০৪:৫৭ পি.এম
ছয়টি পদের বিপরীতে নিয়োগের তালিকায় উঠে এসেছে একটি বিশেষ ব্যক্তির ঘনিষ্ঠ চার আত্মীয়ের নাম।
এ কারণে পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার নিয়োগ সম্পর্কিত নানা প্রশ্ন উঠেছে।
কাছিপাড়া ইউনিয়নের চূড়ান্ত ও অপেক্ষমাণ তালিকায় থাকা চারজন সাবেক সমাজসেবা পরিদর্শক তোফাজ্জল হকের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন। তাদের নাম তাঁর সুপারিশের মাধ্যমে তালিকায় এসেছে বলেও অভিযোগ রয়েছে। তবে তোফাজ্জল হক এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।
আরও পড়ুন: বর্ষপূর্তিতে ম্যাগাজিন বর্ষবার্তা বের হচ্ছে
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের অধীনে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ফ্যামিলি কার্ড শুমারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য কাছিপাড়া ইউনিয়নে প্রকাশিত তালিকায় চারজনের নাম নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।
তালিকা পর্যালোচনা করার পর দেখা গেছে, তথ্য সংগ্রহকারী পদের প্রাথমিক নির্বাচিত তালিকার ১ নম্বরে রয়েছেন রাবেয়া বেগম। অপেক্ষমাণ তালিকার ২ নম্বরে রয়েছেন ডালিয়া পারভিন। সুপারভাইজার পদে চূড়ান্ত তালিকার ৪ নম্বরে রয়েছেন মো. অলিউল্লাহ ইসলাম। আর অপেক্ষমাণ তালিকার ৭ নম্বরে রয়েছেন ফারজানা আক্তার। অভিযোগ করা হচ্ছে, এই চারজনই সাবেক সমাজসেবা পরিদর্শক তোফাজ্জল হকের ঘনিষ্ঠ আত্মীয়।
নিয়োগের ফল প্রকাশের দিন এ বিষয়ে ‘Md. Kawsar Islam’ নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘নাটকীয় নিয়োগ, মোট নিলো লোক ৬ জন, তার মধ্যে ৪ জন একই বাড়ির বাহ।’
আরও পড়ুন: মদনে শিশু ধর্ষণ ও গর্ভধারণ মামলা, রায় ১১ নভেম্বর
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক সমাজসেবা পরিদর্শক তোফাজ্জল হক। তিনি বলেছেন, “আমি কারও জন্য কোনো সুপারিশ করিনি। আর আমার এত বড় ক্ষমতাও নেই যে কারও জন্য সুপারিশ করব। চারজনই আমার প্রতিবেশী। তারা আমার ঘনিষ্ঠ আত্মীয় নন, দূরসম্পর্কের আত্মীয়। এ বিষয়টি নিয়ে আমার নামে অপপ্রচার চালানো হয়েছে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি সালেহ আহমেদ জানিয়েছেন, "আমরা মেধা যাচাইক্রমেই নিয়োগ দিয়েছি। কে কোন আত্মীয় বা কার কী পরিচয়, তা আমাদের যাচাই করার সুযোগ বা এখতিয়ার ছিল না। তবে যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ দাখিল করেন, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন