ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই টেকসই সমাধান: স্থানীয় সরকারমন্ত্রী


দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই টেকসই সমাধান: স্থানীয় সরকারমন্ত্রী

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬: দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধে আয়োজিত মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অংশ নেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে পরিবেশ দূষণ দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে রয়েছে। নগরায়ন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদী ও জলাশয়ে বর্জ্য নিক্ষেপ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে পরিবেশের ওপর। এসব সমস্যা মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং সমন্বিত ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজন।

আরও পড়ুন: ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

মন্ত্রী আরোও বলেন, পরিবেশ রক্ষায় শুধুমাত্র সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলাও সমান গুরুত্বের দাবি রাখে। বিশেষ করে ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার কমানো এবং বিকল্প পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

সভায় সম্মানিত অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী পরিবেশ সংরক্ষণে তাঁর মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং চলমান কার্যক্রম তুলে ধরে বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় তৈরির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে।

মতবিনিময় সভায় পানি দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নদ-নদী সংরক্ষণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, দুই সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

আরও পড়ুন: ইসলামী আন্দোলনের প্রশ্ন, আঁতাতের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়নি কেন?

সভায় বক্তারা বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পানি ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করার জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয়কে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ বিস্তারে আগ্রহ নেই, তবে সীমান্ত রক্ষায় প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


যুদ্ধ বিস্তারে আগ্রহ নেই, তবে সীমান্ত রক্ষায় প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান কোনোভাবেই চলমান সংঘাতকে আরও বিস্তৃত করতে চায় না। তবে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সবসময় প্রস্তুত রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির (আইআরআইবি) উদ্ধৃতি দিয়ে আজ মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।

‘ফ্যামিলি মেডিসিন অ্যান্ড রেফারেল সিস্টেম ন্যাশনাল প্ল্যান’-এর দ্বিতীয় ধাপ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ শক্তি ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা জরুরি।

তিনি জানান, ‘এই পরিস্থিতিতে আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে শত্রুপক্ষ লোভ করতে না পারে, অনুপ্রবেশের সুযোগ না পায় এবং আমাদের সামাজিক ঐক্যকে বিভক্ত বা ধ্বংস করতে না পারে।’

পেজেশকিয়ান আরও বলেন, ইরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিলেও দেশের নিরাপত্তা এবং সীমান্ত রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না। একই সঙ্গে তিনি জাতীয় সংহতি বজায় রেখে দেশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সবশেষ হুঁশিয়ারির প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট এই বার্তা দেন। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তিনি হুঁশিয়ার করেছেন, একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এটাই তেহরানের ‘শেষ সুযোগ’। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে এখনই চুক্তিতে পৌঁছানো উচিত।

তবে ট্রাম্পের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। বরং হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নিরাপদ করিডোর তৈরির বিষয়ে অগ্রগতি হয়েছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ ‘কঠোরভাবে কার্যকর’ করছে। মার্কিন বাহিনীর দাবি, এখন পর্যন্ত ৪৪টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে, দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অংশীজনদের মতামত নিয়েই সংবিধান সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


অংশীজনদের মতামত নিয়েই সংবিধান সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অংশীজনদের মতামত নেবে।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটি সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে থেকে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। জুলাই সনদ প্রণয়নে যাদের নিরলসভাবে কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গেও আলোচনা করা হবে। এসব মতামত পর্যালোচনা করে সংবিধান সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করা হবে, যাতে জুলাইয়ের চেতনা বাস্তবায়িত হয়।

তিনি আরো বলেন, বিরোধী দলের জন্য এখনো কমিটির দরজা খোলা রয়েছে। তারা যদি নিজেদের নাম দেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে যদি তারা যোগদানের ইচ্ছা প্রকাশ না করেন, তাহলে জুলাই সনদে স্বাক্ষরকারী ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের সুপারিশগুলো সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিবেচনা করা হবে।

আইনমন্ত্রী এতে উল্লেখ করেন, জুলাই সনদের ১ থেকে ৪৭ নম্বর অনুচ্ছেদের প্রস্তাবগুলো হুবহু ভাষায় নয়, বরং সাংবিধানিক ও আইনি পরিভাষায় সংবিধান সংশোধনের খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ এবং নির্বাচন পদ্ধতির পরিবর্তনও জুলাই সনদের একটি অংশ। তবে যেখানে কোনো রাজনৈতিক দলের ভিন্নমত রয়েছে এবং তা তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হয়েছে, সেখানে জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী সেই অবস্থানগুলোকে বিবেচনায় নেওয়া হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান, মো. নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন, সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তিন গুদামে আগুন, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তিন গুদামে আগুন, নিহত ৫

ইউক্রেনের ড্রোন হামলায় তিনটি বড় গুদামে আগুন লেগেছে, যেগুলোর মধ্যে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ পরিচালিত দুটি গুদামও রয়েছে।

মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং আরও ১০ জন আহত হয়েছে।

ওয়াইল্ডবেরিজ জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের কাছে তাদের একটি গুদামে আগুন লেগেছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মস্কোর উত্তর-পশ্চিমে তভের অঞ্চলে ড্রোন হামলায় ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে, এই তথ্য দিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর ভিটালি কোরোলিয়ভ।

তিনি বলেন, ওই হামলায় কেউ আহত হননি।

ইউক্রেনের দাবি, হামলার উদ্দেশ্য হলো যুদ্ধের প্রভাব রাশিয়ার সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। এই কৌশলের অংশ হিসেবে তারা ওয়াইল্ডবেরিজের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে।

রাশিয়ার ভোক্তা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাতিয়ানা কিম ইউক্রেনের হামলাগুলোকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

তার দাবি, গত ১৮ জুলাই থেকে এখন পর্যন্ত ওয়াইল্ডবেরিজের এক ডজনের বেশি স্থাপনা ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর পুলিশ সদস্যের আত্মহনন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ভারতে দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর পুলিশ সদস্যের আত্মহনন

ভারতের আসামের নগাঁও জেলায় একটি রিজার্ভ পুলিশের (সিআরপিএফ) সদস্য আত্মহত্যা করেছেন, এর আগে তিনি দুই সহকর্মীকে হত্যা করেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

পুলিশের পক্ষ থেকে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সাতটার দিকে নগাঁও জেলার কাটিমারিতে অবস্থিত সিআরপিএফের ৩৪ ব্যাটালিয়ন ক্যাম্পে এই নির্মম ঘটনাটি ঘটেছে।

নগাঁওয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (হেডকোয়ার্টার) পারমিতা সরকার জানান, ক্যাম্পের প্রধান ফটকে দায়িত্ব পালনরত এএসআই/জিডি বল্লানি প্রেমাবরম আচমকা তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। পরে তিনি নিজের ওপরও গুলি চালিয়ে ঘটনাস্থলেই মারা যান। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন এইচভি/জিডি বিষ্ণু প্রসাদ বাঘেল এবং এসআই/জিডি রামনাওয়াল সিং যাদবও।

অন্যদিকে, গোবিন্দ শ্রীপুল নামের এক সহকর্মী গুরুতর আহত হন, যিনি প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর সিআরপিএফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পে এসে তদন্ত শুরু করেন।

ঘটনার বিস্তারিত জানিয়ে নগাঁওয়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, অন্ধ্র প্রদেশের বাসিন্দা এএসআই বল্লানি প্রেমাবরম মঙ্গলবার সকালে সিআরপিএফ ক্যাম্পের প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন। সে সময় তার কাছে সরকারি অস্ত্র ছিল না। পরে তিনি গার্ডরুম থেকে একটি ইনসাস রাইফেল নিয়ে কোয়ার্টার গার্ডের পেছনে যান।

সেখানে তিনি প্রথমে সহকর্মী বিষ্ণু প্রসাদ বাঘেলকে লক্ষ্য রেখে গুলি চালান, যার ফলে বাঘেল ঘটনাস্থলেই মারা যান। তারপর প্রেমাবরম রামনাওয়াল সিং যাদবকে গুলি করেন, যিনি নথিপত্র যাচাইয়ের জন্য লখনউ থেকে ক্যাম্পে এসেছিলেন। তিনিও ঘটনাস্থলেই নিহত হন।

এরপর অভিযুক্ত এএসআই আরেক সহকর্মী গোবিন্দ শ্রীপুলকে গুলি করে গুরুতর আহত করেন। সবশেষে প্রেমাবরম ক্যাম্পের ব্যারাকে গিয়ে নিজের ওপর গুলি চালান, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ জানার জন্য তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%