা চালু, শিল্প-একাডেমি সংযোগ বৃদ্ধি, নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ এবং পরিবেশ সুরক্ষায় ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের বিষয়টিও তুলে ধরা হয়।

উপাচার্য জানালেন, বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করা হয়েছে। এর আওতায় কলেজগুলোতে ভাষা ক্লাব গড়ে তোলা হচ্ছে যাতে শিক্ষার্থীরা চীনা, জাপানি, কোরীয়, স্প্যানিশ, ইতালীয় ও আরবি ভাষা শেখার সুযোগ পায়। তিনি ৪০ লাখ শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। আশা করা হচ্ছে, এ কর্মসূচির মাধ্যমে আগামী পাঁচ বছরে দুই কোটিরও বেশি গাছ রোপণ সম্ভব হবে।

তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিল্প-একাডেমি সংযোগের হার বর্তমানে ১০ শতাংশেরও কম। এই হার ২০৩০ সালের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, বিতর্ক এবং নৈতিক শিক্ষা কার্যক্রম জোরদার করে শিক্ষার্থীদের মানবিক এবং মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা‌র্কিন ভিসা প্রার্থী বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


মা‌র্কিন ভিসা প্রার্থী বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা

ঢাকার মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক‘ (উন্মুক্ত) করার নির্দেশনা দিয়েছে।

শুক্রবার (৫ জুন) মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে তারা সব অনভিবাসী ভিসা প্রার্থীদের উদ্দেশে এই বার্তা প্রদান করেছে।

নির্দেশনা অনুসারে, ৩০ মার্চ থেকে এ-৩ ও সি-৩ (যখন গৃহকর্মী), জি-৫, এইচ-৩ এবং এইচ-৪ ভিসাধারীদের ওপর নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

এ ছাড়া কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ এবং আর-১ ভিসাধারীদের ওপর নির্ভরশীল আর-২ ভিসা আবেদনকারীসহ এস, টি ও ইউ ভিসার জন্য আবেদনকারী সকল অনভিবাসী ভিসা প্রার্থীকেও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইলের প্রাইভেসি সেটিংস উন্মুক্ত রাখতে আইনি নির্দেশনা প্রদান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেয়া হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুবনেশ্বর নদে ভাসছিল কিশোরীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


ভুবনেশ্বর নদে ভাসছিল কিশোরীর মরদেহ

ফরিদপুরের সদরপুরে ভূবনেশ্বর নদ থেকে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার চরকৃষ্ণপুর এলাকার ভূবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা নদের পানিতে একটি কিশোরীর মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিয়াকে অবহিত করেন। তার মাধ্যমে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কিশোরীর বয়স আনুমানিক ১৪ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

 

 

সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান রিপন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, কিশোরীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%