১২:১৯ পি.এম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার এলাকায় সরকারি খাস জমি দখল করে নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনা উপজেলা প্রশাসন উচ্ছেদ করেছে।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানানো হয় যে, মালিগ্রাম বাজার সংলগ্ন সড়কের পাশে সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্ত মাহবুব হোসেনের নির্মাণাধীন স্থাপনাটি ভেকু দিয়ে অপসারণ করা হয়।
আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত
অভিযান চলাকালে সরকারি জমি পুনরায় দখল বা সেখানে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ না করার অঙ্গীকারে মাহবুব হোসেনের কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম জানায়, সরকারি খাস জমি দখলমুক্ত রাখা এবং অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পত্তি রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা দখলদারিত্ব বরদাশত করা হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন