০৪:০৪ পি.এম
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইরানের সঙ্গে হওয়া একটি সমঝোতা স্মারক পর্যালোচনার জন্য ইসরাইলের অনুরোধ যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। ফলে, ইসরাইল এখনো চুক্তিটির পূর্ণাঙ্গ বিষয়বস্তু সম্পর্কে অন্ধকারে রয়েছে।
সংবাদ সংস্থা আনাদোলু জানায়, ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর প্রকাশিত হয়েছে।
চ্যানেল ১২ জানিয়েছে, ইসরাইলি কর্মকর্তারা ওয়াশিংটনের কাছে সমঝোতা স্মারকটি দেখার জন্য সুযোগ চেয়েছিলেন, তবে যুক্তরাষ্ট্র সেই অনুরোধ নাকচ করে দিয়েছে।
আরও পড়ুন: ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইল এখনো চুক্তির পূর্ণ বিবরণ জানে না, যা আগামী শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।’
যদিও, একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, তেল আবিব যুক্তরাষ্ট্রের আলোচক দলের কাছে ‘এ ধরনের কোনো অনুরোধই জানায়নি।’
অন্যদিকে, একজন মার্কিন কর্মকর্তা প্রতিবেদটিকে ‘ভুল’ বলে উল্লেখ করে জানান, আলোচনার পুরো প্রক্রিয়াজুড়ে ওয়াশিংটন তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে, বিশেষ করে ইসরাইলের সঙ্গে, ‘ঘনিষ্ঠ সমন্বয়’ বজায় রেখেছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি চুক্তির নথিটির ‘প্রতিটি শব্দ’ পর্যালোচনা করবেন। তবে, এর বিষয়বস্তু কবে জনসমক্ষে প্রকাশ করা হবে সে বিষয়ে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।
আরও পড়ুন: স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত
চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। তবে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে যে, স্মারকটিতে ১৪টি ধারা রয়েছে।
ইরানি গণমাধ্যমের তথ্যমতে, এসব ধারা অন্তর্ভুক্ত রয়েছে: দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া, জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করা এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন।
ট্রাম্প বলেছেন, শুক্রবার জেনেভায় চুক্তিটি স্বাক্ষরিত হবে এবং তার পরপরই হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে। তবে, এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন