বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০৮:১৯ পি.এম
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর, ভারত সরকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় নাবিকদের বহনকারী জাহাজগুলোর চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
দেশটির কোনও নাবিককে হরমুজ প্রণালী অতিক্রম করবে- এমন কোনও বাণিজ্যিক জাহাজে নিয়োগ না দেওয়ার নির্দেশ জাহাজের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে, এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বুধবার গভীর রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং (ডিজিএস) জানায় যে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, হরমুজ প্রণালী অতিক্রম করবে- এমন কোনও জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ দেওয়া যাবে না।”
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি হরমোজ প্রণালী এবং এর আশপাশে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যাতে অন্তত দু’জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ভারত সরকার নাবিকদের জীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।
বর্তমানে হরমুজ প্রণালীর পশ্চিমাঞ্চলে প্রায় ১৫ হাজার ভারতীয় নাবিক বিভিন্ন জাহাজে অবস্থান করছেন, এ পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ভারত নাবিক সংগঠন ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া জানিয়েছে যে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার পাশাপাশি প্রয়োজনে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।
ভারত বিশ্বের অন্যতম বৃহৎ নাবিক সরবরাহকারী দেশ। সরকারি তথ্যানুযায়ী, বর্তমানে ৩ লাখের বেশি ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে কর্মরত রয়েছেন। সংখ্যার দিক থেকে ভারত বৈশ্বিকভাবে তৃতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজে নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত আন্তর্জাতিক শিপিং শিল্পে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে, কারণ বিশ্ববাণিজ্যের একটি বড় অংশ এবং মধ্যপ্রাচ্য থেকে রফতানি হওয়া তেল ও গ্যাসের উল্লেখযোগ্য অংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের উদ্যোগে জোরারগঞ্জ ও মিরসরাই থানা এলাকায় আজ ট্রাফিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গাড়িচালক, সহকারী, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, নিরাপদে সড়ক পারাপার এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়।
একই সঙ্গে জোরারগঞ্জ ও মিরসরাই থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের চালকদের অংশগ্রহণে পথসভা অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে নিরাপদ সড়ক গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সড়কের ওপর অবৈধ দখল, প্রতিবন্ধকতা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, ফলে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত ট্রাফিক অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বৈষম্যহীন রাষ্ট্র বা দেশ গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে দেশজুড়ে ঐতিহাসিক 'জুলাই শহীদ দিবস' পালিত হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রত্যয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল ৫টায় বালিয়াকান্দি উপজেলা শাখার ১১ দলীয় নেতাকর্মীদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুল হাই চেয়ারম্যান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বালিয়াকান্দি উপজেলা শাখা। তিনি তাঁর বক্তব্যে জুলাই দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বালিয়াকান্দি উপজেলা শাখা; মাওলানা মনির আযম মুন্নু, জেলা ইউনিট সদস্য, রাজবাড়ী; পলাশ খান (আবদুল্লাল), আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, বালিয়াকান্দি এবং মিজানুল ইসলাম মিরাজ, সহকারী সেক্রেটারি, জাতীয় নাগরিক পার্টি।
এছাড়াও উপস্থিত ছিলেন মোস্তফা জামান, আমীর, বহরপুর ইউনিয়ন; মাওলানা রোকুনুজ্জামান, সভাপতি, নবাবপুর ইউনিয়ন; মোঃ ইসহাক মোল্লা, আমীর, জামালপুর ইউনিয়ন; মোঃ রফিকুল ইসলাম, সভাপতি, বালিয়াকান্দি ইউনিয়ন; মাঃ ইদ্রিস আলী, সভাপতি, ইসলামপুর ইউনিয়ন; মোঃ নুরুল ইসলাম, সভাপতি, নারুয়া ইউনিয়ন; মোঃ বছির উদ্দিন, সভাপতি, জঙ্গল ইউনিয়ন এবং মাওলানা ইদ্রিস আলী, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে বালিয়াকান্দি বাজারের তালপট্টিতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করেন।
বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলাম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। আর সেই মামলার কার্যক্রম আটকে থাকায় দুদকের কাছে তদন্ত প্রতিবেদন বিষয়ে জানতে চেয়েছেন আদালত। এমন নির্দেশনার প্রেক্ষিতে আদালতে লিখিতভাবে ব্যাখা দিয়েছেন মামলার তদন্তকারি কর্মকর্তা।
দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ সহকারি পরিচালক ও মামলার তদন্তকারি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের জমা দেয়া কপি থেকে জানা গেছে, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলাম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক । তবে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আসামিদের করা পৃথক দুটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ সংশ্লিষ্ট মামলাগুলোর সব কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। সে কারনে তদন্ত কার্যক্রম স্থগিত রয়েছে এবং আদালতে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ মার্চ সিনিয়র স্পেশাল জজ আদালত শহিদুল ও তার স্ত্রী বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায়, তদন্তকারী কর্মকর্তাকে কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেন। যার মামলা নম্বর-০৩/২০২৩ ও মামলা নম্বর-০৬/২০২৪। আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুন বিস্তারিত লিখিত ব্যাখ্যা দাখিল করা হয়।
লিখিত ব্যাখ্যায় আরো বলা হয়, প্রথম মামলাটি ২০২৩ সালের ১৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় দায়ের করা হয়। মামলায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি এবং বর্তমানে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একই পদে কর্মরত রয়েছেন।
মামলার দায়িত্ব পাওয়ার পর তদন্তকারি কর্মকর্তা বিভিন্ন সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ, নথি যাচাই এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণের মাধ্যমে তদন্ত এগিয়ে নিচ্ছিলেন। তবে তদন্ত চলাকালে শহীদুল ইসলাম মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৪ সালের ৩ জানুয়ারি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর-৩১০/২০২৪ দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে একই বছরের ১৬ জানুয়ারি হাইকোর্ট বিভাগ রুল জারি করেন এবং দুদকের নোটিশসহ স্পেশাল মামলা নম্বর-০৩/২০২৩-এর সব কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। পরে দুদকের প্রধান কার্যালয় থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ৩১ জুলাই ২০২৪ তারিখে পৃথক নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তাকে হাইকোর্টের আদেশ অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে মামলাটির তদন্ত কার্যক্রম স্থগিত রয়েছে।
অপরদিকে দ্বিতীয় মামলাটি ২০২৪ সালের ১ অক্টোবর একই আইনে দায়ের করা হয়। যার মামলা নম্বর-০৬/২০২৪ হিসেবে আদালতে বিচারাধীন রয়েছে। দ্বিতীয় মামলার তদন্তও স্বাভাবিক নিয়মে চলছিল। পরে কামরুন নাহারও মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর-১৫০৫৮/২০২৪ দায়ের করেন। এরপর থেকে দ্বিতীয় মামলার তদন্ত কার্যক্রমও বন্ধ রয়েছে।
ব্যাখ্যায় আরও উল্লেখ করেন, দুটি মামলার বর্তমান অবস্থা নিয়মিতভাবে মাসিক অগ্রগতি প্রতিবেদনের মাধ্যমে দুদকের প্রধান কার্যালয়কে জানানো হচ্ছে। পাশাপাশি চলতি বছরের ৩১ মার্চ মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন), দুদক প্রধান কার্যালয় বরাবর পাঠানো এক চিঠিতে হাইকোর্টে বিচার কার্যক্রম স্থগিত থাকা মামলাগুলোর স্থগিতাদেশ প্রত্যাহারে প্রয়োজনীয় আইনগত উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
হাইকোর্ট বিভাগে দায়ের করা রিটগুলোর নিষ্পত্তি এবং কমিশনের অনুমোদন পাওয়া সাপেক্ষে দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ডিসি অফিসের শহিদুল সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে সরকারি কাজের জমি অধিগ্রহনে কমদামে জমি ক্রয় করেন। আর সেই জমি সরকারি প্রকল্প বাস্তবায়নে উচ্চমূল্যে বিক্রি করেন। এছাড়াও টিসিবির পণ্যের টাকা লুটপাট ও অনিয়ম দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে।
এভাবেই মাত্র এক বছরের ব্যবধানে কয়েক কোটি টাকার মালিক বনে যান কর্মচারি শহিদুল। শহরে গড়ে তোলেন আলিসান বাড়ি। হঠাৎ করেই এত সম্পদের মালিক হওয়ায় শহরজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। তারপরেও শাস্তি না হওয়ায় এখনো দাপিয়ে বেড়াচ্ছে।
এই দুই মামলার আসামি শহীদুল ইসলাম ও তাঁর স্ত্রী কামরুন নাহারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আর মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, আসামিপক্ষের করা রিটের কারণে তদন্ত কার্যক্রমও স্থগিত আছে। স্থগিতাদেশ প্রত্যাহার হলে কমিশনের অনুমোদন সাপেক্ষে দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
দুদকের আইনজীবী এমএম অ্যাডভোকেট সফিউজ্জামান সুমন বলেন, মামলা দুটির ফাইনাল রিপোর্ট আদালতে জমা হলেই কার্যক্রম চালানো যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ