০২:৫০ এম
আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে ভয়াবহ এক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগটি সোমবার আঘাত হানে। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।
পাকিস্তানের সীমান্তবর্তী নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর তীরের যে সব স্থানগুলোতে আগে জমজমাট দোকানপাট ছিল, সেখানে এখন কেবল কাদার স্তূপ দেখা যাচ্ছে। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএনডিএমএ) জানিয়েছে, এখন পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে এই বিপর্যয়ে।
নুরিস্তানের গভর্নরের কার্যালয় জানিয়েছে যে, নিখোঁজদের মধ্যে শহরের মেয়রসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন। কিছু স্থানীয় মানুষ উদ্ধারকারী সরঞ্জাম ছাড়াই প্রিয়জনদের খুঁজে যাচ্ছেন। শহরের একটি এনজিও প্রধান জানান, বন্যার কারণে পৌরসভা ভবন, একাধিক হোটেল এবং বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
আরও পড়ুন: আইএমএফ’র তথ্যে উন্মোচিত মোদি-অমিত শাহের ভোটার তালিকা ভণ্ডামি
আফগান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই প্রাণহানি এবং বিপুল সম্পদের ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকারী সংস্থাগুলো মানুষের জীবন বাঁচানোর জন্য গুরুত্বের সঙ্গে কাজ করছে।
জলবায়ু পরিবর্তনের কারণে আফগানিস্তানে এমন বন্যা মারাত্মক আকার ধারণ করেছে। এর আগে গত এপ্রিলে বন্যা এবং বৃষ্টিতে প্রায় ১৫০ জন এবং মে মাসে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছিল। নতুন করে বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস থাকায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা নদীর তীরবর্তী এলাকা থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন