১২:৫৬ পি.এম
মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধে পুলিশের পৃথক অভিযান; গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ জন**
বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল কেরু অ্যান্ড কোম্পানির দেশীয় মদসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গত ১০ নভেম্বর মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযানে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও কেরু অ্যান্ড কোম্পানির দুই বোতল দেশীয় মদসহ দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত মামলায় ছয়জন, বরিশাল মহানগর অধ্যাদেশে একজন এবং অন্যান্য আইনে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএমপির প্রকাশিত তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন অপরাধে পরিচালিত এসব অভিযানে সর্বমোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, মহানগরীতে মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারসহ অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএমপি। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন