শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:১০ পি.এম
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মন্তব্য করেছেন যে, ইলিশ সংরক্ষণের উদ্যোগে মাছের পাশাপাশি জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব প্রদান করা আবশ্যক।
মন্ত্রী আরও বলেন, "ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি দেশের অর্থনীতি এবং অসংখ্য মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস।"
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘রিজিওনাল ওয়ার্কশপ: সাসটেইনিং হিলসা ফিশারিজ ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। এই খাতের সঙ্গে জড়িত রয়েছে মৎস্যজীবী পরিবার, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, প্রক্রিয়াজাতকারীসহ মূল্যশৃঙ্খলের অসংখ্য মানুষ।
মন্ত্রী বলেন, ইলিশের অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া হয়েছে।
তিনি ইলিশ ব্যবস্থাপনাকে বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে অভিযোজন সক্ষম করে গড়ে তোলার তাগিদ দিয়ে বলেন, "ইলিশের মজুত, প্রজননক্ষেত্র, বিচরণক্ষেত্র, পরিবেশগত অবস্থা, পানির প্রবাহ ও জলবায়ুর প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন।"
মন্ত্রী আরও বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বিজ্ঞানীদের গবেষণালব্ধ মতামত এবং বংশপরম্পরায় নদী ও সমুদ্রনির্ভর মৎস্যজীবীদের অভিজ্ঞতার মধ্যে কিছু পার্থক্য লক্ষ করা যাচ্ছে। গবেষণালব্ধ জ্ঞান ও মৎস্যজীবীদের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে ইলিশ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
জেলেদের জীবিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন ও সংরক্ষণের জন্য অপরিহার্য হলেও এ সময় বহু মৎস্যজীবী পরিবারের আয় বন্ধ হয়ে যায়। তাই সময়মতো সামাজিক নিরাপত্তা সহায়তা, বিকল্প কর্মসংস্থান এবং সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরো বলেন, অধিকাংশ ক্ষেত্রে মৎস্যজীবীরা নিজেরা সরাসরি মাছ বিক্রি করতে পারেন না। মধ্যস্বত্বভোগী ও দাদননির্ভর ব্যবস্থার কারণে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি ক্রেতাদেরও বেশি মূল্য দিতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, বে অব বেঙ্গল প্রোগ্রাম-ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনের পরিচালক ড. পি. কৃষ্ণান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম, মিয়ানমার ওয়ার্ল্ডফিশের সাবেক জাতীয় কর্মসূচি উপদেষ্টা ড. খিন মং সো এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এ. টি. এম. ফারুক-উল-ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও গায়ক জিৎ গাঙ্গুলি তার মাকে হারিয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার সময় তার মা মীনা গাঙ্গুলি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৫ বছর।
মায়ের মৃত্যুর খবর তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। শুক্রবার বিকেলে শোকবার্তা প্রকাশ করে জিৎ লেখেন, ‘আমার মা, শ্রীমতী মীনা গাঙ্গুলি, আজ সকাল ৯টায় পরলোকগমন করেছেন। আজ আমার পৃথিবী শূন্য হয়ে গেল। এই মুহূর্তে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই তার জন্য প্রার্থনা করবেন।’
জানা গেছে, মীনা গাঙ্গুলির শেষকৃত্য কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে অনুষ্ঠিত হবে।
দীর্ঘ সময় ধরে কাজের কারণে মুম্বাইয়ে বসবাস করছেন জিৎ গাঙ্গুলি। মায়ের শেষকৃত্যে অংশ নিতে তিনি স্ত্রী চন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে দ্রুত কলকাতায় ফিরছেন। তবে মীনা গাঙ্গুলির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাহিদ রানা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার অপেক্ষা করছিলেন। কিন্তু বাংলাদেশি পেসারের জন্য অপেক্ষার সময় আরো দীর্ঘ হয়ে গেল। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ কারণে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার সুযোগ নাহিদের হচ্ছে না। আজ তিনি নিজের ফেসবুক পেজে অসুস্থতার তথ্য জানিয়ে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। অ্যাডমিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগার পর গতকাল হাসপাতালে ভর্তি হন নাহিদ রানা। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সবার দোয়া ও ভালোবাসা কাম্য।’
এর আগে, নাহিদ দীর্ঘ চোটের ধকল কাটিয়ে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে দেশে ফিরেছিলেন। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তিনি সাইড স্ট্রেইনের চোটে আক্রান্ত হয়েছিলেন। ওই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তিনি অংশ নিতে পারেননি।
পুনর্বাসনের সময় নিতম্বের পেশিতে নতুন চোট পেয়ে নাহিদ ল্যাব্রামের চোটের কারণে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকেও বাদ পড়েন। আর এখন ডেঙ্গু তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে দিচ্ছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতের শুরুতেই কুষ্টিয়ায় অসহায় ও শীতার্ত নারীদের সহায়তায় দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সদস্যরা ২০ জন হতদরিদ্র নারীর হাতে নতুন কম্বল প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহরের থানাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. এম বদিউজ্জামান, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, বসুন্ধরা শুভসংঘের ভারপ্রাপ্ত সভাপতি শাকিল প্রামাণিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়তা আক্তার এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
নতুন কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা। তাদের মধ্যে অনেকেই কম্বল গায়ে জড়িয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার পরিবারের সদস্য এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য দোয়া করেন। তাদের কাছে এই কম্বল শীত নিবারণের পাশাপাশি কঠিন সময়ে পাওয়া একটুখানি স্বস্তি ও সহমর্মিতার উপহার হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে ডা. এম বদিউজ্জামান বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি মন্তব্য করেন, ‘বসুন্ধরা শুভসংঘ দেশের বৃহত্তর সামাজিক সংগঠন। পত্রিকার মাধ্যমে জেনেছি, সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শীতের শুরুতেই মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।’
শীতার্ত ও অসহায় নারীদের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মানবিক সহায়তার এই উদ্যোগে শীতের দিনে কিছুটা উষ্ণতা পাওয়ার পাশাপাশি অসহায় নারীদের মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্যান্য ধর্মাবলম্বী, সংখ্যা কম হোক বা বেশি, বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ—সবাই মিলেই আমরা বাংলাদেশে আছি। এতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক। সবার নাগরিক অধিকার সমান।
‘কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও অনুসারী হিসেবে আমরা তার জীবনাচার ও জীবনাদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করেই চলব—এটাই আমাদের প্রকৃত মুসলমানিত্ব। এ বিষয়ে আমরা সবাই একমত। আর যারা অন্য ধর্মাবলম্বী, তারা নিজ নিজ ধর্ম পালন করবেন। এটি তাদের নিজস্ব বিষয়’, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, এটাই এই খতমে নবুওয়াত সম্মেলনের মূল নির্যাস। তা বাস্তবায়নের জন্য হুজুরদের পক্ষ থেকে এবং সম্মেলনের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া সব সময় ছিল, এখনো আছে। আমরা বলেছি, আমরা তা আইনে আনবো ইনশাআল্লাহ। যেটা সম্ভব হবে, সবাইকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করব।
দেশের চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা রুখে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী সরকারের শাসনামলে ছিলাম। জবরদস্তিমূলক শাসনের মধ্যে ছিলাম। যেখানে পবিত্র বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। যেখানে সব আলেম-ওলামারা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবনধারণ করেছেন। যেখানে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে আমাদের শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, গরিব ভাই-বোনদের, আমাদের আলেমদের হত্যা করা হয়েছে। তাদের প্রকৃত সংখ্যা এখনো পর্যন্ত নিরূপণ করা যায়নি। অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটা কিতাব বের করা হয়েছে, যেখানে ছবিসহ অনেকের নাম-ঠিকানা পরিচয় বের করা সম্ভব হয়েছে। সেটা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে, সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। কিন্তু এখনো সবার নাম-ঠিকানা, পরিচয়, কে কোথায় দাফন হয়েছেন— বের করা যাচ্ছে না, সব তথ্য এখনো নেই।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনাদের কাছে দাবিও রেখেছিলাম যে আপনারা একটা নিয়মিত মামলা দায়ের করেন। আপনারা করেছিলেন। সেই মামলার সূত্রে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিটি ট্রাইব্যুনালে সেই মামলা এখন তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে এসেছে এবং সেটার বিচার হবে ইনশাআল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ