ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মে মাসে দেশে ৮৩ ধর্ষণ, মব সহিংসতায় ৩১ জনের মৃত্যু: এইচআরএসএস


মে মাসে দেশে ৮৩ ধর্ষণ, মব সহিংসতায় ৩১ জনের মৃত্যু: এইচআরএসএস

আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। সদ্যসমাপ্ত মে মাসে দেশে রাজনৈতিক সহিংসতা কিছুটা কমলেও মব জাস্টিস বা গণপিটুনি ভয়ংকর রূপ নিয়েছে। গত ৩১ দিনে ৬৬টি মব সহিংসতার ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। একই সময়ে সীমান্ত হত্যা, শ্রমিক মৃত্যু, সাংবাদিক নির্যাতন এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে রেকর্ড সংখ্যক।

শুক্রবার (৫ জুন) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) প্রকাশিত ‘মে-২০২৬’-এর মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এই শিউরে ওঠার মতো তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমের সংবাদ, নিজস্ব সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো মব সহিংসতা। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্মীয় অবমাননা ও এলাকায় আধিপত্য বিস্তারের মতো ঠুনকো অভিযোগে মে মাসে ৬৬টি গণপিটুনির ঘটনা ঘটে। এতে ৩১ জন নির্মমভাবে নিহত এবং ৬৮ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

এদিকে, মে মাসে এপ্রিলের তুলনায় রাজনৈতিক সহিংসতা ও হতাহতের সংখ্যা কিছুটা কমেছে। এপ্রিলে যেখানে ৯৮টি ঘটনায় ৬ জন নিহত ও ৫৩৩ জন আহত হয়েছিলেন, সেখানে মে মাসে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৫ জন নিহত ও ২৮৯ জন আহত হয়েছেন। তবে সহিংসতার ধরন ছিল বেশ উগ্র। আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটা এসব সংঘর্ষের অন্তত ৮টি ঘটনায় ১৩৪টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

দেশের সীমান্তগুলোতেও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। ভারত-বাংলাদেশ সীমান্তে মে মাসে ৬টি আলাদা ঘটনায় ৬ জন বাংলাদেশি নিহত ও ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন ১৪ জন। অন্যদিকে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন ১ জন।

মে মাসে শ্রমিক অধিকার পরিস্থিতি ছিল বেশ নাজুক। ৫৭টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ২০ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এর বাইরে কর্মক্ষেত্রে ন্যূনতম নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় আরও ৪১ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ছাড়া এই এক মাসে দেশের কারাগারগুলোতে অন্তত ৭ জন বন্দির মৃত্যু ঘটেছে।

মে মাসে দেশে ৩০৫ জন নারী ও কন্যাশিশু ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৮৩ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৫৭ জনই অবুঝ শিশু ও কিশোরী। গণধর্ষণের শিকার হয়েছেন ১৭ জন এবং যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৭৬ জন। পারিবারিক সহিংসতার কারণে প্রাণ হারিয়েছেন ৬৩ জন নারী, আহত ৩১ জন এবং আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ৪৫ জন। অন্যদিকে, আলাদাভাবে অন্তত ২১৫টি শিশু বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৫৬টি শিশুর অকাল মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে ৩৯টি ঘটনায় ৭৮ জন সাংবাদিক নির্যাতন, হয়রানি ও লাঞ্ছনার শিকার হয়েছেন। এর মধ্যে ৪২ জন আহত, ১৮ জন লাঞ্ছিত ও ৯ জন সরাসরি হুমকির মুখে পড়েছেন। একজন সাংবাদিককে আটক এবং দুটি মামলায় আট সাংবাদিককে আসামী করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি বা পরোক্ষ বাধায় ১০টি সভা-সমাবেশ পণ্ড হয়েছে, যেখানে ৪১ জন আহত হন। মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে ১১টি ঘটনায় ৬ জনকে আটক ও ৭টি মামলা দায়ের করা হয়েছে।

সার্বিক মূল্যায়নে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, সীমান্ত সহিংসতা এবং শ্রমিক নির্যাতনের এই ধারাবাহিকতা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশকে কেন্দ্র করে গ্রেফতার ও হয়রানি নতুন সংকট তৈরি করেছে।’ মানবাধিকার সুরক্ষায় তিনি সরকারকে আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল ভূমিকা রাখার এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় সংঘর্ষ, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় সংঘর্ষ, আহত ৩

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুরুতে একটি সামান্য বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা চলাকালীন, মুহূর্তেই এটি উত্তেজনাকর পরিস্থিতিতে রূপ নেয়। এ সংঘর্ষের ফলে অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুর ৩টার দিকে দাশপাড়া ইউনিয়নে মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আহত হয়েছেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশন চলাকালে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। কিছু সময় পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে উপস্থিত স্বজন ও অতিথিদের সামনে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই আহত হন কয়েকজন অতিথি। ফলে বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিতদের মধ্যে।

সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রাসেল মোল্লার বাম চোখের পাশে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তার শারীরিক অবস্থা নিরীক্ষণের ব্যবস্থা করেছেন।

ঘটনা প্রসঙ্গে কনের মামা বাবলু আকন অভিযোগ করেন, অতিরিক্ত রোস্ট চাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। একসময় তা সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন আহত হন।

এদিকে ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই সামান্য বিষয় নিয়ে এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় ব্যবসায় বিদেশিদের অবৈধ দখলদারিত্ব: কঠোর ব্যবস্থার নির্দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


স্থানীয় ব্যবসায় বিদেশিদের অবৈধ দখলদারিত্ব: কঠোর ব্যবস্থার নির্দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় বিদেশিদের হাতে স্থানীয় ব্যবসাগুলোর নিয়ন্ত্রণ অবৈধভাবে চলে যাওয়ার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই বিষয়ে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলোর ভিত্তিতে তিনি আইন লঙ্ঘনকারী এবং ব্যবসার লাইসেন্স, ভিসা বা সুযোগ-সুবিধার অপব্যবহারকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর প্রয়োগকারী পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, আইন অমান্যকারী বিদেশি নাগরিক বা তাদের সাহায্যকারী মালয়েশিয়ান নাগরিক কাউকেই ছাড় দেয়া হবে না।

শুক্রবার (৫ জুন) এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপন্থী ফাহমি ফাজিল এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে রোহিঙ্গা শরণার্থীদের দেশ থেকে বিতাড়িত করার দাবিতে ওঠা একটি পিটিশনের বিষয় উল্লেখ করলে ফাহমি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠী বা শরণার্থী সম্প্রদায়কে লক্ষ্য করে এই নির্দেশনা দেননি। মূলত স্থানীয় ব্যবসায়িক খাতে বিদেশি নাগরিকদের অবৈধ সম্পৃক্ততা এবং নিয়মের ব্যত্যয় ঘটার প্রবণতা বন্ধ করতেই এই কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।

এদিকে, মালয়েশিয়ার পেনাংয়ের একটি সামাজিক কল্যাণ সংস্থা (সুরপ্লাস) দেশে রোহিঙ্গা শরণার্থীদের ক্রমবর্ধমান উপস্থিতি এবং তাদের অনিয়ন্ত্রিত ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এই সংস্থার চেয়ারম্যান সোফিয়ান মোহদ জাইন জানান, মানবিক কারণে শরণার্থীদের শিক্ষা বা স্বাস্থ্যসেবার জন্য সুবিধা পাওয়ার বিষয়টি তারা স্বাগত জানালেও, শরণার্থী মর্যাদা থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ী কীভাবে বিশাল মূলধনের ব্যবসা পরিচালনা করছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে এবং বৈধ লাইসেন্সধারী সকল ব্যবসায়ীকে দেশের প্রচলিত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ও হিজবুল্লাহর ওপর চটলেন লেবাননের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


ইরান ও হিজবুল্লাহর ওপর চটলেন লেবাননের প্রেসিডেন্ট

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার ক্ষেত্রে লেবাননকে ‘দরকষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে, যা তিনি ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন।

শুক্রবার (৫ জুন) বৈরুতে প্রেসিডেনশিয়াল প্যালেসে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপুরকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কঠোর সমালোচনা করে জোসেফ আউন বলেন, ‘এটা আপনাদের দেশ নয়, আমাদের দেশ। এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের দেশের বিষয়ে হস্তক্ষেপ করা আপনাদের কাজ নয়।’

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এ বিষয়ে হিজবুল্লাহকেও একটি বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘হিজবুল্লাহকে বুঝতে হবে, আলোচনায় বসা ছাড়া অন্য কোনো পথ নেই। এই সমস্যার সমাধান এবং যা কিছু অবশিষ্ট আছে তা রক্ষা করতে আলোচনা ও কূটনীতি একমাত্র উপায়।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় লেবাননে সংঘাত বর্তমানে আঞ্চলিক সংকট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টার একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তেহরান বলেছে, যেকোনো সমঝোতার অংশ হিসেবে লেবাননে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার (৩ জুন) ওয়াশিংটনে ত্রিপক্ষীয় এক বৈঠকে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরাইল ও লেবানন। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়া ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর হামলা সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার উপর নির্ভর করছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শর্ত হলো, হিজবুল্লাহকে হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। সেই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে গোষ্ঠীটির সদস্যদের সরিয়ে নিতে হবে। এছাড়া দুই দেশ কিছু ‘পাইলট জোন’ প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছেন। এই এলাকা লেবানিজ সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে এবং সেখানে কোনো অস্ত্রবাহী পক্ষ বা সশস্ত্র গোষ্ঠী থাকতে পারবে না।

তবে হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে। হিজবুল্লাহ বারবার বলেছে যে, তারা ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি আলোচনাকে স্বীকৃতি দেয় না এবং তা মেনে চলবে না। বিশ্লেষকরা মনে করছেন, খুব সম্ভবত, ইরান-মার্কিন আলোচনার অংশ হিসেবে লেবাননে একটি শর্তহীন যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরও (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহকে বাদ দিয়ে গঠিত করা ইসরাইল ও লেবাননের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইসরাইলকে অবিলম্বে লেবাননের জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে এবং লেবাননের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমার ভিতরে দখল করা সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে।

বৃহস্পতিবার (৪ জুন) জারি করা ওই বিবৃতিতে লেবাননকে সম্মান ও মর্যাদার দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে, দেশটি এখনও দখলদার ইসরাইলি বাহিনীর নির্মম হামলার মুখে রয়েছে। আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘শান্তি প্রতিষ্ঠা’র নামে যেসব হস্তক্ষেপ করছে, তা আসলে আরও বেশি সহিংসতা ও অপরাধ বাড়াচ্ছে।

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ এই চুক্তিকে ‘বাস্তবিক ও কূটনৈতিক উভয় স্তরেই একটি বিরাট সাফল্য’ বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে সতর্কতা দিয়ে তিনি বলেছেন, যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহ ইসরাইলী জনপদে হামলা চালালে ইসরাইলির সেনাবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে আঘাত হানবে।

পাল্টা সতর্কতা দিয়েছে ইরানও। গত বুধবার (৩ জুন) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মায়াদিনের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, লেবাননের বৈরুতের ওপর হামলার মুখে তারা ‘চুপ থাকবে না’। তার ভাষ্য মতে, বৈরুতের ওপর যেকোনো হামলা পুরো অঞ্চলে নতুন করে সংঘাত উসকে দিতে পারে এবং ফের ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবির মাদকবিরোধী অভিযানে বিদেশি সিরাপসহ ৩ কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


বিজিবির মাদকবিরোধী অভিযানে বিদেশি সিরাপসহ ৩ কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় নেশাজাতীয় ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করেছেন।

শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৩টায় গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ১১টায় বিজিবির চাঁনশিকারী বিওপিতে কর্মরত হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভোলাহাট ইউনিয়নের শিকারি গ্রামে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের মো. মাহাবুবুর রহমান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯) এবং হাউসপুর গ্রামের সাগর হোসেন (১৬) নামে তিন জন। তাদের কাছ থেকে উদ্ধার করা মালামালের আনুমানিক বাজার মূল্য চার লাখ ২৪ হাজার ৬০০ টাকা বলেই জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। জব্দ করা নেশাজাতীয় সিরাপ, মোবাইল ফোন ও ইজিবাইকসহ তাদের ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%