শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩৮ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি মন্তব্য করেছেন, স্বাস্থ্য খাতে নির্লজ্জ দলীয়করণ চলছে, যা পতিত ফ্যাসিবাদীদের মতো। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে সব খাতকে দলীয়করণ করতে চেষ্টা করলেও বিএনপি ক্ষমতা গ্রহণের সাথে সাথেই এই প্রক্রিয়া শুরু করেছে। বিএনপি সরকারের এই নির্লজ্জ দলীয়করণের ফলে জনজীবনে দুর্ভোগ বেড়েছে।
বৃহস্পতিবার রাতে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল জোনের উদ্যোগে আয়োজিত ‘ডাক্তার কানেক্ট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতৃত্বে চিকিৎসক সমাজ যেভাবে ফ্যাসিবাদের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছিল, সেই ঐক্য বজায় রেখে ভবিষ্যতেও যেকোনো অপশক্তির বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, চব্বিশের আন্দোলন আমাদের জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করেছে। এই ঐক্য বজায় রেখেই জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তিনি উল্লেখ করেন, জাতীয় ঐক্য বিনষ্ট করতে দেশি-বিদেশি অনেক শক্তি চেষ্টা করছে এবং সরকারের ভেতরেও এসব শক্তির বিচরণ দেখা যাচ্ছে। তিনি বলেন, এরা জাতির দুশমন, তাদের চিনে রাখতে হবে।
ড. মাসুদ এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের ডাক দেওয়ার পরও যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, তাহলে বুঝতে হবে দল ও সরকার প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে নেই। তিনি বলেন, সরকার ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। তবে সেই সংলাপ এক টেবিলে বসে কেন সম্ভব হবে না, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সত্যিকারের ঐক্য প্রতিষ্ঠার জন্য সব পক্ষের অংশগ্রহণে একসঙ্গে সংলাপ হওয়া প্রয়োজন। আলাদা আলাদা বৈঠক কখনো সংলাপ হতে পারে না; বরং এটি সংলাপের নামে সরকারের নতুন তামাশা। তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকারকে আহ্বান জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে একটি সংলাপের আয়োজন করতে। তাহলে কোন দল কীভাবে জাতীয় ঐক্য চায়, তা জাতির সামনে পরিষ্কার হবে। যারা সত্যিকারের ঐক্য চায় না, তারাই এক টেবিলে বসতে ভয় পায়।
ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) মতিঝিল জোন পরিচালক ডা. মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে এবং মতিঝিল জোন সভাপতি ডা. রাইয়ান হাসারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার ও সেক্রেটারি ডা. নূর উদ্দিন তালুকদার। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের স্থানীয় অধ্যাপক, কনসালট্যান্ট এবং মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ের জাঁকজমককে টেক্কা দিতে চেয়েছেন বিহার রাজ্যের বিধায়ক অনন্ত সিং। তাঁর মেয়ের বিয়েতে প্রায় ৪ লাখ অতিথিকে আপ্যায়ন করা হয়েছে, ৫ লাখ মিষ্টি বিতরণ করা হয়েছে, ৫০০ বাবুর্চি রান্নার কাজে নিয়োজিত ছিলেন এবং অতিথিদের জন্য ছয়টি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
গত বুধবার (২৬ নভেম্বর) বিহারের নাদাওয়া গ্রামের পারিবারিক বাড়িতে বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাত্র রিশিকেশ কুমার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থী।
আয়োজিত বিয়ের অনুষ্ঠানে প্রায় আড়াই হেক্টর জায়গাজুড়ে উপস্থিত ছিলেন ৪ লাখ অতিথি। ভারতে জাঁকজমকপূর্ণ বিয়ের প্রচলন থাকলেও অতিথির এই সংখ্যা ছিল সত্যিই বিস্ময়কর।
বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী মুন্না সিং বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয়েছে প্রায় ৫ লাখ ঐতিহ্যবাহী মিষ্টি। খাবার প্রস্তুত করতে ৫০০ বাবুর্চি ও রাঁধুনি কাজ করেছেন। কাবাব ও বিভিন্ন পদ রান্নার জন্য প্রায় এক হাজার কেজি খাসির মাংস ব্যবহার করা হয়েছে।
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হেলিকপ্টারে আসা বিশেষ অতিথিদের জন্য ছয়টি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। বর রিশিকেশ কুমার সানগ্লাস পরে এবং হাতে কমলা রঙের স্কার্ফ নিয়ে ১৫১টি গাড়ির বহরসহ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিজোড় সংখ্যাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। বরকে উপহার হিসেবে একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার প্রদান করা হয়।
বিয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার সড়কগুলোতে গাড়ির প্রচণ্ড জট তৈরি হয়। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের মতে, যানজটে আটকে পড়া এক অতিথি শেষ পর্যন্ত ট্রাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান। অতিথিদের আপ্যায়নে চীন থেকে আমদানি করা ফুল দিয়ে বাহারি সাজসজ্জা তৈরি করা হয়। আতশবাজির আয়োজনও ছিল।
বিনোদনের জন্য ডিজের পরিবর্তে ঘোড়দৌড় প্রতিযোগিতার পরিকল্পনা করেছিলেন বিধায়ক। প্রতিযোগিতা দেখার জন্য উৎসুক মানুষ গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। তবে অতিরিক্ত বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে শেষ মুহূর্তে প্রতিযোগিতাটি বাতিল করতে হয়। প্রতিযোগিতার বিজয়ীর জন্য একটি এসইউভি গাড়িও রাখা হয়েছিল।
তবে অনন্ত সিং ভারতের রাজনীতিতে বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। পাঁচবার রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হওয়া এই বিধায়কের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।
সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের ওয়েবসাইটে এসব মামলার তথ্য রয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন অনন্ত সিং।
বিয়ের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে আয়োজনের বিশালতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে অস্বাভাবিক বলে মানতে চাননি। অনন্ত সিং বলেন, ‘আমার বড় মেয়ের বিয়েতেও ঠিক একই ধরনের আয়োজন করেছিলাম।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় চলমান ভূমি জরিপ কার্যক্রমে অনিয়ম, ঘুষ লেনদেন এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির রেকর্ড পরিবর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও নিজের ৯০ শতাংশ জমি সঠিকভাবে রেকর্ডভুক্ত করার দাবি জানিয়েছেন নাসরিন আরা বেগম নামে এক ভুক্তভোগী নারী।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা চত্বরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। নাসরিন আরা বেগম উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাইফুল ইসলামের স্ত্রী ও ফজরন নেছার মেয়ে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসরিন আরা বেগম জানান, উপজেলার ২৮ নম্বর গোপালপুর মৌজায় তাঁর ও পূর্বপুরুষদের প্রায় ১৫০ বছরের ভোগদখলীয় পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া মোট ৯০ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশ বসতবাড়ি শ্রেণির এবং ৪৫ শতাংশ পালান শ্রেণির জমি।
তিনি বলেন, এসব জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে এবং আদালত জমির ওপর নিষেধাজ্ঞাও জারি করেছেন। কিন্তু চলমান হাল জরিপে আদালতের নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জমির রেকর্ড পরিবর্তন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নাসরিন আরা বেগমের অভিযোগ, আলফাডাঙ্গা উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার ও সহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) মো. আলী আকরাম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির আশ্রয় নিয়ে অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে জমির রেকর্ড পরিবর্তন করেছেন। তাঁর দাবি, ৪৫ শতাংশ বসতবাড়ির জমির মধ্যে মাত্র ২৮ শতাংশ এবং ৪৫ শতাংশ পালান শ্রেণির জমির মধ্যে ১৩ দশমিক ২১ শতাংশসহ মোট ৪১ দশমিক ২১ শতাংশ জমি তাঁর নামে রেকর্ড করা হয়েছে। বাকি ৪৮ দশমিক ৭৯ শতাংশ জমি অন্যের নামে রেকর্ডভুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি দুটি দাবি জানান। দাবিগুলো হলো—অভিযুক্ত কর্মকর্তা মো. আলী আকরামের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালতের নিষেধাজ্ঞা ও বৈধ কাগজপত্র পর্যালোচনা করে অন্যের নামে রেকর্ড করা জমির রেকর্ড বাতিল বা সংশোধনের মাধ্যমে সম্পূর্ণ ৯০ শতাংশ জমি তাঁর নামে সঠিকভাবে রেকর্ডভুক্ত করার ব্যবস্থা গ্রহণ।
এ বিষয়ে ভূমি উপদেষ্টা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, ফরিদপুরের জেলা প্রশাসক, জোনাল সেটেলমেন্ট অফিসার এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মো. আলী আকরামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ