শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:১০ পি.এম
ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও গায়ক জিৎ গাঙ্গুলি তার মাকে হারিয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার সময় তার মা মীনা গাঙ্গুলি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৫ বছর।
মায়ের মৃত্যুর খবর তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। শুক্রবার বিকেলে শোকবার্তা প্রকাশ করে জিৎ লেখেন, ‘আমার মা, শ্রীমতী মীনা গাঙ্গুলি, আজ সকাল ৯টায় পরলোকগমন করেছেন। আজ আমার পৃথিবী শূন্য হয়ে গেল। এই মুহূর্তে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই তার জন্য প্রার্থনা করবেন।’
জানা গেছে, মীনা গাঙ্গুলির শেষকৃত্য কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে অনুষ্ঠিত হবে।
দীর্ঘ সময় ধরে কাজের কারণে মুম্বাইয়ে বসবাস করছেন জিৎ গাঙ্গুলি। মায়ের শেষকৃত্যে অংশ নিতে তিনি স্ত্রী চন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে দ্রুত কলকাতায় ফিরছেন। তবে মীনা গাঙ্গুলির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাহিদ রানা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার অপেক্ষা করছিলেন। কিন্তু বাংলাদেশি পেসারের জন্য অপেক্ষার সময় আরো দীর্ঘ হয়ে গেল। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ কারণে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার সুযোগ নাহিদের হচ্ছে না। আজ তিনি নিজের ফেসবুক পেজে অসুস্থতার তথ্য জানিয়ে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। অ্যাডমিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগার পর গতকাল হাসপাতালে ভর্তি হন নাহিদ রানা। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সবার দোয়া ও ভালোবাসা কাম্য।’
এর আগে, নাহিদ দীর্ঘ চোটের ধকল কাটিয়ে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে দেশে ফিরেছিলেন। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তিনি সাইড স্ট্রেইনের চোটে আক্রান্ত হয়েছিলেন। ওই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তিনি অংশ নিতে পারেননি।
পুনর্বাসনের সময় নিতম্বের পেশিতে নতুন চোট পেয়ে নাহিদ ল্যাব্রামের চোটের কারণে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকেও বাদ পড়েন। আর এখন ডেঙ্গু তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে দিচ্ছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতের শুরুতেই কুষ্টিয়ায় অসহায় ও শীতার্ত নারীদের সহায়তায় দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সদস্যরা ২০ জন হতদরিদ্র নারীর হাতে নতুন কম্বল প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহরের থানাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. এম বদিউজ্জামান, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, বসুন্ধরা শুভসংঘের ভারপ্রাপ্ত সভাপতি শাকিল প্রামাণিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়তা আক্তার এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
নতুন কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা। তাদের মধ্যে অনেকেই কম্বল গায়ে জড়িয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার পরিবারের সদস্য এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য দোয়া করেন। তাদের কাছে এই কম্বল শীত নিবারণের পাশাপাশি কঠিন সময়ে পাওয়া একটুখানি স্বস্তি ও সহমর্মিতার উপহার হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে ডা. এম বদিউজ্জামান বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি মন্তব্য করেন, ‘বসুন্ধরা শুভসংঘ দেশের বৃহত্তর সামাজিক সংগঠন। পত্রিকার মাধ্যমে জেনেছি, সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শীতের শুরুতেই মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।’
শীতার্ত ও অসহায় নারীদের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মানবিক সহায়তার এই উদ্যোগে শীতের দিনে কিছুটা উষ্ণতা পাওয়ার পাশাপাশি অসহায় নারীদের মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্যান্য ধর্মাবলম্বী, সংখ্যা কম হোক বা বেশি, বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ—সবাই মিলেই আমরা বাংলাদেশে আছি। এতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক। সবার নাগরিক অধিকার সমান।
‘কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও অনুসারী হিসেবে আমরা তার জীবনাচার ও জীবনাদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করেই চলব—এটাই আমাদের প্রকৃত মুসলমানিত্ব। এ বিষয়ে আমরা সবাই একমত। আর যারা অন্য ধর্মাবলম্বী, তারা নিজ নিজ ধর্ম পালন করবেন। এটি তাদের নিজস্ব বিষয়’, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, এটাই এই খতমে নবুওয়াত সম্মেলনের মূল নির্যাস। তা বাস্তবায়নের জন্য হুজুরদের পক্ষ থেকে এবং সম্মেলনের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া সব সময় ছিল, এখনো আছে। আমরা বলেছি, আমরা তা আইনে আনবো ইনশাআল্লাহ। যেটা সম্ভব হবে, সবাইকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করব।
দেশের চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা রুখে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী সরকারের শাসনামলে ছিলাম। জবরদস্তিমূলক শাসনের মধ্যে ছিলাম। যেখানে পবিত্র বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। যেখানে সব আলেম-ওলামারা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবনধারণ করেছেন। যেখানে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে আমাদের শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, গরিব ভাই-বোনদের, আমাদের আলেমদের হত্যা করা হয়েছে। তাদের প্রকৃত সংখ্যা এখনো পর্যন্ত নিরূপণ করা যায়নি। অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটা কিতাব বের করা হয়েছে, যেখানে ছবিসহ অনেকের নাম-ঠিকানা পরিচয় বের করা সম্ভব হয়েছে। সেটা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে, সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। কিন্তু এখনো সবার নাম-ঠিকানা, পরিচয়, কে কোথায় দাফন হয়েছেন— বের করা যাচ্ছে না, সব তথ্য এখনো নেই।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনাদের কাছে দাবিও রেখেছিলাম যে আপনারা একটা নিয়মিত মামলা দায়ের করেন। আপনারা করেছিলেন। সেই মামলার সূত্রে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিটি ট্রাইব্যুনালে সেই মামলা এখন তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে এসেছে এবং সেটার বিচার হবে ইনশাআল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক এবং দুই শিক্ষাবর্ষের জন্য ছাত্রত্ব স্থগিত করা এবং এক ও দুই বিষয়ে বহিষ্কার করা। এর মধ্যে একজনের ছাত্রত্ব দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ জনের এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) স্থগিত করা হয়েছে। পাশাপাশি ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে শৃঙ্খলা কমিটির ভিত্তিতে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে একজন শিক্ষার্থীর ছাত্রত্ব দুই বছরের জন্য এবং ১১ শিক্ষার্থীর এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ শিক্ষার্থীকে দুই বিষয়ে এবং ৩৪ শিক্ষার্থীকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটি কাজ করছে। বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ এলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রে প্রশাসনের অবস্থান স্পষ্ট—অসদুপায়ের বিরুদ্ধে আমাদের নীতি ‘জিরো টলারেন্স’। যারা এ ধরনের কর্মকান্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তী পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। তবে শিক্ষার্থীদের কোনোভাবেই এ ধরনের অসৎ উপায় অবলম্বনের চিন্তা করা উচিত নয়। বরং নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। পরীক্ষার শৃঙ্খলা শতভাগ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভাগগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপাচার্য।”
উল্লেখ্য, এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় র্যাগিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে ৯৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ