ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, ধর্ম পরিবর্তন করে বিয়ে


প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, ধর্ম পরিবর্তন করে বিয়ে

 

হাজার হাজার কিলোমিটারের দূরত্ব, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা—কোনো কিছুই যেন ভালোবাসার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন চীনা নাগরিক ওয়াং জিয়াওপাং।

ইসলাম ধর্ম গ্রহণ করার পর কেরানীগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন। তার নতুন নাম রাখা হয়েছে শুভ ইসলাম।

আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

প্রেমিকা সানজিদা আক্তার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাজীনগর এলাকার মৃত কবির হোসেনের মেয়ে। পরিবার জানায়, পরিচয়ের পর অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

পরে বাংলাদেশে এসে গত ২৭ জুলাই মেয়ের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সানজিদা আক্তার জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পরে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়। এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশে আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করার পর শুভ ইসলামকে বিয়ে করেন তিনি।

ভবিষ্যতে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে সংসার গড়ে তোলার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ

শুভ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে এসে তিনি আন্তরিকতা ও পারিবারিক উষ্ণতায় মুগ্ধ হয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত তিনি স্বেচ্ছায় নিয়েছেন। স্ত্রীকে নিয়ে সুখী জীবন গড়তে চান।

এদিকে, এই ব্যতিক্রমী বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে কেউ বিষয়টিকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ ভিন্ন সংস্কৃতির দুই মানুষের সংসারজীবন নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন।

সানজিদার মা নাসীমা বেগম বলেন, ‘মেয়ের সুখের কথা বিবেচনা করেই তারা বিয়েতে সম্মতি দিয়েছেন। তার বিশ্বাস, পারস্পরিক সহযোগিতায় তাদের সংসার সুন্দরভাবে এগিয়ে যাবে।’

সানজিদার ফুফু শাহীনুর বেগমও বলেছেন, ‘শুরুতে কিছুটা সংশয় থাকলেও ছেলেটির আচরণ ও আন্তরিকতায় পরিবারের সদস্যরা সন্তুষ্ট। তারা নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেন।’

আরও পড়ুন: বেগমগঞ্জে তরুণ কামরুল হাসানকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

পরিবারের সদস্যরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শুভ ইসলাম পরিকল্পনা করছেন সানজিদাকে চীনে নিয়ে যাওয়ার। তাদের প্রত্যাশা, ভিন্ন দুই দেশের এই সম্পর্ক ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে দীর্ঘস্থায়ী হবে।

এদিকে বিদেশি জামাইয়ের আগমনকে কেন্দ্র করে কেরানীগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। চীনা যুবককে একনজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলে ফেসবুকে শেয়ার করতে স্থানীয় উৎসুক জনতা প্রতিনিয়ত কনের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধের পাঁচ বছর পর নতুন বাহিনী গঠন করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


ইউক্রেন যুদ্ধের পাঁচ বছর পর নতুন বাহিনী গঠন করলেন পুতিন

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের ৫ বছরের মাঝপথে রাশিয়া সামরিক কাঠামোর ‘সংস্কার’ করেছে।

এই সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নতুন করে চালকবিহীন যান বাহিনী বা আনম্যানড সিস্টেম ফোর্সেস গঠিত হয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন এই বাহিনীর প্রধান হিসেবে ডেনিস লিয়ামিনকে নিয়োগ দিয়েছেন।

দেশটির সামরিক বাহিনীর এই নতুন শাখা আগামীতে ড্রোনযুদ্ধের দায়িত্বে থাকবে। বুধবার এই ঘোষণা দেয়া হয়, যা খবরের সংস্থা রয়টার্স জানায়।

বর্তমান যুদ্ধে ড্রোনের ব্যবহার এতটাই বেড়ে গেছে যে, দুই পক্ষই ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে সমুদ্রপথে ও শত্রুর ভূখণ্ডের গভীরে থাকা জ্বালানি স্থাপনা এবং পণ্যাগারের মতো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে।

ইউক্রেনও গত মাসে তার নিজস্ব ‘দূরপাল্লার আঘাত হানার’ কমান্ড গঠনের ঘোষণা দিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানদের সঙ্গে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বৈঠকে, পুতিন লিয়ামিনকে সরাসরি সম্বোধন করে বলেন, ‘নতুন এই ড্রোন বাহিনীর দায়িত্ব নেয়ার জন্য তিনি অন্যতম যোগ্য বিশেষজ্ঞ।’ পুতিন লিয়ামিনকে দ্রুত বাহিনী গঠনের কাজ সমাপ্ত করে দায়িত্ব বুঝে নেয়ার নির্দেশ দেন।

লিয়ামিন আগে ইউক্রেন যুদ্ধরত রাশিয়ার ‘সেন্টার’ গ্রুপ অব ফোর্সেসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পড়াশোনা ট্যাংক কমান্ড স্কুলে এবং তিনি স্থল বাহিনী থেকে উঠে এসেছেন।

পুতিন জানান, দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি দখল করার লক্ষ্যে ‘সেন্টার’ গ্রুপটি মস্কোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

একই বৈঠকে ঘোষিত রদবদলের ফলস্বরূপ ‘সেন্টার’ গ্রুপের সাবেক কমান্ডার ভ্যালেরি সলোদচুককে সামরিক বাহিনীর সম্পূর্ণ রসদ সরবরাহের দায়িত্ব দেয়া হয়েছে। তার শূন্যস্থানে দায়িত্ব নেবেন আন্দ্রেই ইভানায়েভ, যিনি এতদিন ‘ইস্টার্ন’ গ্রুপ অব ফোর্সেসের দায়িত্বে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মাস ধরে প্রশাসক নেই, চরম ভোগান্তিতে শমশেরনগরের মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


এক মাস ধরে প্রশাসক নেই, চরম ভোগান্তিতে শমশেরনগরের মানুষ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় এক মাসেরও বেশি সময় ধরে নাগরিক সেবা কার্যত বন্ধ রয়েছে। এতে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্রসহ জরুরি সেবা না পেয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত ৯ জুলাই থেকে ইউনিয়ন পরিষদে কার্যকর কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেই। জন্ম নিবন্ধন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় রেজিস্টার আইডিও সচল না থাকায় নতুন ও সংশোধিত জন্ম নিবন্ধনসহ অধিকাংশ সেবা বন্ধ হয়ে গেছে। প্রতিদিন সেবাপ্রত্যাশীরা ইউনিয়ন পরিষদে এসে ফিরে যাচ্ছেন।

স্থানীয় সরকার বিভাগের আইন-১ শাখার এক আদেশ অনুযায়ী জানা যায়, চেয়ারম্যান জুয়েল আহমদ দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় ২০২৫ সালে উপজেলা আইসিটি কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছিল।

কিন্তু চেয়ারম্যান জুয়েল আহমদ হাইকোর্টে রিট আবেদন করলে গত ২৭ এপ্রিল আদালত ওই আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। এরপর নতুন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না হওয়ায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।

চেয়ারম্যান জুয়েল আহমদ জানান, আদালতের আদেশে তার চেয়ারম্যান পদ বহাল রয়েছে। দায়িত্ব গ্রহণের জন্য চিঠি পেলেও পরে তার স্বাক্ষর ছাড়া পরিষদের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।

জনদুর্ভোগ নিরসনে তিনি দ্রুত আইনানুগ সমাধান চান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেছেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জন্ম নিবন্ধনসহ সব ধরনের নাগরিক সেবা দ্রুত চালুর চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ইস্যুতে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


হরমুজ ইস্যুতে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে ইরান ও ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনা নতুন মোড় নিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই একটি সমঝোতা হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় অগ্রগতি হলেও এখনও চূড়ান্ত চুক্তি অনেকটাই অনিশ্চিত হয়ে রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো—হরমুজ প্রণালির ওপর কতটা নিয়ন্ত্রণ ইরান ধরে রাখতে সক্ষম হবে এবং সেই শর্ত যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মেনে নেবে কি না।

ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “সমঝোতা হতে পারে। আগামীকাল কিংবা তার পরের দিনই হতে পারে। অনেক অগ্রগতি হয়েছে। তারা আমাকে ফোন করে বলেছে- চলুন, আলোচনা করি।” তবে তিনি একবারে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

আলোচনার প্রকৃতি নিয়েও বিভ্রান্তি রয়েছে। ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনও আলোচনা করছে না। তেহরানের ভাষ্য, কেবল ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ উপসাগরীয় কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারের মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা ‘৫০-৫০’ হিসাব করা হচ্ছে। তার মতে, সবচেয়ে বড় জটিলতা হলো—ইরানের প্রতিনিধি দলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কোনও প্রতিনিধি নেই। অথচ সম্ভাব্য চুক্তি কার্যকর করতে আইআরজিসির সম্মতি অপরিহার্য।

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা বিলম্বিত হওয়ার প্রধান কারণ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক হুমকি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক অবগত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। আরেক আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজও একই ধরনের দাবি করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা এবং আঞ্চলিক কয়েকটি দেশ আলোচনায় ‘মিশ্র বার্তা’ দিচ্ছে, যা সমঝোতার পথে বাধা তৈরি করছে। ফার্সের দাবি, ইরান কেবল ওমানের সঙ্গেই আলোচনা করছে এবং সেই আলোচনার লক্ষ্য এমন একটি মধ্যবর্তী নৌপথ নির্ধারণ করা, যা একটি দিকে ইরানের অধিকার নিশ্চিত করবে, অন্যদিকে ওমানের উদ্বেগও বিবেচনায় নেবে।

ইরানের আলোচক কমিটির সদস্য সাঈদ আজোরলু জানিয়েছেন, প্রস্তাবিত ব্যবস্থায় প্রণালির নিরাপত্তা, মাইন অপসারণ এবং নৌসেবা পরিচালনায় ইরানের ভূমিকা বজায় রাখতে হবে। তিনি রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে বলেন, ইরানের লক্ষ্য এক থেকে তিন মাসের জন্য এমন একটি অন্তর্বর্তী ব্যবস্থা চালু করা, যেখানে প্রণালিতে ইরানের প্রাধান্য থাকবে।

বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু হলো ওমানের জলসীমা দিয়ে চলা দক্ষিণাঞ্চলীয় নৌপথ এবং ইরানের জলসীমার উত্তরাঞ্চলীয় নৌপথকে একীভূত করে উভয় দেশের স্বার্থ রক্ষাকারী একটি যৌথ করিডর তৈরি করা। তিনি বলেন, “আমরা এখন এমন একটি দ্বিমুখী করিডর নিয়ে আলোচনা করছি, যেখানে আলাদা দুই বা তিনটি নৌপথ থাকবে না।”

ইরানের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, যুদ্ধের আগে যে ব্যবস্থায় কোনও রাষ্ট্র হরমুজ প্রণালির জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করত না, সেই অবস্থায় আর ফিরে যেতে তারা রাজি নয়। তাদের মতে, হরমুজে প্রভাব বজায় রাখা এখন ইরানের জন্য পারমাণবিক কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের মতোই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বারবার বলেছেন, কোনও রাষ্ট্র আন্তর্জাতিক জলপথের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না। তার ভাষায়, “যদি আমরা এমন নজির তৈরি করি যে কোনও দেশ আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করবে, টোল আদায় করবে এবং অর্থ না দিলে জাহাজে হামলা করবে, তাহলে তা বিশ্বের অন্য অঞ্চলেও বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।” এই কারণে হরমুজে ইরানের দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের প্রস্তাব যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও গ্রহণযোগ্য মনে করছে না।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সমঝোতার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে—আইআরজিসি কি হরমুজে তাদের নিয়ন্ত্রণ সীমিত করতে রাজি হবে? বিদেশি, বিশেষ করে মার্কিন যুদ্ধজাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে কি না? জাহাজের পণ্য ও গন্তব্য সম্পর্কে কতটা তথ্য ইরান জানতে চাইবে? ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ শিথিল হবে কি না? ইরানের তেল রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় কোনও ছাড় দেওয়া হবে কি না? গত জুনে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের স্থগিত অংশগুলো পুনরায় কার্যকর হবে কি না?

যুক্তরাষ্ট্রভিত্তিক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট-এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি মনে করেন, ইরানের মূল লক্ষ্য কেবল হরমুজে টোল আদায় নয়। তার মতে, যুদ্ধের সময় অর্জিত কৌশলগত প্রভাবকে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই তেহরানের উদ্দেশ্য। একই ধরনের মূল্যায়ন করেছেন ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষক ড্যানি সিট্রিনোভিচ। তার মতে, হরমুজকে যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে হলে হয় ইরানে সরকার পরিবর্তন, নয়তো দীর্ঘমেয়াদি সামরিক নিয়ন্ত্রণ প্রয়োজন হবে—যা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত ব্যয়বহুল হবে।

সমঝোতা বিলম্বিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা বাড়ছে। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক প্রতিষ্ঠান সৌদি আরামকো’র প্রধান নির্বাহী আমিন নাসের জানিয়েছেন, আজই যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলেও দেওয়া হয়, তথাপি বৈশ্বিক তেলের মজুত স্বাভাবিক পর্যায়ে ফিরতে প্রায় ১৮ মাস সময় লাগতে পারে। বিশ্লেষকদের হিসাবে, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে পরিবাহিত হয়। ফলে সমঝোতা বিলম্বিত হওয়ার প্রতিটি দিন আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে নতুন চাপ সৃষ্টি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'গণ-অভ্যুত্থান দিবস' পালিত

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল)

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

বরিশালের বানারীপাড়ার ঐতিহ্যবাহী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ আগস্ট 'গণ-অভ্যুত্থান দিবস' উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া-মোনাজাত, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রাখা এবং আত্মদানকারী শহীদদের বীরত্বগাথা ও তাৎপর্য কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।

বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ও অগণিত শহীদের মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে আজকের নতুন বাংলাদেশ। শহীদদের এই অসামান্য ত্যাগ ও গণ-অভ্যুত্থানের প্রকৃত তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।"

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। বক্তব্যে রিয়াজ মৃধা বলেন, আমরা আর ৫ই আগস্ট চাইনা। শিশু শিক্ষার্থীদের মধ্যে ৫ আগষ্টের তাৎপর্য তুলে ধরতে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানান।

অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন নাহার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব জাহিন খালাসী। সভায় বক্তারা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তস্নাত ইতিহাস ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁদের অসামান্য অবদান গভীরভাবে স্মরণ করেন। আলোচনা শেষে গণ-অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে দিবসের তাৎপর্য ফুটিয়ে তুলতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ, সাধারণ সম্পাদক শুভ মোঘল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান পলাশ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক শফিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক তথা রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রনি খান, সদস্য মাসুদ হাওলাদার, আল-আমিন স্বপনসহ স্থানীয় সুধীবৃন্দ ও অভিভাবকগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%