ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব: ভারপ্রাপ্ত স্পিকার


প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব: ভারপ্রাপ্ত স্পিকার

প্রতিবন্ধী ব্যক্তিদের সমমর্যাদা দেওয়া এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব বলে মন্তব্য করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, "কেউ স্বেচ্ছায় প্রতিবন্ধী হয়ে জন্মায় না।"

কামাল আরও বলেন, শিক্ষার্থী ও ব্যক্তিদের প্রতি সম্মান দেখানোর মাধ্যমে আমাদের সকলের উচিত প্রতিবন্ধী ব্যক্তিদের আমাদের প্রতিবন্ধকতা হিসেবে দেখা উচিত নয়। সংসদ সদস্যদের অন্যতম পবিত্র দায়িত্ব হল মানুষকে মর্যাদা দেওয়া।

বুধবার (১৯ আগস্ট) সংসদ সচিবালয়ে এক সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা, দেশি অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সাক্ষাতে বৈশ্বিক পরিসরে প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ সুরক্ষা, শিক্ষার অধিকার এবং মানুষ হিসেবে সমতার অধিকার নিশ্চিতের বিষয়ে মতবিনিময় হয়। এ সময় রাজনৈতিক দলগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার ও সুরক্ষায় সংসদীয় ককাস গঠনের আহ্বান জানানো হয়।

প্রতিনিধিদলের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যথাযথ আইনি সুরক্ষা ও মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। তাদের শিক্ষা, পুনর্বাসন ও স্বাবলম্বী করার ক্ষেত্রে রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ আরো জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

উল্লেখ্য, বার্ডো মূলত দৃষ্টিপ্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও পুনর্বাসনে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন।

আরও পড়ুন: প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি, আপিল বিভাগে সংবাদ সংগ্রহের দ্বার উন্মুক্ত করতে আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামীকাল (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের যতরকম প্রস্তুতির প্রয়োজন, তা আমরা সম্পন্ন করেছি। আমাদের প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি নেই। এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পাচ্ছি। আমাদের বিশ্বাস, সুন্দর একটা নির্বাচন সম্পন্ন করতে পারব।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে এখন বিশ্ববাসী তাকিয়ে আছে। সুতরাং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি আমার জন্য এক ধরনের ভাগ্যের কথা।

সিইসি বলেন, দেশবাসী, পুরা জাতি এবং বিশ্ববাসী জানে, আমাদের একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আপনারা সবাই জানেন, ১৯৯১ সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এর পর আর হয়নি। এ কারণে আমরা রাষ্ট্রপতি নির্বাচন করা অভ্যস্ত নই। সংসদ সচিবালয় যেখানে গভীরভাবে ইনভলভ থাকে, তারা এই ধরনের কার্যক্রমে অভ্যস্ত না। তবে, আমরা যত রকমের কাজ করা সম্ভব এবং প্রয়োজন, তা করেছি। যাতে করে আমাদের পুরো প্রক্রিয়ার মধ্যে কোনো গ্যাপ না থাকে।

তিনি বলেন, ১৯৯১ সালের আইনে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা রয়েছে। আইন এবং বিধিমালার আলোকে আমরা নিশ্চিত করেছি যে কয়েকটি স্তরে এই কার্যক্রমটাকে ভাগ করা যায়। প্রথমত, যদি জাতীয় সংসদের অধিবেশনে থাকে তাহলে এক ধরনের ব্যবস্থা। আর যদি অধিবেশনে না থাকে, তবে আরেক ধরনের ব্যবস্থা। এখন আমাদের জাতীয় সংসদের অধিবেশন চলছে না। অধিবেশন ডাকতে হবে, এমনও নয়। নির্বাচনের জন্য একটি বৈঠক আহ্বান করলেই চলবে। আইন অনুযায়ী এটি নির্বাচনী কর্তাকে দায়িত্ব দেওয়া আছে। তিনি একটি বৈঠক আহ্বান করবেন। সংসদ সদস্যগণ ভোট দেবেন।

তিনি আরও জানান, আমরা এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। আমাদের ভোটার সংখ্যা হচ্ছে ৩৪৯ জন। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এখানে আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেতা সবই ভোটার।

সিইসি জানান, প্রথমে যখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলের নেতা ভোট দেবেন, তখন তা লাইভ টেলিকাস্ট হবে। এরপর ৫টার সময় ভোট গণনা শুরু হলে, আবারও লাইভ টেলিকাস্ট হবে। সংসদ সদস্যরা যেহেতু ভোটার, তারা ভোট দিয়েই চলে যাবেন, এমন নয়, তারা উপস্থিত থাকতে পারবেন। তারা ভোট গণনার সময়ও থাকতে পারবেন। এটি খুব স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হবে। তাই এখানে কারো কোনো আপত্তির কথা হওয়ার কথা নয়।

কোন প্রার্থী কতটি ভোট পেল, কতটি ভোট বাতিল বা নষ্ট হলো, এসব সংখ্যা বিস্তারিত আমি ঘোষণা করব। যিনি বিজয়ী হবেন অথবা যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, তার নাম ঘোষণা করে দিব। এর পর গেজেট প্রকাশ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজেরই তৈরি নিয়ম ভাঙলেন নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


নিজেরই তৈরি নিয়ম ভাঙলেন নেপালের প্রধানমন্ত্রী

ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ নেপালের প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটি গত মঙ্গলবার কাঠমান্ডুর সিংহ দরবারে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত হয়।

আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং সামরিক সম্পর্ক আরও উন্নত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত এবং নেপালের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি দুই প্রতিবেশী দেশের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ভারতীয় সেনাপ্রধানের নেপালে সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন। সেটি ছিল শাহের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের প্রথম মুখোমুখি বৈঠক।

সেখানে ভারতের সঙ্গে নেপালের ঐতিহাসিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন শাহ।

এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশি রাষ্ট্রদূত এবং শীর্ষ সরকারি আধিকারিকদের সঙ্গে সরাসরি বৈঠক না করার যে নিয়ম শাহ নিজেই তৈরি করেছিলেন, এই বৈঠকের ক্ষেত্রে তিনি সেই নিয়ম থেকে সরে এসেছেন। ফলে প্রশ্ন উঠেছে যে ভারতকে এই মুহূর্তে নেপাল বিশেষ গুরুত্ব দিচ্ছে কি না।

জেনারেল ধীরজ শেঠ ১৭ থেকে ১৯ অগস্ট পর্যন্ত নেপাল সফর করছেন। নেপালি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে এই সরকারি সফর অনুষ্ঠিত হচ্ছে। এই প্রেক্ষিতে সোমবার এক অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধানকে নেপালি সেনার ‘মানদ জেনারেল’ পদে ভূষিত করেন। দুই দেশের মধ্যে এই বিশেষ সামরিক সম্মান প্রদান করার রীতি দীর্ঘদিনের।

১৯৫০ সাল থেকে দুই দেশ পরস্পরের সেনাপ্রধানকে ‘মানদ জেনারেল’ পদ দেওয়ার ঐতিহ্য বজায় রেখে চলেছে। দুই দেশের সেনাবাহিনীর ঐতিহাসিক সম্পর্কের প্রতীক হিসেবেই এই মর্যাদা দেয়া হয়। এর আগে সোমবার নেপালি সেনার সদর দফতরেও যান জেনারেল ধীরজ শেঠ। সেখানে নেপালি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই সেনাপ্রধান একে অপরের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসও এই সফরকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলেছেন, জেনারেল শেঠের সফর ভারত ও নেপালের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের সহযোগিতার ওপর দাঁড়িয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় গ্রামীণ ব্যাংকের ৪ কর্মকর্তার জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


খুলনায় গ্রামীণ ব্যাংকের ৪ কর্মকর্তার জেল-জরিমানা

খুলনা, ১৯ আগস্ট, ২০২৬ : জেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুটি মামলার দায়ে ৪ জনকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদেরকে ৭ লাখ ২০ হাজার ৩৯০ টাকা জরিমানা করা হয়েছে, এবং অনাদায়ে আরও ৪ বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

আজ বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত থাকেননি। আদালতের বেঞ্চ সহকারী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর এলাকার গ্রামীণ ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক রুনা লায়লা, সাবেক শাখা ব্যবস্থাপক মো. ইনছার আলী, সাবেক সেকেন্ড অফিসার রণেশ বিশ্বাস ও সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মমতাজ পারভীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ইশরাক হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


সরকার আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, চব্বিশের স্বৈরাচারবিরোধী অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘জुलाई গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’র সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে জুলাই আহতদের ও শহীদ পরিবারের পুনর্বাসন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা।”

তিনি উল্লেখ করেন, দল-মতের ঊর্ধ্বে উঠে যাদের প্রয়োজন সবচেয়ে বেশি, তাদের কাছে সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি।

তিনি বলেন, “আহত জুলাই যোদ্ধারা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং তাদের জীবনযাত্রার মান সহনীয় পর্যায়ে থাকে, সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছি।”

সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসন-৩৪৫-এর সংসদ সদস্য ও জুলাই শহীদ জাবিরের মাতা রোকেয়া বেগম।

এছাড়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ; সরকার মনোনীত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের একজন প্রতিনিধি এবং জুলাই যোদ্ধাদের একজন প্রতিনিধি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%