ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দুই দফা দাম কমার পর আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ


দুই দফা দাম কমার পর আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয়ে আরও কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের বাজারে দামের সাম্প্রতিক সমন্বয়কৃত মান অনুযায়ী মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।

সর্বশেষ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। ওইদিনের মূল্য কমিয়ে প্রতি ভরি মূল্যবান এই ধাতুর দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকালের ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: পানাম নগরী পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের মুগ্ধতা

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী প্রযোজ্য মজুরি থাকবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট সংযুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, গত ১৩ জুলাই সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম সমন্বয় করেছিল। ওইদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেই দিন সকাল ১০টা থেকেই।

আরও পড়ুন: দক্ষিণখানের অমিতের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, অস্ত্র ও পুলিশ হত্যার অভিযোগ

এখন পর্যন্ত চলতি বছরে দেশের বাজারে ৯১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৪ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪৬ দফা দাম কমানো হয়েছে, এছাড়া ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছে।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা করা হচ্ছে।

এছাড়াও চলতি বছর দেশের বাজারে ৫৬ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এখানে দাম ২৮ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ২৮ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, এর মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।

আরও পড়ুন: বাণিজ্যমন্ত্রী: বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ এম


আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনায় আর্জেন্টিনার জয়ের আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে একটি বিল্ডিংয়ের তিনতলা ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৩ বছর বয়সী দীপ্ত চৌধুরীর মৃত্যু ঘটেছে।

এই ঘটনাটি ঘটে বুধবার রাতে শহরের শহীদ মিনার এলাকায়।

মডেল থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন, দীপ্ত চৌধুরী শহরের মালনি এলাকার বাদল চৌধুরীর সন্তান ছিলেন। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলাটি শেষ হওয়ার পরে আনন্দ মিছিলের ছবি তোলার জন্য তিনি মোড়ের একটি বিল্ডিংয়ের তৃতীয় তলার ছাদে গিয়েছিলেন। পরে সে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে তৎক্ষণাত উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার বিপক্ষে হার আমাকে দীর্ঘ সময় তাড়িয়ে বেড়াবে : বার্ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৪ এম


আর্জেন্টিনার বিপক্ষে হার আমাকে দীর্ঘ সময় তাড়িয়ে বেড়াবে : বার্ন

আট বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেও ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না ইংল্যান্ডের। ২০১৮ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার সেই দুঃসহ স্মৃতি যেন আবার ফিরে এলো আটলান্টায়। এবার আর্জেন্টিনা ছিল প্রতিপক্ষ, যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

বুধবার আটলান্টায় অনুষ্ঠিত রোমাঞ্চকর সেমিফাইনালের ৫৫ মিনিটে মর্গান রজার্সের চমৎকার ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড লিড নেয়। কিন্তু ম্যাচের শেষের দিকে নাটকীয়তা ফেরে। প্রথমে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোল ১৯৬৬ সালের পর ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্ন গুঁড়িয়ে দেয়।

যখন ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল, তখন বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নিউক্যাসেল ডিফেন্ডার ড্যান বার্ন। ম্যাচ শেষে তিনি হতাশা ও দলের অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, "পূর্বের দিকে ভেঙে পড়েছি। আমরা আমাদের গেমপ্ল্যানকে বেশ ভালোভাবে কাজে লাগিয়েছিলাম। কিন্তু ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমরা কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ি। আমরা অনেক বেশি ক্রস এবং সুযোগ বক্সে দিয়ে ফেলেছি। আর্জেন্টিনার মতো মানসম্পন্ন দলের বিরুদ্ধে এমন ভুল করলে তার চড়া মূল্য দিতে হবে। এই হার আমাকে দীর্ঘ সময় তাড়িয়ে বেড়াবে।"

এর আগে ইংলিশরা দারুণ সহনশীলতার পরিচয় দিয়েছিল। শেষ ১৬-এর ম্যাচে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলেও মেক্সিকোকে ৩-২ ব্যবধানে হারায়। এরপর কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

হোল্ডার আর্জেন্টিনার বিরুদ্ধে আগের ম্যাচের ধার ধরে রাখতে না পারার কারণ জানতে চাওয়া হলে বার্ন বলেন, "আমি জানি না। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার এত কাছে এসে স্নায়ুচাপ তৈরি হওয়া স্বাভাবিক। আর্জেন্টিনার ক্রীড়া অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দুটোই ছিল। গত কয়েকটি ম্যাচে আমরা বক্সের ভেতর খুব ভালো রক্ষণভাগ বজায় রেখেছিলাম। ভেবেছিলাম এবারও তা পারব, কিন্তু বক্সে আমরা যতটা আঁটসাঁট থাকতে হবে ততটা থাকতে পারিনি।"

তবে হারের পরেও দলের পারফরমেন্স নিয়ে গর্বিত বার্ন। তিনি বলেন, "এই বিশ্বকাপে আমরা যা করেছি তার জন্য আমি এখনও গর্বিত। টুর্নামেন্ট শুরুর আগে কেউ আমাদের নিয়ে এত আশা করেছিল বলে মনে হয় না। আমরা অনেক ভালো ফুটবল খেলেছি, এবং সত্যি বলতে আমি ভেবেছিলাম এবার আমরা ইতিহাস সৃষ্টি করতে পারব।"

ফাইনালে ওঠার স্বপ্ন ভাঙলেও ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হচ্ছে না। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৩ পুলিশ সদস্য নিহত, আহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০০ এম


পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৩ পুলিশ সদস্য নিহত, আহত ৩৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।এই ঘটনার মধ্যে আরো ৩৪ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সংঘটিত এসব হামলায় একটি পুলিশ কনভয় ও একটি পুলিশ স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়।

পুলিশ জানায়, লোয়ার দির জেলার হায়দার এলাকার লাদাম টপের কাছে একটি পুলিশ কনভয় যাওয়ার সময় সন্ত্রাসীরা প্রথমে হ্যান্ড গ্রেনেড ছোড়ে।এরপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালানো হয়।এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হন এবং আরো ১৯ জন আহত হন।

হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে তারা।পরিস্থিতি স্বাভাবিক হলে আরো বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, একই প্রদেশের বান্নু জেলার মিরিয়ান পুলিশ স্টেশনেও আত্মঘাতী হামলার চেষ্টা চালায় সন্ত্রাসীরা।নিরাপত্তা বাহিনী বিস্ফোরকবোঝাই একটি যানবাহন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই গুলি চালিয়ে সেটি ধ্বংস করে দেয়।

পরে বন্দুকযুদ্ধে চার হামলাকারী নিহত হয়।এই ঘটনায় ১৫ পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।তাদের উন্নত চিকিৎসার জন্য পেশোয়ারে পাঠানো হয়েছে।

বান্নু জেলার পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ফুরকান বিলাল হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে এবং হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই গাড়িটি পুলিশ স্টেশনের ভেতরে ঢুকিয়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিল।তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিরোধে সেই পরিকল্পনা ব্যর্থ হয়।পরে হামলাকারীরা পুলিশ স্টেশনে প্রবেশের চেষ্টা করলেও তাদের প্রতিহত করা হয়।

ঘটনার পর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অভিযানে নেমে নিরাপত্তা জোরদার করেছে।কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।হতাহত, ক্ষয়ক্ষতি ও অন্যান্য তথ্য যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে বান্নুর ডোমেল পুলিশ স্টেশনে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং একজন পুলিশ সদস্যসহ আরো ১৩ জন আহত হয়েছিলেন।

সূত্র : দ্য হিন্দু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিজীবীদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় নিয়ে বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ এম


সরকারি চাকরিজীবীদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় নিয়ে বৈঠক আজ

সুদমুক্ত ঋণে সরকারি চাকরিজীবীদের জন্য গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব ঘিরে প্রশাসনে অসন্তোষ দেখা দিয়েছে। অর্থ বিভাগের জারি করা একটি পত্রের এখতিয়ার নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন।

মূল বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) বৈঠকে বসছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা গেছে, গত ৯ জুলাই অর্থ বিভাগ থেকে জারি করা এক পত্রে সুদমুক্ত ঋণে কেনা গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, সরকারি কর্মকর্তাদের গাড়িসংক্রান্ত নীতিমালা, আদেশ বা নির্দেশনা জারির দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এই বিবেচনায় অর্থ বিভাগের এমন পত্র জারির বৈধতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থ বিভাগের পত্রে একাধিক স্থানে ‘প্রধানমন্ত্রী’ পদবি ব্যবহার করা হয়েছে, যা নিয়েও প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা চলছে।

প্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন গ্রেডের কর্মকর্তাদের মতে, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তারা একই বেতন কাঠামোর আওতায় দায়িত্ব পালন করছেন। তাদের মতে, এই অবস্থায় বিদ্যমান সুবিধা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট গ্রহণযোগ্য নয়। তাদের ভাষ্য, সরকারি কোনো আর্থিক সুবিধা একবার চালু হয়ে গেলে তা কমিয়ে আনার নজির অতীতে খুব একটা নেই।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকারি কর্মকর্তাদের গাড়িসংক্রান্ত যাবতীয় আদেশ-নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই জারি করা হয়ে থাকে। অর্থ বিভাগ তাদের মতামত দিয়ে একটি পত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এ ধরনের নির্দেশনা জারির এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আজ বৈঠক হবে। সেখানে অর্থ বিভাগের মতামতসহ সার্বিক বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে সেই সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবকে অবহিত করা হবে এবং প্রয়োজনীয় মতামত অর্থ বিভাগে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%