শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:০২ পি.এম
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে সারাদেশে নতুন ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২৪ জন, খুলনা বিভাগে ১০৬ জন, রাজশাহী বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে আটজন রোগী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু না হওয়া সত্ত্বেও চলতি বছরে সারাদেশে মোট ৫২৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু কারণে।
বর্তমানে, চলতি বছরের ২৭ নভেম্বর পর্যন্ত, সারাদেশে মোট ১,৭৮,৭৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মোট ১,৭৩,৬৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ৪,৬০১ জন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১,০২,৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১,০১,২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১,৭০৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩,২১,১৭৯ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যু ঘটে অমৃত দাশ (৩৫) নামে এক সোনা ব্যবসায়ীর।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মন্নিয়ার চর এলাকার খাটিয়ামারী বাজারে নিজের দোকানে হামলার শিকার হন অমৃত। এই ঘটনার পর প্রতিবেশী ফজল শেখের পুত্র রাশেদের বিরুদ্ধে হত্যার অভিযোগে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত অমৃত দাশ মন্নিয়ার চর এলাকার অমল দাশের ছেলে ছিলেন। খাটিয়ামারী বাজারে তার একটি স্বর্ণের দোকান ছিল।
স্থানীয়দের মতে, অমৃত দাশ ও রাশেদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। গত কয়েক দিন ধরে তাদের মধ্যে কথাকাটাকাটি চলছিল। শুক্রবার সকালে অমৃতের দোকানে গিয়ে রাশেদ তাকে ধারালো অস্ত্র (শুম) দিয়ে চোখের ওপরে আঘাত করে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে অমৃতের মৃত্যু ঘটে। ঘটনার পর স্থানীয়রা রাশেদকে আটক করে রাখেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ‘পূর্ববিরোধের কারণে অমৃত ও রাশেদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ ধারালো অস্ত্র দিয়ে অমৃতকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাল কাগজপত্র ব্যবহার করে জন্মনিবন্ধন সনদ তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা করার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে, যাদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিকও রয়েছেন।
নেত্রকোনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে গিয়ে তথ্য ও কথাবার্তায় অসংগতি ধরা পড়ার পর এই ঘটনাটি ঘটেছে।
আটক হওয়া রোহিঙ্গা তরুণীর নাম কাউসার বিবি, যিনি শাহারা খাতুন নামেও পরিচিত (১৯)। অপর রোহিঙ্গা নাগরিকের নাম রশিদউল্লাহ, যিনি বদিউল আলম নামেও পরিচিত (৪০)। অন্য দুইজন হলেন পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) এবং সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ নভেম্বর কাউসার ও তার বাবা পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পাটলি গ্রামের একটি বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজনের সহযোগিতায় প্রায় দুই মাস আগে কাউসার বিবির নামে জাল কাগজপত্র তৈরি করে জন্মনিবন্ধন সনদ নেওয়া হয়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের দুই উদ্যোক্তার জড়িত থাকার অভিযোগও উঠেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দুই রোহিঙ্গা দালালের মাধ্যমে কুতুপালং ক্যাম্প থেকে এখানে এসেছেন।
পাসপোর্ট অফিসে আবেদন করার পর কাউসারের কথাবার্তা এবং দাখিল করা কাগজপত্র নিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পূর্বধলার আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।
আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী জানান, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা সম্পর্কে জানার পর তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। পরে ইউএনওর নির্দেশে চারজনকে বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি।
বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুক্রবার দুপুরে বলেন, দুই বিদেশি নাগরিক এবং উপজেলার দুই বাসিন্দাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৬ : আদালত আজ মাধবপুর উপজেলায় মাদকসহ আটক এক ব্যক্তিকে কারাগারে প্রেরণ করেছে।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানের (এসআরবি) সদস্যরা মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে রাজেন্দ্র (৫৫) নামের এক ব্যক্তিকে নেশাজাতীয় ভারতীয় এসকাফ সিরাপসহ আটক করেন।
শুক্রবার দুপুর ১২টায় এসআরবি-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃত রাজেন্দ্র হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বেলাবিল গ্রামের আকলু’র ছেলে।
এসআরবি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় এসআরবি-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে রাজেন্দ্রকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬৯ বোতল নেশাজাতীয় ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এসআরবি এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। আটক ব্যক্তিকে শুক্রবার বিকেলে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরে অস্ত্রের মুখে অপহরণ করে এক ক্ষুদ্র বই ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলার আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. রেদওয়ানুল ইসলাম তানজিব (২৯) বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মৃত মো. রফিকুল ইসলামের ছেলে রেদওয়ানুল ইসলাম তানজিব ঢাকার বাংলাবাজার থেকে বই সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন লাইব্রেরিতে পাইকারি দরে বিক্রি করেন। তিনি বাকিলা বাজারের ‘ইনসাফ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সমিতির ব্যাংক হিসাব রূপালী ব্যাংক লিমিটেডের হাজীগঞ্জ শাখায় পরিচালিত হয়।
এজাহারে বাদী অভিযোগ করেন যে, তার ব্যবসায়িক ও আর্থিক উন্নতি দেখে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয়।
গত ১১ সেপ্টেম্বর হাজীগঞ্জ অলিপুর আব্দুর রশিদ মুন্সীর বাড়ির সামনে রেদওয়ানুল ইসলামকে আসামীরা অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রাখে, ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনা মামলায় উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ