বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:১৭ পি.এম
চলতি সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশে দ্বিতীয়বারের মতো একাধিক যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অন্তত ১০টি ফ্লাইটে এ ধরনের হুমকি পাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কিছু ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
চেক প্রজাতন্ত্রের পুলিশ জানায়, বোমা থাকার হুমকি পাওয়া চারটি বিমানে তল্লাশি চালানো হয়, কিন্তু কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
এদিকে, ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় একটি যাত্রীবাহী উড়োজাহাজকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। একইভাবে, নিরাপত্তা হুমকির কারণে ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি ফ্লাইটও নিরাপদে অবতরণ করে। তবে উড়োজাহাজ দুটির কোনোটিতেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, ডাবলিন থেকে রোমগামী একটি ফ্লাইটকেও সম্ভাব্য বোমা হামলার হুমকির বিষয়ে সতর্ক করেছিল বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবারও ইউরোপের অন্তত সাতটি ফ্লাইটে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। তবে সেসব উড়োজাহাজেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে সচেতন হওয়ার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি এডিস মশার প্রজননস্থল ধ্বংসের জন্য নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, "ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ জন্য সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।" তিনি উল্লেখ করেন যে, জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে তিনি রোগী, স্বজন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
রুহুল কবির রিজভী বলেন, "ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।" তিনি আরও বলেন, জ্বর হলে নিজে নিজে ওষুধ সেবন না করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, মানুষের জীবন রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন।
কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, "চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডেঙ্গু সেন্টারে আগের তুলনায় রোগীর সংখ্যা কমেছে।" তিনি জানান, বৃষ্টিপাত ও জমে থাকা পানির সঙ্গে ডেঙ্গুর সংক্রমণের সরাসরি সম্পর্ক রয়েছে। তিনি বলেন, "বৃষ্টির পানি জমে থাকলে এডিস মশার প্রজনন বাড়ে।" তাই ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল ও অন্যান্য পাত্রে পানি জমতে না দিয়ে দ্রুত পরিষ্কার করার আহ্বান জানান তিনি। নগরী পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও জানান, সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু সংক্রমণ বাড়লেও নভেম্বর মাসে বৃষ্টিপাত কমে আসায় সংক্রমণের হার ধীরে ধীরে কমার আশা করা হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের সতর্কতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার ওষুধের দোকান, পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন।
এ সময় তিনি ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে নিয়মিত বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ডাবের খোসা বা অন্য কোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন। অক্টোবর মাসের আইসিসির সেরা নারী ক্রিকেটার হওয়ার জন্য তিনি মনোনয়ন লাভ করেছেন। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে এই স্বীকৃতির প্রতিযোগিতায় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ভারতের দীপ্তি শর্মা এবং অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সোবহানা ব্যাট হাতে বিশেষভাবে নজর কাড়েন। বিশেষ করে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন। ব্রিসবেনে ১৩৪ বল মোকাবেলা করে ১১৮ রান করেন সোবহানা। এটি বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি। একইসাথে, এটি বাংলাদেশের নারী ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও।
সিরিজের পুরো সময়জুড়ে ৭৩.৭১ স্ট্রাইক রেটে সোবহানার ব্যাট থেকে এসেছে ১২৯ রান। তার এই অসাধারণ পারফরম্যান্সই তাকে আইসিসির মাসসেরার মনোনয়ন এনে দিয়েছে।
অন্যদিকে, এই লড়াইয়ে থাকা দুই ক্রিকেটারও অক্টোবর মাসে দুর্দান্ত ফর্মে ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দীপ্তি শর্মা ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই অবদান রেখেছেন। অপরদিকে, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড বাংলাদেশ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৯৯ রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছেন। তার অলরাউন্ড পারফরম্যান্সের ফলে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ৩-০ ব্যবধানে পরাজিত করে।
অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার দৌড়েও তিনজন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন, পাকিস্তানের আরাফাত মিনহাস এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন
নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্ট পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। এ সময় তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভয়াবহ বিপর্যয়ের জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান যুদ্ধকে সরাসরি দায়ী করেছেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে একটি শক্ত অবস্থান গ্রহণ করেছেন।
নির্বাচনে দলের পরাজয়ের পর ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে, রিপাবলিকান সমর্থকদের একটি বড় অংশ এবার ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়েছে। তিনি বলেন, ইরান যুদ্ধ, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ইসরায়েলের সঙ্গে মার্কিন সম্পর্কের পরিবর্তন চাওয়ার মনোভাব এই পরিবর্তনের পেছনে প্রধান কারণ।
ভ্যান্সের এই বক্তব্য ট্রাম্পের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প শুরু থেকেই ইরান যুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন, নিত্যপণ্যের দাম নিয়ে মার্কিন জনগণের উদ্বেগকে উপেক্ষা করেছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতিকে সমর্থন করেছেন।
সূত্রের খবর অনুযায়ী, ভ্যান্স পোস্টটি জনসম্মুখে আনার আগে ট্রাম্পের সঙ্গে শেয়ার করেছিলেন এবং ট্রাম্প এতে ইতিবাচক সায় দিয়েছিলেন। পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প স্বীকার করেন যে, ভ্যান্সের বিশ্লেষণ অনেকটাই সঠিক। তবে তিনি নিজের সিদ্ধান্তকে সঠিক দাবি করে বলেন, “আমাকে যদি আবার এই সিদ্ধান্ত নিতে হতো, আমি সেটাই করতাম।” ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও ভ্যান্সের বক্তব্যকে সমর্থন জানিয়ে পোস্টটি শেয়ার করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের উত্তরসূরি হিসেবে ভ্যান্সকে দেখা যেতে পারে। তবে এই বিপর্যয়ের পর তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ট্রাম্পের ম্যান্ডেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পথ তৈরি করছেন। এমনকি ট্রাম্প নিজেও ভ্যান্সের প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তার ইঙ্গিত দিয়ে বলেছেন, “হয়তো সে প্রার্থী নাও হতে পারে।”
উল্লেখ্য, ব্যক্তিগতভাবে শুরু থেকেই এই যুদ্ধের বিরুদ্ধে থাকা সত্ত্বেও এতদিন প্রকাশ্যে ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে আসছিলেন ভ্যান্স। তবে মধ্যবর্তী নির্বাচনে নিজের হোম স্টেট ওহাইওতে সাবেক সেনেট আসনটি ডেমোক্র্যাটদের কাছে হারানোসহ দেশজুড়ে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর দলের মধ্যকার এই বিভাজন স্পষ্ট রূপ নিল। সূত্র: দি নিউ ইয়র্ক টাইমস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ