ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

তুমি এই দিনে পৃথিবীতে এসেছিলে...


তুমি এই দিনে পৃথিবীতে এসেছিলে...

 

‘এমন একটা কিছুই আমরা চাইছিলাম, যাতে গ্রুপের শেষ ম্যাচের আগে নির্ভার থাকতে পারি’—ম্যাচ শেষে বলছিলেন লিওনেল মেসি। ২৭ জুন (বাংলাদেশ সময় ২৮ জুন সকাল ৮টা) গ্রুপের সেই শেষ ম্যাচের আগে মেসির জন্মদিনও জমকালো উদযাপনের পথ খুঁজে নিয়েছে।

অস্ট্রিয়া ম্যাচের জয় এবং মেসির রেকর্ড ভাঙা গোল—এ সব কিছুই এখন কতইনা আনন্দময় করে তুলেছে আজ তাঁর জন্মদিনটিকে। তিনি ৩৯-এ পা রাখছেন। এমন সব অর্জনের সঙ্গে এই বয়সটা মেলালেই তা আরো অবিশ্বাস্য, মহিমাময় হয়ে উঠছে। অথচ সব কিছু উল্টে যেতে পারত, সেভাবেই তো শুরু হয়েছিল ম্যাচটি।

আরও পড়ুন: বন্যার্তদের দুর্দশা লাঘবে উদ্যোগ গ্রহণের ঘোষণা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রীর

মেসি পেনাল্টি মিস করলেন! একটি বাজে দিন যাওয়ার জন্য এর বেশি আর কী লাগে। পরে ম্যাচ শেষে নিজেই বলছিলেন, ‘যেভাবে রেকর্ডটা হলো, অসাধারণ! ওই পেনাল্টিটা মিস না হলে হয়তো পরের দুটি গোল পাওয়া হতো না। আমি ভীষণ খুশি, নিজের পারফরম্যান্স ও দলের জয় নিয়ে।’ মেসিকে এমন খুশি আসলে খুব কমই দেখা যায়।

ম্যাচ শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মেসি অনেক কথা বললেন, এরপর এলেন মিক্সড জোনে। আর্জেন্টিনাসহ গোটা বিশ্বের সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। মেসি একের পর এক ডাকে সাড়া দিতে থাকলেন, তিনি সময় নিয়ে সবার প্রশ্নের জবাব দিচ্ছিলেন। টিম ম্যানেজমেন্ট থেকে বরং তাড়া দেওয়া হলো বাস ছেড়ে যাচ্ছে বলে। মেসিকে এমন প্রাণবন্ত তাঁর কাছের সাংবাদিকরাও খুব কম দেখেছেন।

নিজের রেকর্ড গড়া গোলটি সম্পর্কে মেসি খোলামেলা জানান, ‘আমি সব সময়ই নেগ্রোকে (থিয়াগো আলমাদা, প্রথম গোলের সময় যিনি বাঁ প্রান্তে ফাকুন্দো মেদিনাকে বল বাড়িয়েছিলেন। এরপর নিজেও ওপরে উঠে এসে জায়গা নেন মেদিনা ও মেসির মাঝামাঝি। মেদিনার কাটব্যাকে ডামি করে বল ছেড়ে দেন মেসির পায়ে) বলি, ফিরতি পাসটা যেন পাই, আমি ঠিক জায়গামতো থাকব। সে আজকে অসাধারণভাবেই সেটা করেছে। আমাকে উঠে আসতে দেখেছে, এনসো তার মার্কারকে টেনে নিয়ে গেছে একদিকে, লাউতারো নিয়ে গেছে তার মার্কারকে; আমার জন্য জায়গা তৈরি হয়েছে। সেই পুরনো দিনের কথা মনে হচ্ছিল, যখন ইহোর্দি (সাবেক বার্সেলোনা লেফট ব্যাক ইহোর্দি আলবা) আমাকে এ ধরনের পাস বাড়াত। আজ পুরো কৃতিত্বটাই তাই মেদিনার।’

মেসি সেই বার্সার দিন ফিরিয়ে আনছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে, দুই ম্যাচে পাঁচ গোলের রহস্য তো সেখানেই। সেখানে পেনাল্টি মিসের ঘটনায় নিজের ওপর ভীষণ রাগ হয়েছিল বলেও জানিয়েছেন ‘মিক্সড’ জোনের সেই প্রতিক্রিয়ায়, ‘এর আগেও আমি বলেছিলাম, আমি খুব উপভোগ করছি খেলাটা, মাঠে বেশ ভালো সময় কাটছে। সেখানে ওই পেনাল্টি মিসে আমার নিজের ওপরই খুব রাগ হচ্ছিল, খুব বাজে মেরেছিলাম। সৌভাগ্য যে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা আমরা জিততে পেরেছি।’

আরও পড়ুন: বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ পদত্যাগের আগের রাতে

দলের এই জয় নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনিই, ‘সত্যিই খুব খুশি, বিশেষ করে এই জয়টার জন্য। কারণ অনেক কঠিন ম্যাচ ছিল। আর আমরা জানতামও এই ম্যাচে এক মুহূর্তের জন্য আমাদের মনোযোগ হারানো চলবে না। সেটা আমরা পেরেছি এবং আমাদের যে লক্ষ্য ছিল নক আউট পর্ব নিশ্চিত করা, সেটিও হয়েছে। কিন্তু এই বিশ্বকাপটা যেভাবে এগোচ্ছে, জানেন যে কারও জন্য কোনো কিছুই নিশ্চিত নয়। আজও আমাদের সেই কঠিন পরীক্ষাটাই পার হতে হয়েছে। লম্বা সময় আমাদের বলের দখল রাখা সম্ভব হচ্ছিল না, ম্যাচ অনেক গতিময় হয়ে উঠছিল—এ সবকিছুর সঙ্গে তাল মিলিয়েই আমরা পারফর্ম করেছি। পুরো টুর্নামেন্টেও তাই করতে চাই।’

কোচ লিওনেল স্কালোনির চোখে এই পারফরম্যান্স মেসিকেন্দ্রিক, ‘যখন লিও ভালো খেলে, তখন পুরো দলই ভালো খেলে। এটি দলেরও কৃতিত্ব। তবে আবার দল যখন ছন্দ পায় না, তখন লিও বাড়তি পরিশ্রম করে, নিজেই বলের জন্য যায়, গোলের চেষ্টা করে। সে দলের জন্য নিবেদিত। আর সে যা করে তার তুলনা নেই।’ টিওয়াইসি স্পোর্টসের কলামিষ্ট আন্তোনিও সারপা তাই লিখেছেন, ‘সবাই মেসির জন্য আর মেসি সবার জন্য।’ মেসি প্রশংসায় ভাসছেন এই মুহূর্তে আসলে সব দিক থেকেই। ম্যাচ শেষে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিকও যেমন বলেছেন, ‘৩৯ বছর বয়সেও কেউ যদি দুই গোল করে আর বিশ্বকাপের শুরুতেই পাঁচ গোল পেয়ে যায়, সেটিই আসলে পার্থক্য গড়ে দেয়। মেসি প্রমাণ করেছে, সে-ই সেরা। ম্যাচ ঘুরিয়ে দিতে খুব বেশি সুযোগেরও দরকার হয় না তার।’ প্রতিপক্ষের জন্য মেসি আসলে নিয়তি, তাঁকে থামানোর জন্য প্রার্থনা ছাড়া কোনো উপায় বোধ হয় জানা নেই কোচদের কাছেও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাইয়ে বন ও বন্যপ্রাণী আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


কাপ্তাইয়ে বন ও বন্যপ্রাণী আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জেলার কাপ্তাইয়ে বন ও বন্যপ্রাণী আইন সম্পর্কিত একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে এই কর্মশালাটি বন বিভাগের আয়োজনে কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়, যেখানে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার এবং ফরেস্টাররা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।

কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সদর রেঞ্জার দীপন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার উল্লেখ করেন, বন ও বন্যপ্রাণী সংক্রান্ত নীতিমালা ও আইন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি।

তিনি জানালেন, ২০২৬ সালের জন্য বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা সম্পর্কিত কিছু নতুন নীতি ও বিধান প্রণয়ন করা হয়েছে।

তিনি এসব আইন ও নীতিমালা যথাযথভাবে জানা এবং অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন করে তা মাঠ পর্যায়ে কাজে লাগানোর আহ্বান জানান।

প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারী ২৫ জন ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের হোহাই ইউনিভার্সিটি থেকে রুবাইয়াত শবনম অনিকার কৃতিত্বপূর্ণ মাস্টার্স ডিগ্রি অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


চীনের হোহাই ইউনিভার্সিটি থেকে রুবাইয়াত শবনম অনিকার কৃতিত্বপূর্ণ মাস্টার্স ডিগ্রি অর্জন

চীনের ঐতিহ্যবাহী ও বিখ্যাত হোহাই ইউনিভার্সিটি (Hohai University) থেকে সফলতার সঙ্গে 'মাস্টার অব ইন্টারন্যাশনাল ট্রেড' (ইকোনমিকস ফোকাস) ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের কৃতি শিক্ষার্থী রুবাইয়াত শবনম অনিকা।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমকালো এক সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মানসূচক ডিগ্রি তুলে দেওয়া হয়েছে।

রুবাইয়াত শবনম অনিকার এই গৌরবময় অর্জনে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

শিক্ষাজীবনে মেধার স্বাক্ষর রাখা অনিকার একাডেমিক প্রজেক্ট এবং গবেষণার ক্ষেত্রটি ছিল চমৎকার ও যুগোপযোগী। তার থিসিসের মূল বিষয় ছিল— 'রিসার্চ অন দ্য ইমপ্যাক্ট অব বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) অন বাংলাদেশ ট্রেড' (Research on the Impact of Belt and Road Initiative (BRI) on Bangladesh Trade)।

গবেষণায় তিনি দক্ষতার সঙ্গে ডেটা অ্যানালাইসিস (উপাত্ত বিশ্লেষণ) পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য বৃদ্ধির মূল নিয়ামক বা চালিকাশক্তি চিহ্নিত করেছেন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ধারা, অর্থনৈতিক সহযোগিতা এবং এর নীতিনির্ধারণী প্রভাব (Policy Implications) নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর বিশ্লেষণ তুলে ধরেছেন তার গবেষণায়। তার এই কাজ একাডেমিক মহলেও বেশ প্রশংসিত হয়েছে।

আন্তর্জাতিক এই বিদ্যাপীঠে পড়তে যাওয়ার আগে রুবাইয়াত শবনম অনিকা রাজধানী ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ (BBA) সম্পন্ন করেন। সেখানেও তিনি তার মেধার স্বাক্ষর রেখেছিলেন।

মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত ও গর্বিত অনিকার পরিবার।

উল্লেখ্য, অনিকার বাবা বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক ও লেখক হুমায়ূন কবীর ঢালী এবং মা বিশিষ্ট প্রকাশক গুলশান আরা বাবলী।

মেয়ের এই সাফল্যে অনিকার বাবা-মা বলেন, আজ আমাদের জীবনের অন্যতম একটি আনন্দের এবং গর্বের দিন। অনিকার এই কঠোর পরিশ্রম এবং সাফল্যের জন্য আমাদের পরিবার অত্যন্ত গর্বিত। আমরা ওর ভবিষ্যতের নতুন পথচলার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।

আন্তর্জাতিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চশিক্ষা ও প্রায়োগিক জ্ঞান অর্জন করে রুবাইয়াত শবনম অনিকা আগামী দিনে বাংলাদেশ তথা বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবিতে শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


শাবিপ্রবিতে শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিসের কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. খায়রুল ইসলাম উল্লেখ করেন, শিক্ষাদানে উৎকর্ষতা অর্জন, মানসম্মত গবেষণা এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে এই ধরনের ফাউন্ডেশন ট্রেনিং অত্যন্ত সময়োপযোগী। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শিক্ষকম-লীকে এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।

অধিপ্রায়োগিক এই উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই কর্মশালায় শিক্ষাদান পদ্ধতি, আধুনিক গবেষণা কৌশল এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত থেকে আবারও আসছে ট্রেনের বগি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


ভারত থেকে আবারও আসছে ট্রেনের বগি

ভারত থেকে আবারও রেল কোচ (বগি) আমদানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুলাই মাসে প্রায় ২০টি রেল কোচের একটি চালান রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে, এ তথ্য জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি হবে বাংলাদেশের প্রথম রেল কোচ রপ্তানি।

এর আগে বাংলাদেশকে ১২০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রড-গেজ লোকোমোটিভ এবং ১০টি মিটার-গেজ লোকোমোটিভ সরবরাহ করেছে নয়াদিল্লি।

ভারতীয় রেলওয়ের রপ্তানি সংস্থা (আরআইটিইএস) বর্তমানে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহের একটি চুক্তি বাস্তবায়ন করছে। এ কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে নির্মাণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ৯১৫ কোটি রুপির এই প্রকল্পটি ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দেওয়া হয়। ওই প্রকল্পের আওতায় ঢাকাকে নতুন চালান সরবরাহ করবে নয়াদিল্লি।

প্রকল্পসংশ্লিষ্ট ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ‘নতুন চুক্তির আওতায় প্রথম রেকটি জুলাই মাসে প্রস্তুত হবে। কোচগুলো হস্তান্তরের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’

চুক্তি অনুযায়ী, শুধু কোচ সরবরাহই নয়, আরআইটিইএস নকশা সহায়তা, যন্ত্রাংশ সরবরাহ এবং প্রশিক্ষণও দেবে। পুরো প্রকল্পে ৩৬ মাসের সরবরাহ ও কমিশনিং সময়সীমা থাকবে, এরপর ২৪ মাসের ওয়ারেন্টি অন্তর্ভুক্ত থাকবে।

আরআইটিইএসের ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল জানিয়েছেন, ‘নতুন অর্থবছরে বাংলাদেশে রেল কোচের সরবরাহ শুরু হলে আমাদের রাজস্ব আরো বাড়বে।’

এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রকল্পে কিছু বিলম্ব হয়েছে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন তা আবার স্বাভাবিক পথে ফিরে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%