১২:৩৭ এম
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধের জন্য বাজারসমূহ পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি তিনি সহ্য করবেন না বলে সতর্ক করেন।
আজ রোববার নগরীর দৌলতপুরের ৫ নম্বর ওয়ার্ড অফিস মিলনায়তনে ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের মাঠপর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। সভাটির সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। সভায় ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশাসক বলেন, নগরীর ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের সব বাজার নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে। দুপুরের পর বর্জ্য অপসারণ শুরুর পর রাতের মধ্যেই সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রতিদিন সকাল ও বিকেলে দুই দফায় সড়ক পরিষ্কার করা প্রয়োজন।
আরও পড়ুন: জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান, এক দশকের কাজের স্বীকৃতি
ওয়ার্ড সুপারভাইজারদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য হবে না। যদি কেউ দায়িত্ব পালনে দুর্নীতির আশ্রয় নেন, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরবাসীর করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিনা অনুমতিতে অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সভায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম প্রতিদিন সকালে ৭টা থেকে ১০টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই শিফটে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও পরিচ্ছন্নতাকর্মীদের ডিউটি পোশাক, পরিচয়পত্র ও সুরক্ষা সামগ্রী প্রদান, সড়ক ও ড্রেনে ময়লা না ফেলার ব্যাপারে সচেতনতামূলক র্যালি আয়োজন এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানার আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শারীরিকভাবে অক্ষম বয়োবৃদ্ধ শ্রমিকদের পরিবর্তে তাঁদের পরিবারের যোগ্য সদস্যদের নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে, বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ডের মাঠপর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে একই নির্দেশনা দিয়েছেন কেসিসি প্রশাসক।
আরও পড়ুন: কুড়িগ্রামে ৫৬৬ মন্দির-মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে এসআরবি-১৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন