০৬:১৯ পি.এম
শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানার্জনের সুযোগ বাড়ানোর পাশাপাশি গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের দুটি ল্যাবরেটরি নতুনভাবে সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের পর রোববার ল্যাব দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রসায়ন বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমসহ বিভাগের বিভিন্ন দিকের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান। এরপর ল্যাবরেটরি দুটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আসল রূপ ফুটে ওঠে এর উন্নতমানের গবেষণায়। মানসম্মত ও বিশ্বমানের গবেষণায় রসায়ন বিভাগকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সংস্কারকৃত এই আধুনিক ল্যাবরেটরিগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতার পাশাপাশি গবেষণায় নতুন উদ্দীপনা জোগাবে। তরুণ গবেষকরা যেন বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ল্যাবকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শরীয়তপুরে পূর্বনির্ধারিত স্থানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিএনপির বিক্ষোভ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল ল্যাবের পাশাপাশি কেন্দ্রীয় ল্যাবকে আরও কার্যকরী করতে পারলে গবেষণার মান ও সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে। মূল্যবান যন্ত্রপাতি ক্রয় ও সংশ্লিষ্ট ল্যাব পরিচালনার ক্ষেত্রেও সহজ হবে বলে তিনি মনে করেন।
বিশেষ অতিথি হিসেবে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, সকল বিভাগে গবেষণার ধারাকে এগিয়ে নিতে উপাচার্য স্যারের নির্দেশনায় প্রয়োজনীয় পদক্ষেপে জোর দেওয়া হচ্ছে, যেখানে চলতি সপ্তাহের মধ্যেই সংশোধিত বাজেটের আওতায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আর্থিক বরাদ্দের লিখিত বিবরণ জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে যা যা করা প্রয়োজন, আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি।
রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলীও বক্তব্য রাখেন। এ সময় বিভাগের শিক্ষকরা আধুনিকায়িত ল্যাবের বিভিন্ন সুযোগ-সুবিধা ও এর মাধ্যমে সম্ভাব্য গবেষণার ক্ষেত্রগুলো তুলে ধরেন। তাদের ভাষ্য অনুযায়ী, আধুনিক প্রযুক্তির সরঞ্জাম যুক্ত হওয়ায় এখন শিক্ষার্থীদের ব্যবহারিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জটিল ও গবেষণাধর্মী কাজও আগের তুলনায় সহজে পরিচালনা করা সম্ভব হবে।
নতুন করে সাজানো ল্যাব দুটিতে শুধু গবেষণার সরঞ্জাম সংযোজন নয়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ল্যাবগুলোতে কেমিক্যাল সংরক্ষণের জন্য আধুনিক ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের সুবিধা এবং অগ্নিকাণ্ড মোকাবিলায় বিশেষ অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও গবেষকদের নিয়মিত কাজের জন্য ল্যাবগুলো আরও নিরাপদ ও উপযোগী হয়ে উঠেছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ল্যাবরেটরি দুটি ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কেমিক্যাল সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি আধুনিকায়িত ল্যাবগুলোর ব্যবহার, গবেষণার সম্ভাবনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন