১১:১৫ পি.এম
বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষ করে ৩-২ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের উত্তেজনা শেষ হওয়ার পর মাঠে দেখা যায় ভিন্ন একটি দৃশ্য। অধিনায়ক লিওনেল মেসি প্রতিপক্ষ কেপ ভার্ডের ফুটবলারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগ করে নেন।
মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচ শেষে মিক্সড জোনে কেপ ভার্দের একাধিক ফুটবলার স্মারক ছবি ও জার্সির আবদার নিয়ে মেসির কাছে যান। বিশ্বকাপজয়ী এই তারকা হাসিমুখে সকলের অনুরোধ পূরণ করেন। লকার রুমে ফেরার পথেও রসিকতার ছলে মেসি বলেন, 'ওরা আমার কাছে জার্সি থেকে শুরু করে সবকিছুই চাচ্ছিল... অথচ মাঠের ভেতরে আমাকে লাথি মেরে উড়িয়ে দেয়, হা হা।'
কাগজে-কলমে দুই দলের শক্তির পার্থক্য ছিল অনেক। আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের বেশিরভাগ ফুটবলার খেলেন ইউরোপের তুলনামূলক নিচের সারির লিগে। তবুও মাঠের লড়াইয়ে এর কোনো ছাপ পড়েনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা কঠিন পরীক্ষার মুখে পড়ে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে ৬৫ বছরের নারীর মৃত্যু
ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করে বিশ্বকাপে নিজের ২০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। এছাড়া লিসান্দ্রো মার্তিনেসের গোল এবং প্রতিপক্ষের আত্মঘাতী গোলের পেছনেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আত্মসমালোচনাও করেন মেসি। তিনি বলেন, 'এই দলটা অনেক দিন ধরেই দেখিয়ে আসছে যে তারা শেষ পর্যন্ত লড়াই করতে জানে। আজ সেট-পিস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা আক্রমণ ও রক্ষণ দুই ক্ষেত্রেই এ নিয়ে অনেক দিন ধরে কাজ করছি এবং তার সুফল পেয়েছি।'
তবে কেপ ভার্ডের কঠিন প্রতিরোধের প্রশংসাও করেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, 'আমরা প্রথম গোল পাওয়ার পর ভেবেছিলাম ম্যাচটা নিয়ন্ত্রণে রাখতে পারব। কিন্তু উল্টো বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, পেছনে গুটিয়ে যাই এবং ঠিকমতো চাপ সৃষ্টি করতে পারিনি। আমরা জানতাম কেপ ভার্ডে কঠিন প্রতিপক্ষ হবে।'
কঠিন এই জয়ের মাধ্যমে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে মিশর।
আরও পড়ুন: রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন