প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে অস্ত্রের মুখে অপহরণ করে এক ক্ষুদ্র বই ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলার আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. রেদওয়ানুল ইসলাম তানজিব (২৯) বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মৃত মো. রফিকুল ইসলামের ছেলে রেদওয়ানুল ইসলাম তানজিব ঢাকার বাংলাবাজার থেকে বই সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন লাইব্রেরিতে পাইকারি দরে বিক্রি করেন। তিনি বাকিলা বাজারের ‘ইনসাফ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সমিতির ব্যাংক হিসাব রূপালী ব্যাংক লিমিটেডের হাজীগঞ্জ শাখায় পরিচালিত হয়।
এজাহারে বাদী অভিযোগ করেন যে, তার ব্যবসায়িক ও আর্থিক উন্নতি দেখে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয়।
গত ১১ সেপ্টেম্বর হাজীগঞ্জ অলিপুর আব্দুর রশিদ মুন্সীর বাড়ির সামনে রেদওয়ানুল ইসলামকে আসামীরা অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রাখে, ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনা মামলায় উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন