০৬:২৮ পি.এম
বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন এবং বাস্তব যাচাই কার্যক্রমের লক্ষ্যে আগামীকাল বুধবার (১ জুলাই) দেশের সব তেলের ডিপো এবং প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ রাখা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব: ও বিপ:) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত ওই আদেশে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, বিপিসির আওতাধীন বিভিন্ন কম্পানির প্রধান স্থাপনা ও ডিপোসমূহে জ্বালানি তেলের বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম বুধবার পালন করা হবে। এই লক্ষ্যে ওই দিন চট্টগ্রামস্থ প্রধানস্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনার বিপণন কার্যক্রম বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে
তবে এ সময় বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, দেশি ও বিদেশি এয়ারলাইনসে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ডিপোর জেটএ-১ মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করে সরবরাহ কার্যক্রম সচল রাখতে হবে।
এই বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট কম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ সব ডিপোর বিপণন কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে বিপিসি। যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন