০৭:৪৮ এম
মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল লিডারশিপ সামিট ২০২৬-এ সিলেটের তরুণ শিক্ষক, লেখক ও শিক্ষাউদ্যোক্তা জয় দাস আন্তর্জাতিক ‘কনফিডেন্স স্পার্ক অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। এই সম্মাননার পাশাপাশি সম্মেলনে তার নেতৃত্বের দক্ষতার জন্য তিনি আন্তর্জাতিক অংশগ্রহণ সনদও পেয়েছেন।
গত ১০ থেকে ১২ জুলাই মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ)-এ তিন দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সঙ্গে বিশ্বের ১৪টি দেশের ৩৫০-এর বেশি তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন পেশাজীবী এতে অংশ নেন। সম্মেলনে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), নেতৃত্ব বিকাশ, উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে।
আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার
সম্মেলনে অংশগ্রহণকারীরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের ধারণা এবং উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করেন। জয় দাস তার দলের ষষ্ঠ বক্তা হিসেবে ‘এক্সপেক্টেড ইমপ্যাক্ট অ্যান্ড কনক্লুশন’ পর্বে ‘প্রজেক্ট পিউরস্টেপ’ শীর্ষক প্রকল্প উপস্থাপন করেন। উপস্থাপনায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা, প্রকল্পটির সম্ভাব্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রভাব এবং বৃহৎ পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়। উল্লেখযোগ্য যে, এই প্রকল্পটি জাতিসংঘের এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) এবং এসডিজি-১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মালয়েশিয়ার অধ্যাপক ফারাহ হানিফ, ভারতের ড. সারভিন্দার কৌর সান্ধু, আলবেনিয়ার অধ্যাপক ফাতমির শেহু এবং বাংলাদেশের ড. নাজমুস সায়াদাত সম্মেলনে অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার মূল্যায়ন করেন। তাদের মূল্যায়নে জয় দাস গঠনমূলক অংশগ্রহণ, কার্যকর নেতৃত্ব এবং মানসম্মত উপস্থাপনার জন্য ‘কনফিডেন্স স্পার্ক অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
সম্মেলনের অন্যতম আয়োজক হিসেবে ছিলেন বাংলাদেশের তরুণ নেতৃত্ব ফাতিহা আয়াত। তিনি জাতিসংঘ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় ও টেডএক্সের বক্তা হিসেবে পরিচিত। ফাতিহা তরুণদের নেতৃত্ব বিকাশ এবং এসডিজি বাস্তবায়নে কাজ করে আসছেন। জয় দাস কানাইঘাট উপজেলার বাসিন্দা এবং তিনি ‘লার্ন উইথ জয়’-এর প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে অধ্যয়নরত এবং গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে ইংরেজি ভাষা ও আইইএলটিএস প্রশিক্ষণ দিয়ে আসছেন।
উল্লেখ্য, এর আগে জয় দাস থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৩৬তম ওয়ার্ল্ড স্কুল সামিট ২০২৬-এ আন্তর্জাতিক ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেন।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন