ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত হিজাবি নারীর জয়, ইসরাইলে অর্থায়ন বন্ধের প্রতিশ্রুতি


নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত হিজাবি নারীর জয়, ইসরাইলে অর্থায়ন বন্ধের প্রতিশ্রুতি

গাজায় 'ইসরাইলের গণহত্যার অর্থায়ন বন্ধ' এবং গণতান্ত্রিক সমাজতন্ত্রের পক্ষে প্রচারণা চালানো ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রার্থী অ্যাবার কাওয়াস মঙ্গলবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনের কুইন্স এলাকার ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সমর্থন পাওয়ার পর কাওয়াস নিউইয়র্ক অঙ্গরাজ্যে নির্বাচিত প্রথম ফিলিস্তিনি মুসলিম নারী হিসেবে ইতিহাস গড়েছেন। তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে নিউইয়র্কে জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন।

প্রাইমারিতে বিজয়ী কাওয়াস তার প্রচারণায় অভিবাসনব্যবস্থার সংস্কার এবং নিউইয়ার্কের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের আহ্বান জানালেন শামা

তার এই জয় আসে জোহরান মামদানির ধারাবাহিক তিনটি গুরুত্বপূর্ণ প্রাইমারি জয়ের পর। ডেমোক্র্যাটিক পার্টিকে একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক শক্তিতে রূপান্তরের প্রচেষ্টার অংশ হিসেবে মামদানি এসব নির্বাচনে অংশ নিয়েছিলেন।

কাওয়াসের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে, তিনি মামদানির সঙ্গে মিলে "Not On Our Dime!" নামে একটি প্রচারণা গড়ে তোলা ও চালু করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। এই উদ্যোগের লক্ষ্য হলো নিউইয়র্কে নিবন্ধিত বিভিন্ন সংস্থার মাধ্যমে ইসরাইলকে অর্থ প্রদান বন্ধ করা।

প্রচারণাটির ওয়েবসাইটে দাবি করা হয়েছে, নিউইয়র্ক অঙ্গরাজ্য 'ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতায়' ভর্তুকি দিচ্ছে। তাদের স্লোগান হলো— "ইসরাইলি যুদ্ধাপরাধে নিউইয়র্কের অর্থায়ন বন্ধ করো।"

ওয়েবসাইটটিতে পশ্চিম তীর ও গাজায় 'গণহত্যার কৌশল' প্রয়োগের অভিযোগ তুলে ইসরাইলের বিরুদ্ধে 'জঘন্য নৃশংসতার' কথা বলা হয়েছে। তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে নিহত ফিলিস্তিনিদের প্রসঙ্গ উল্লেখ করা হলেও ৭ অক্টোবরের হামলার বিষয়টি সেখানে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: লখনউয়ের মসজিদ ও মাদরাসায় নোটিশ জারি করেছে আদালত

এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিল নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠান-সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব দেয়। এতে বলা হয়, অলাভজনক সংস্থাগুলোকে 'ইসরাইলি বসতি কার্যক্রমে অননুমোদিত সহায়তা প্রদান' থেকে বিরত রাখতে হবে।

মামদানি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিউইয়র্কভিত্তিক বিভিন্ন দাতব্য সংস্থা থেকে প্রতি বছর ইসরাইলি বসতিগুলোতে যাওয়া প্রায় ৬ কোটি ডলারের অর্থপ্রবাহ বন্ধ হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতিকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।

প্রস্তাবিত বিল অনুযায়ী, নিউইয়র্কের কোনো সিনাগগ বা ইহুদি প্রতিষ্ঠান যদি ZAKA, United Hatzalah বা One Israel Fund-কে অর্থ সহায়তা দেয়, তাহলে তাদের কমপক্ষে ১০ লাখ ডলার জরিমানা গুনতে হতে পারে অথবা আইনি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকবে।

আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ: প্যারিসে পুলিশের সাথে সংঘর্ষ, গ্রেপ্তার ১৩৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পাবনার আর আতাইকুলা ইউনিয়ন ভূমি অফিস

ঝাড়ুদার করছেন অফিস সহায়কের কাজ, নিচ্ছেন অনৈতিক সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


ঝাড়ুদার করছেন অফিস সহায়কের কাজ, নিচ্ছেন অনৈতিক সুবিধা

পাবনার সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়ন ভূমি অফিসে ঝাড়ুদার পদে অস্থায়ী নিয়োগপ্রাপ্ত হাসান আলী খাঁ অফিস সহায়কের চেয়ারে বসে কম্পিউটারের কাজ করছেন। তিনি সেবা নিতে আসা মানুষের কাছ থেকে নিচ্ছেন অনৈতিক সুবিধা। মাসে মাত্র ৩ হাজার টাকায় ঝাড়ুদারের চাকরি করে তিনি গ্রামে বিলাসবহুল একটি বাড়ি নির্মাণ করেছেন।

হাসানের গ্রামের বাড়ি আতাইকুলা বাজার এলাকার রঘুনাথপুর গ্রামে গেলে তার কোটি টাকা ব্যয়ে নির্মিত একতলা বিলাসবহুল বাড়ির সন্ধান পাওয়া যায়।

গত মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়ন ভূমি অফিসে এক অভিযোগের ভিত্তিতে গেলে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি গায়ে হাসান আলী খাঁ অফিসে কাজ করছেন। তিনি আতাইকুলা ইউনিয়নের মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজ থেকে ২০২১ সালে এইচ.এস.সি পাস করেছেন এবং চাকরি করছেন ঝাড়ুদার পদে।

আর আতাইকুলা ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০১৭ সালে তিনি ঝাড়ুদার পদে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কিন্তু জনবল সংকট থাকার কারণে তার চাকরির প্রথম থেকেই তিনি ঝাড়ুদারের পাশাপাশি অফিস সহায়কের কাজও করছেন। কাজের সুবাধে সাধারণ মানুষের কাছ থেকে নানা অযুহাত দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে।

ভুক্তভোগী মো. নবী অভিযোগ করেন, 'প্রায় ৯ বছর আগে অস্থায়ী ঝাড়ুদার হিসেবে যোগদানের পর হাসান অফিস সহায়কের কম্পিউটারে বসে বিভিন্ন অনলাইন আবেদনের কাজ করছেন। ওই অঞ্চলের সেবা গ্রহণকারী বেশিরভাগ কৃষক সহজ-সরল। সাধারণ কৃষকের সরলতার সুযোগ নিয়ে তিনি জমির কাগজপত্রে বিভিন্ন ভুল দেখিয়ে তাদেরকে হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এবং বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।'

এছাড়া অন্য একটি ভুক্তভোগী আতাইকুলার শরিফুল ইসলাম জানান, 'আমার বাবা ও মায়ের নামে ক্রয়কৃত সম্পত্তির খাজারা না দেওয়ার কারণে খাস খতিয়ানে চলে যায়। কিছু লোক খাস খসলিয়ান দেখে লিজ নেওয়ার জন্য আবেদন করে। আমি বাধ্য হয়ে ভূমি অফিসে গিয়ে হাসানের সঙ্গে পরিচয় করি। হাসান দাবি করেন যে আমাকে খাস আদায়কারী হিসাবে আদেশ নিয়ে দিবেন, ১ লাখ টাকা দেবেন। দেন-দরবার শেষে ৬৫ হাজার টাকায় সমঝোতা হয়ে হাসানকে টাকা দিই। কিন্তু তিনি কোন রশিদ দেননি। সহকারী কমিশনার ভূমি অফিসে গিয়ে জানতে পারি হাসান কোন টাকা জমা দেয়নি।'

হাসান আলী খাঁ বলেন, 'স্যারদের মৌখিক নির্দেশে আমি চাকরির শুরু থেকেই কম্পিউটারে কাজ করি এবং ঝাড়ুদারের দায়িত্বও পালন করি।' তিনি আরো বলেন, '২০১৭ সালে ঝাড়ুদার পদে চাকরি করি, এখনো স্থায়ী হয়নি। ২০১৬ সাল থেকে আমার কম্পিউটার জানায়, স্যাররা আমাকে কাজ করান।'

বিলাসবহুল বাড়ি নির্মাণের প্রসঙ্গে তিনি বলেন, 'জমি বিক্রি ও পেঁয়াজ ও রসুনের ব্যবসা করে বাড়ি করেছি। দুর্নীতির অভিযোগে বলি, আমি অফিসের কাজ করি। টাকা নিয়ে কাজ করি না।'

আর আতাইকুলা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. নজুরুল ইসলাম বলেন, 'হাসান ঝাড়ুদার হিসেবে অস্থায়ী নিয়োগে ৩ হাজার টাকা বেতনে কাজ করেন। জনবল সংকটের কারণে তাকে কম্পিউটারের কাজ করানো হচ্ছে।'

সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান বলেন, 'বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলে-মেয়ে উভয়ের অধিকার সমান হলে ছেলেদের শিক্ষা কেন অবৈতনিক করা হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


ছেলে-মেয়ে উভয়ের অধিকার সমান হলে ছেলেদের শিক্ষা কেন অবৈতনিক করা হচ্ছে না

বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকা এমন একটি প্রশ্ন তুলেছেন, যে ছেলে-মেয়ে উভয়ের অধিকার যদি সমান হয়, তাহলে ছেলেদের শিক্ষার ক্ষেত্রে কেন অবৈতনিক করা হচ্ছে না।

তিনি বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় এ মন্তব্য করেন।

নুরুন্নিসা সিদ্দীকা বলেন, 'গত তিন দশক ধরে নারী শিক্ষার ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীরা শিক্ষায় বেশ এগিয়েছে। কেবল নারীরাই কি এদেশের নাগরিক, ছেলেরা নয়? ছেলে-মেয়ে উভয়ের অধিকার যদি সমান হয় তাহলে ছেলেদের শিক্ষার ক্ষেত্রে কেন অবৈতনিক করা হচ্ছে না।'

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষায় অবৈতনিকের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করা হয়েছে, যা অন্য দেশের তুলনায় পিছিয়ে। সরকারি প্রাথমিক স্কুলে খাবার এবং পোশাক দেওয়া হবে। কিন্তু দেশে সরকারির তুলনায় বেসরকারি স্কুলে অধিক সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করছে। তাহলে তাদের প্রতি কেন বৈষম্য থাকবে?

এ সময় তিনি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জীবন ও কর্মক্ষেত্রে বৈষম্যের সমাধানের জন্যও আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুমি এই দিনে পৃথিবীতে এসেছিলে...

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


তুমি এই দিনে পৃথিবীতে এসেছিলে...

 

‘এমন একটা কিছুই আমরা চাইছিলাম, যাতে গ্রুপের শেষ ম্যাচের আগে নির্ভার থাকতে পারি’—ম্যাচ শেষে বলছিলেন লিওনেল মেসি। ২৭ জুন (বাংলাদেশ সময় ২৮ জুন সকাল ৮টা) গ্রুপের সেই শেষ ম্যাচের আগে মেসির জন্মদিনও জমকালো উদযাপনের পথ খুঁজে নিয়েছে।

অস্ট্রিয়া ম্যাচের জয় এবং মেসির রেকর্ড ভাঙা গোল—এ সব কিছুই এখন কতইনা আনন্দময় করে তুলেছে আজ তাঁর জন্মদিনটিকে। তিনি ৩৯-এ পা রাখছেন। এমন সব অর্জনের সঙ্গে এই বয়সটা মেলালেই তা আরো অবিশ্বাস্য, মহিমাময় হয়ে উঠছে। অথচ সব কিছু উল্টে যেতে পারত, সেভাবেই তো শুরু হয়েছিল ম্যাচটি।

মেসি পেনাল্টি মিস করলেন! একটি বাজে দিন যাওয়ার জন্য এর বেশি আর কী লাগে। পরে ম্যাচ শেষে নিজেই বলছিলেন, ‘যেভাবে রেকর্ডটা হলো, অসাধারণ! ওই পেনাল্টিটা মিস না হলে হয়তো পরের দুটি গোল পাওয়া হতো না। আমি ভীষণ খুশি, নিজের পারফরম্যান্স ও দলের জয় নিয়ে।’ মেসিকে এমন খুশি আসলে খুব কমই দেখা যায়।

ম্যাচ শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মেসি অনেক কথা বললেন, এরপর এলেন মিক্সড জোনে। আর্জেন্টিনাসহ গোটা বিশ্বের সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। মেসি একের পর এক ডাকে সাড়া দিতে থাকলেন, তিনি সময় নিয়ে সবার প্রশ্নের জবাব দিচ্ছিলেন। টিম ম্যানেজমেন্ট থেকে বরং তাড়া দেওয়া হলো বাস ছেড়ে যাচ্ছে বলে। মেসিকে এমন প্রাণবন্ত তাঁর কাছের সাংবাদিকরাও খুব কম দেখেছেন।

নিজের রেকর্ড গড়া গোলটি সম্পর্কে মেসি খোলামেলা জানান, ‘আমি সব সময়ই নেগ্রোকে (থিয়াগো আলমাদা, প্রথম গোলের সময় যিনি বাঁ প্রান্তে ফাকুন্দো মেদিনাকে বল বাড়িয়েছিলেন। এরপর নিজেও ওপরে উঠে এসে জায়গা নেন মেদিনা ও মেসির মাঝামাঝি। মেদিনার কাটব্যাকে ডামি করে বল ছেড়ে দেন মেসির পায়ে) বলি, ফিরতি পাসটা যেন পাই, আমি ঠিক জায়গামতো থাকব। সে আজকে অসাধারণভাবেই সেটা করেছে। আমাকে উঠে আসতে দেখেছে, এনসো তার মার্কারকে টেনে নিয়ে গেছে একদিকে, লাউতারো নিয়ে গেছে তার মার্কারকে; আমার জন্য জায়গা তৈরি হয়েছে। সেই পুরনো দিনের কথা মনে হচ্ছিল, যখন ইহোর্দি (সাবেক বার্সেলোনা লেফট ব্যাক ইহোর্দি আলবা) আমাকে এ ধরনের পাস বাড়াত। আজ পুরো কৃতিত্বটাই তাই মেদিনার।’

মেসি সেই বার্সার দিন ফিরিয়ে আনছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে, দুই ম্যাচে পাঁচ গোলের রহস্য তো সেখানেই। সেখানে পেনাল্টি মিসের ঘটনায় নিজের ওপর ভীষণ রাগ হয়েছিল বলেও জানিয়েছেন ‘মিক্সড’ জোনের সেই প্রতিক্রিয়ায়, ‘এর আগেও আমি বলেছিলাম, আমি খুব উপভোগ করছি খেলাটা, মাঠে বেশ ভালো সময় কাটছে। সেখানে ওই পেনাল্টি মিসে আমার নিজের ওপরই খুব রাগ হচ্ছিল, খুব বাজে মেরেছিলাম। সৌভাগ্য যে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা আমরা জিততে পেরেছি।’

দলের এই জয় নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনিই, ‘সত্যিই খুব খুশি, বিশেষ করে এই জয়টার জন্য। কারণ অনেক কঠিন ম্যাচ ছিল। আর আমরা জানতামও এই ম্যাচে এক মুহূর্তের জন্য আমাদের মনোযোগ হারানো চলবে না। সেটা আমরা পেরেছি এবং আমাদের যে লক্ষ্য ছিল নক আউট পর্ব নিশ্চিত করা, সেটিও হয়েছে। কিন্তু এই বিশ্বকাপটা যেভাবে এগোচ্ছে, জানেন যে কারও জন্য কোনো কিছুই নিশ্চিত নয়। আজও আমাদের সেই কঠিন পরীক্ষাটাই পার হতে হয়েছে। লম্বা সময় আমাদের বলের দখল রাখা সম্ভব হচ্ছিল না, ম্যাচ অনেক গতিময় হয়ে উঠছিল—এ সবকিছুর সঙ্গে তাল মিলিয়েই আমরা পারফর্ম করেছি। পুরো টুর্নামেন্টেও তাই করতে চাই।’

কোচ লিওনেল স্কালোনির চোখে এই পারফরম্যান্স মেসিকেন্দ্রিক, ‘যখন লিও ভালো খেলে, তখন পুরো দলই ভালো খেলে। এটি দলেরও কৃতিত্ব। তবে আবার দল যখন ছন্দ পায় না, তখন লিও বাড়তি পরিশ্রম করে, নিজেই বলের জন্য যায়, গোলের চেষ্টা করে। সে দলের জন্য নিবেদিত। আর সে যা করে তার তুলনা নেই।’ টিওয়াইসি স্পোর্টসের কলামিষ্ট আন্তোনিও সারপা তাই লিখেছেন, ‘সবাই মেসির জন্য আর মেসি সবার জন্য।’ মেসি প্রশংসায় ভাসছেন এই মুহূর্তে আসলে সব দিক থেকেই। ম্যাচ শেষে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিকও যেমন বলেছেন, ‘৩৯ বছর বয়সেও কেউ যদি দুই গোল করে আর বিশ্বকাপের শুরুতেই পাঁচ গোল পেয়ে যায়, সেটিই আসলে পার্থক্য গড়ে দেয়। মেসি প্রমাণ করেছে, সে-ই সেরা। ম্যাচ ঘুরিয়ে দিতে খুব বেশি সুযোগেরও দরকার হয় না তার।’ প্রতিপক্ষের জন্য মেসি আসলে নিয়তি, তাঁকে থামানোর জন্য প্রার্থনা ছাড়া কোনো উপায় বোধ হয় জানা নেই কোচদের কাছেও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাইয়ে বন ও বন্যপ্রাণী আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


কাপ্তাইয়ে বন ও বন্যপ্রাণী আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জেলার কাপ্তাইয়ে বন ও বন্যপ্রাণী আইন সম্পর্কিত একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে এই কর্মশালাটি বন বিভাগের আয়োজনে কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়, যেখানে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার এবং ফরেস্টাররা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।

কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সদর রেঞ্জার দীপন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার উল্লেখ করেন, বন ও বন্যপ্রাণী সংক্রান্ত নীতিমালা ও আইন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি।

তিনি জানালেন, ২০২৬ সালের জন্য বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা সম্পর্কিত কিছু নতুন নীতি ও বিধান প্রণয়ন করা হয়েছে।

তিনি এসব আইন ও নীতিমালা যথাযথভাবে জানা এবং অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন করে তা মাঠ পর্যায়ে কাজে লাগানোর আহ্বান জানান।

প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারী ২৫ জন ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%