খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার গাইবান্ধার
শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৩৮ পি.এম
গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী শাহ মো. তৌফিকুল ইসলাম তৌফিক (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় স্থানীয় পুলিশ সূত্র জানায়, তৌফিক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ব্যস্ততম কিংস ক্রস রেলওয়ে স্টেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহের বিঘ্ন ঘটার কারণে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আজ সকালে স্টিভেনেজ (Stevenage) এবং ফিন্সবেরি পার্কের (Finsbury Park) মধ্যবর্তী লাইনে বিদ্যুৎ বিভ্রাটের ফলে লন্ডনে আসা এবং লন্ডন থেকে ছেড়ে যাওয়া একাধিক ট্রেনের রুট বাতিল ও মারাত্মকভাবে বিলম্বিত হচ্ছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল রেল সূত্র জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকার কারণে গ্রেট নর্দার্ন (Great Northern), এলএনইআর (LNER), থেমসলিংক (Thameslink), লুমো (Lumo), গ্র্যান্ড সেন্ট্রাল এবং হাল ট্রেনসের (Hull Trains) মতো প্রধান রেল অপারেটরদের পরিষেবা ব্যাহত হয়েছে।
ন্যাশনাল রেল জানিয়েছে, লাইনে বিদ্যুৎ না থাকায় ধারণক্ষমতার তুলনায় অনেক কম ট্রেন চালানো সম্ভব হচ্ছে। এর ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ রুট বাতিল করা হয়েছে এবং অন্যান্য ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। স্টিভেনেজ থেকে লন্ডনের দিকে আসা ট্রেনগুলোতে অন্তত ২০ মিনিট বা তার বেশি বিলম্বের পূর্বাভাস দেওয়া হয়েছে।
লন্ডনের এই ব্যস্ততম রেল সংযোগে বিঘ্ন ঘটায় সাধারণ যাত্রী এবং কর্মস্থলে যাওয়া হাজার হাজার পথচারী চরম ভোগান্তিতে পড়েছেন। যাত্রীদেরকে তাদের নির্ধারিত সময়ের অন্তত ৪৫ মিনিট আগে বের হতে এবং প্রয়োজনে বিকল্প ট্রেন বা আন্ডারগ্রাউন্ড (টিউব) পরিষেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রাহকদের জন্য সুনির্দিষ্ট কিছু বিকল্প রুটে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট ব্যবহারের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে নেটওয়ার্ক রেল ও স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী দলগুলো সমস্যাটি দ্রুত সমাধানের জন্য ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুরো সময়জুড়ে রেল পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে মোঃ সৌরভ প্রধান ইমরান নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাকাই কলেজপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোঃ সৌরভ প্রধান ইমরান ওই এলাকার মোঃ গোলজার প্রধানের পুত্র।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে সৌরভ পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার দোয়া চেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী একটি জনপ্রিয় সৈকতে সাঁতার কাটার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে হাঙরের হামলায়। শুক্রবার সকালে সোরেন্টো সৈকতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপকূলের কাছে সাঁতার কাটার সময় হাঙর ওই ব্যক্তিকে কামড় দেয়। পরে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর পুলিশ হেলিকপ্টার ও নৌযান ব্যবহার করে সমুদ্রে তল্লাশি শুরু করে। নিরাপত্তার কারণে সোরেন্টো এবং এর আশেপাশের কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। সার্ফ লাইফ সেভিং ডব্লিউএ জানায়, সৈকত থেকে প্রায় ৫০ মিটার দূরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় কোন প্রজাতির হাঙর জড়িত ছিল, তা এখনও জানা যায়নি।
এ বছর অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় এটি চতুর্থ মৃত্যুর ঘটনা। এই সপ্তাহেই পশ্চিম অস্ট্রেলিয়ার গ্লেনফিল্ড সৈকতে হাঙরের হামলায় একজন ব্যক্তি গুরুতর আহত হন এবং তার পায়ের একটি অংশ হারান। জানুয়ারিতে সিডনি হারবারে হাঙরের কামড়ে ১২ বছর বয়সী এক বালক মারা যায়। এছাড়া মে ও জুন মাসে পৃথক তিনটি হাঙরের হামলায় তিনজন ডুবুরি নিহত হন। জুন মাসে সিডনির একটি সৈকতে হাঙরের হামলায় একজন নারীও গুরুতর আহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজে গমন ইচ্ছুকদের সুবিধার্থে প্রাথমিক নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে। এর ফলে, হজযাত্রীরা এবার মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে। হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই ছাড় দেওয়া হয়েছে।
তবে, নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় অবশ্যই নির্ধারিত মেয়াদ সংবলিত পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে হালনাগাদ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পাসপোর্টের নির্ধারিত মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নির্ধারিত মেয়াদের পাসপোর্ট দিয়ে ই-হজ সিস্টেমে তথ্য হালনাগাদ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা হবে না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে।
আজ বিকেলের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৭০ জনসহ মোট ১৬ হাজার ২৮১ জন হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ