০২:০৮ পি.এম
সুন্দরবনে পর্যটক নিখোঁজ হয়ে মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা রেঞ্জের কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এ কারণে যারা আগে থেকেই ভ্রমণের পরিকল্পনা করেছেন, তারা বিপাকে পড়েছেন। একই সঙ্গে ট্রলারমালিক, শ্রমিক এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কাজ হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মে চালু রয়েছে।
গত ৬ নভেম্বর সুন্দরবনে ভ্রমণে এসে ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ নিখোঁজ হন। বন বিভাগ ও কোস্টগার্ডের টানা উদ্ধার অভিযানের পর ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মৌখিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে এক দিনের ভ্রমণে আগের নিয়মেই অনুমতি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বন বিভাগের এই সিদ্ধান্তে সুন্দরবন ভ্রমণে আগ্রহী পর্যটকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা দুই বা তিন দিনের ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদের জন্য অনিশ্চয়তা তৈরি হয়েছে। এক দিনে সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা সম্ভব না হওয়ায় অনেকেই ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন কিংবা বাতিলের কথা ভাবছেন।
অন্যদিকে, তিন দিনের ভ্রমণনির্ভর ট্রলারমালিক ও শ্রমিকদের আয় কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও কদমতলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে উদ্বিগ্ন।
মুন্সিগঞ্জ ট্রলারমালিক সমিতির কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, "প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবনে যাতায়াত করছেন। কিন্তু এ ধরনের ঘটনা আগে ঘটেনি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ কারণে ভ্রমণের অনুমতি বন্ধ করা হলে তাদের কিছু করার নেই।" আজ বুধবার মুন্সিগঞ্জ ট্রলারমালিক সমিতির মালিক ও শ্রমিকেরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে বিভাগীয় বন কর্মকর্তার কাছে যাবেন।
বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, "আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ রয়েছে। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মে চালু থাকবে। এ নিষেধাজ্ঞার বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।"
আরও পড়ুন: রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে জানতে চাইলে তিনি বলেন, "আপাতত অনির্দিষ্টকালের জন্য তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।"
সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন নয়। বন বিভাগ ও পর্যটন পরিচালনাকারীদের সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান ১৬ বছর বয়সী পর্যটক মাহিত আব্দুল্লাহ। এর আগে ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলেও ১৩ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরেকটি জালিবোট ডুবির ঘটনা ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন