০৪:১৯ পি.এম
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে আইনগত সহায়তা কার্যক্রমকে শক্তিশালী করার উদ্দেশ্যে সরকার রাজস্ব খাতে স্থায়ীভাবে ৮২টি নতুন লিগ্যাল এইড পদ সৃজন করেছে।
এ বিষয়ে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-৩ এ ৭২টি ‘চিফ লিগ্যাল এইড অফিসার’ পদ সৃষ্টির ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
এ পদগুলোর মধ্যে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসে ৬৪টি পদ থাকবে এবং ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগর লিগ্যাল এইড অফিসে ৮টি পদ রাখা হবে।
এছাড়া, গ্রেড-৩ এ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য ২টি ‘লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ)’ পদ সৃজন করা হয়েছে।
অন্যদিকে, গ্রেড-৪ এর আওতায় ৮টি ‘লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ)’ পদ সৃজন হয়েছে।
এসব পদ দেশের ৮টি মহানগর লিগ্যাল এইড অফিসে কর্মরত থাকবে।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বে সৃজিত ‘সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ)’ পদের নাম পরিবর্তন করে ‘চিফ লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ), সুপ্রিম কোর্ট’ করা হয়েছে।
তবে এ পদের বেতন স্কেলে কোনো পরিবর্তন আনা হয়নি।
নতুন সৃষ্ট পদগুলোর ব্যয়ভার আইন ও বিচার বিভাগের আওতাধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের বরাদ্দকৃত বাজেট থেকে বহন করা হবে।
বিচারিক পদ সৃজন কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে পদগুলো সৃষ্টি করা হয়েছে।
আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন