ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: চসিক প্রশাসক


দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: চসিক প্রশাসক

চট্টগ্রাম, ৫ নভেম্বর, ২০২৬ : সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন তরুণ স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব ও অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করেছেন, যা নগরীতে বিভিন্ন ধরনের দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে।

তিনি উল্লেখ করেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগাম সতর্কবার্তা প্রচার, জনসচেতনতা সৃষ্টি এবং কমিউনিটি পর্যায়ে প্রস্তুতি জোরদারে প্রশিক্ষিত তরুণদের সম্পৃক্ত করা আবশ্যক। স্থানীয় সরকারের নিয়মিত দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে তাদের কার্যক্রম যুক্ত করা অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে ‘আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের কণ্ঠস্বর ও নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপদান’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সংলাপের আয়োজন করেছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।

আরও পড়ুন: কুবি ক্যাম্পাসে ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে আটক, মারধরের অভিযোগ

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমই নয়, বরং আগাম প্রস্তুতি ও সতর্কতাও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রশিক্ষিত তরুণ স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন মন্তব্য করেন, নিরাপদ, পরিকল্পিত ও পরিবেশবান্ধব চট্টগ্রাম গড়ে তোলা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নগরবাসী এবং তরুণ সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আল আমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিনাক্ষী, ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান এবং সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার জাবেদ মিয়াদাঁদ।

সংলাপে চট্টগ্রাম নগরের জন্য একটি সমন্বিত ডিজিটাল স্বেচ্ছাসেবক ডেটাবেজ তৈরির প্রস্তাব গুরুত্ব পায়। এই ডেটাবেজে স্বেচ্ছাসেবকদের অবস্থান, যোগাযোগের তথ্য, প্রশিক্ষণ ও দক্ষতার বিবরণ সংরক্ষণ করা হবে, যা দুর্যোগের সময় দ্রুত তাদের শনাক্ত করে কাজে লাগানোর জন্য সহায়ক হবে। পাশাপাশি মেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের উদ্যোগ তুলে ধরা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

অনুষ্ঠানে চট্টগ্রাম ও বাঁশখালী উপজেলার ১০৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ স্বেচ্ছাসেবকের মধ্যে সনদ ও পরিচয়পত্র বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বিজনেস ব্রেইন’ ও ‘জয়া’ দিয়ে ব্যবসা সামলাবে বিটোপিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


‘বিজনেস ব্রেইন’ ও ‘জয়া’ দিয়ে ব্যবসা সামলাবে বিটোপিয়া

ব্যবসাপ্রতিষ্ঠানের হিসাব-নিকাশ, উৎপাদন ও কর্মী ব্যবস্থাপনা থেকে শুরু করে অতিথি অভ্যর্থনা এবং তথ্যের নিরাপত্তা—সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া লিমিটেড চারটি নতুন প্রযুক্তি উন্মোচন করেছে এআইনির্ভর।

নতুন সমাধানগুলোর মধ্যে রয়েছে এআইভিত্তিক ব্যবসা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘বিজনেস ব্রেইন’, এআই রিসেপশনিস্ট ‘জয়া’, নিজস্ব এআই এজেন্ট ‘বেটো’ এবং ইনফারেন্স ক্লাউড ‘কিউসর’। এসব প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যবস্থাপনা, অতিথি অভ্যর্থনা, তথ্য সংরক্ষণ ও এআই মডেল পরিচালনার কাজ একই প্রযুক্তিগত পরিসরে আনার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ নতুন প্রযুক্তিগুলো প্রদর্শন করা হয়, যা বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সামিটের আয়োজন করে।

বিটোপিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন চারটি সমাধানের মূল লক্ষ্য হলো ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে এআইয়ের ব্যবহার বাড়ানো এবং ব্যবস্থাপনার একাধিক কাজ একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা। এর মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় কমানো, কাজের গতি বাড়ানো এবং তথ্য বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হবে।

নতুন সমাধানগুলোর মধ্যে ‘বিজনেস ব্রেইন’ মূলত এআই এজেন্টনির্ভর একটি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ব্যবস্থা। সাধারণত একটি প্রতিষ্ঠানের বিক্রয়, উৎপাদন, ক্রয়, সরবরাহব্যবস্থা, হিসাব, মজুত ও কর্মী ব্যবস্থাপনার তথ্য বিভিন্ন বিভাগে আলাদাভাবে সংরক্ষিত থাকে। বিজনেস ব্রেইনের মাধ্যমে এসব তথ্য একটি প্ল্যাটফর্মে সংরক্ষণ ও বিশ্লেষণ করা যাবে। প্রতিষ্ঠানের অনুমোদিত তথ্য পর্যালোচনা করে এআই এজেন্ট বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, সম্ভাব্য সমস্যা এবং পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দিতে পারবে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদন প্রয়োজন হবে।

অন্যদিকে প্রতিষ্ঠানের অভ্যর্থনা ও অতিথি ব্যবস্থাপনার কাজ সহজ করতে আনা হয়েছে ‘জয়া’ নামের এআই রিসেপশনিস্ট। এটি প্রতিষ্ঠানে আগত দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, অতিথি নিবন্ধন এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগের কাজ করতে সক্ষম। ফলে অভ্যর্থনাকেন্দ্রে নিয়মিত যেসব প্রশ্নের উত্তর দিতে হয় কিংবা অতিথিদের প্রাথমিক তথ্য ও সেবা দিতে হয়, সেসব কাজ প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা সম্ভব হবে। করপোরেট অফিসের পাশাপাশি হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক, হোটেল, বিশ্ববিদ্যালয় ও সরকারি দপ্তরেও এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে বলে জানিয়েছে বিটোপিয়া।

প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে নিজস্ব এআই এজেন্ট ‘বেটো’। বিটোপিয়ার দাবি, এটি ঢাকায় স্থাপিত নির্দিষ্ট গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) অবকাঠামোয় পরিচালিত হয়। ফলে ব্যবহারকারী প্রতিষ্ঠানের তথ্য দেশের ভেতরেই সংরক্ষণের সুযোগ রয়েছে। প্রয়োজনে প্রতিষ্ঠানের নিজস্ব ক্লাউড বা সার্ভারেও এ ধরনের এআই এজেন্ট পরিচালনা করা যাবে। প্রতিষ্ঠানটির দাবি, কোনো গ্রাহকের সরবরাহ করা তথ্য অন্য গ্রাহকের এআই মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয় না। এতে সংবেদনশীল ব্যবসায়িক তথ্যের নিয়ন্ত্রণ ও গোপনীয়তা বজায় রাখার সুযোগ তৈরি হবে।

এদিকে এআই মডেল পরিচালনার জন্য উন্মোচন করা হয়েছে ‘কিউসর’ নামের ইনফারেন্স ক্লাউড। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা সফটওয়্যার ডেভেলপারকে নিজস্ব জিপিইউ সার্ভার স্থাপন না করেই ক্লাউডভিত্তিক অবকাঠামোয় ওপেন সোর্স এআই মডেল ব্যবহারের সুযোগ দেওয়া হবে। ব্যবহারের পরিমাণ অনুযায়ী খরচ নির্ধারণের পাশাপাশি ড্যাশবোর্ডের মাধ্যমে মডেল ব্যবহারের পরিমাণ ও ব্যয়ের হিসাব দেখা যাবে। এপিআইয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন, চ্যাটবট ও এআই এজেন্টের সঙ্গেও এটি যুক্ত করা সম্ভব। বিটোপিয়ার তথ্য অনুযায়ী, কিউসরের সার্ভারও দেশের ভেতরে স্থাপিত।

প্রযুক্তি খাতে প্রায় ১৪ বছর ধরে কাজ করছে বিটোপিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এআইভিত্তিক নতুন সমাধান উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রযুক্তি খাতে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবার বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবার বোমা হামলার হুমকি

চলতি সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশে দ্বিতীয়বারের মতো একাধিক যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অন্তত ১০টি ফ্লাইটে এ ধরনের হুমকি পাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কিছু ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

চেক প্রজাতন্ত্রের পুলিশ জানায়, বোমা থাকার হুমকি পাওয়া চারটি বিমানে তল্লাশি চালানো হয়, কিন্তু কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

এদিকে, ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় একটি যাত্রীবাহী উড়োজাহাজকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। একইভাবে, নিরাপত্তা হুমকির কারণে ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি ফ্লাইটও নিরাপদে অবতরণ করে। তবে উড়োজাহাজ দুটির কোনোটিতেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, ডাবলিন থেকে রোমগামী একটি ফ্লাইটকেও সম্ভাব্য বোমা হামলার হুমকির বিষয়ে সতর্ক করেছিল বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবারও ইউরোপের অন্তত সাতটি ফ্লাইটে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। তবে সেসব উড়োজাহাজেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর

চট্টগ্রাম, ৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে সচেতন হওয়ার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি এডিস মশার প্রজননস্থল ধ্বংসের জন্য নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, "ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ জন্য সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।" তিনি উল্লেখ করেন যে, জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে তিনি রোগী, স্বজন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

রুহুল কবির রিজভী বলেন, "ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।" তিনি আরও বলেন, জ্বর হলে নিজে নিজে ওষুধ সেবন না করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, মানুষের জীবন রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন।

কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, "চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডেঙ্গু সেন্টারে আগের তুলনায় রোগীর সংখ্যা কমেছে।" তিনি জানান, বৃষ্টিপাত ও জমে থাকা পানির সঙ্গে ডেঙ্গুর সংক্রমণের সরাসরি সম্পর্ক রয়েছে। তিনি বলেন, "বৃষ্টির পানি জমে থাকলে এডিস মশার প্রজনন বাড়ে।" তাই ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল ও অন্যান্য পাত্রে পানি জমতে না দিয়ে দ্রুত পরিষ্কার করার আহ্বান জানান তিনি। নগরী পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

তিনি আরও জানান, সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু সংক্রমণ বাড়লেও নভেম্বর মাসে বৃষ্টিপাত কমে আসায় সংক্রমণের হার ধীরে ধীরে কমার আশা করা হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের সতর্কতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার ওষুধের দোকান, পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন।

এ সময় তিনি ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে নিয়মিত বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ডাবের খোসা বা অন্য কোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসির মাসসেরার মনোনয়নে সোবহানা মোস্তারি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


আইসিসির মাসসেরার মনোনয়নে সোবহানা মোস্তারি

বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন। অক্টোবর মাসের আইসিসির সেরা নারী ক্রিকেটার হওয়ার জন্য তিনি মনোনয়ন লাভ করেছেন। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে এই স্বীকৃতির প্রতিযোগিতায় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ভারতের দীপ্তি শর্মা এবং অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সোবহানা ব্যাট হাতে বিশেষভাবে নজর কাড়েন। বিশেষ করে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন। ব্রিসবেনে ১৩৪ বল মোকাবেলা করে ১১৮ রান করেন সোবহানা। এটি বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি। একইসাথে, এটি বাংলাদেশের নারী ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও।

সিরিজের পুরো সময়জুড়ে ৭৩.৭১ স্ট্রাইক রেটে সোবহানার ব্যাট থেকে এসেছে ১২৯ রান। তার এই অসাধারণ পারফরম্যান্সই তাকে আইসিসির মাসসেরার মনোনয়ন এনে দিয়েছে।

অন্যদিকে, এই লড়াইয়ে থাকা দুই ক্রিকেটারও অক্টোবর মাসে দুর্দান্ত ফর্মে ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দীপ্তি শর্মা ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই অবদান রেখেছেন। অপরদিকে, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড বাংলাদেশ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৯৯ রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছেন। তার অলরাউন্ড পারফরম্যান্সের ফলে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ৩-০ ব্যবধানে পরাজিত করে।

অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার দৌড়েও তিনজন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন, পাকিস্তানের আরাফাত মিনহাস এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%