০৫:২৭ পি.এম
ফুটবল এবং ক্রিকেট- বিশ্বের সর্বাধিক জনপ্রিয় দুটি খেলা। বর্তমানে এই দুই খেলার অঙ্গনে দাপট দেখাচ্ছেন দুজন টিনেজার। ফুটবলে স্পেনের ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল, আর ক্রিকেটে ভারতের ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। বয়সে তারা কিশোর হলেও, তাদের পারফরম্যান্সের কারণে ইতোমধ্যেই তারা বিশ্বের সেরাদের কাতারে নিজেদের নাম লিখাতে সক্ষম হয়েছেন।
স্পেনের বিশ্বকাপ ফাইনালে ওঠার একজন গুরুত্বপূর্ণ কারিগর হচ্ছেন লামিন ইয়ামাল। আগামী রবিবার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে নামবে স্পেন। পুরো টুর্নামেন্টজুড়ে ইয়ামাল ছিলেন স্প্যানিশদের আক্রমণের প্রাণভোমরা।
মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক করে, লা লিগার ইতিহাসে ক্লাবটির সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ এবং বার্সেলোনার হয়ে জিতেছেন তিনটি লা লিগা শিরোপা।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তিনি সর্বকনিষ্ঠ গোলদাতা। তিনি মাত্র ১৭ বছর ২৯১ দিন বয়সে বার্সেলোনার হয়ে ১০০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে অনন্য কীর্তি গড়েছেন। টানা দুই বছর (২০২৪ ও ২০২৫) বিশ্বের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। ২০২৪ সালে হয়েছিলেন ইউরোপের সেরা তরুণ ফুটবলার এবং ২০২৫ সালের ব্যালন ডি'অরে রানার্সআপ। যদি তিনি এবার বিশ্বকাপ জিততে পারেন, তবে তার সাফল্যের মুকুটে একটি নতুন পালক যুক্ত হবে।
অন্যদিকে, ক্রিকেটে বৈভব সূর্যবংশীর উত্থানও কম বিস্ময়কর নয়। মাত্র ১৫ বছর বয়সেই যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন, সেটিই তার জন্য বিশেষ দ্রষ্টব্য। একের পর এক বয়সভিত্তিক রেকর্ড ভেঙে আলোচনায় এসেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাধ্যমে তিনি ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ফেলেছেন।
এর আগে ১৪ বছর ২৩ দিন বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক করে তিনি টুর্নামেন্টটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হওয়ার কৃতিত্বও অর্জন করেন। প্রথম আইপিএল মৌসুমেই মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে, ভারতীয়দের মধ্যে দ্রুততম আইপিএল শতকের রেকর্ড গড়েছেন তিনি।
চলতি আইপিএলেও দুর্দান্ত ছিলেন। ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেন বৈভব। ৭২টি ছক্কা মেরে ভেঙেছেন ক্রিস গেইলের একটি রেকর্ড। বয়সভিত্তিক ক্রিকেটের অসংখ্য রেকর্ড এখন এই বিহারি বিস্ময়বালকের দখলে রয়েছে। এখন একটি অপেক্ষার বিষয় হলো আন্তর্জাতিক ক্রিকেটে একই ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বজয়ের স্বাদ পুনরাবৃত্তি করা।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
দুই কিশোরের মধ্যে আরেকটি মজার মিল হলো- দুজনই বাঁহাতি। ইয়ামালের বাম পায়ের কৌশল, অসাধারণ ড্রিবলিং এবং নিখুঁত প্লেমেকিং প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বৈভবের বাঁহাতি ব্যাটিংয়ের সামনে ইতোমধ্যে বিশ্বের নামী বোলাররা বিপাকে পড়ছেন। ব্যস্ত ক্রীড়া সূচির মধ্যে উভয়েই পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ইউরো ২০২৪ চলাকালীন স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হন ইয়ামাল। বৈভব সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার জন্য নিবন্ধন করলেও ব্যস্ত ক্রিকেট সূচির কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি।
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর ক্লাবটির ভবিষ্যৎ এখন অনেকাংশে ইয়ামালের কাঁধে। এ প্রসঙ্গে একটি আবেগঘন স্মৃতিও এখন বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। প্রায় ১৯ বছর আগে মাত্র পাঁচ মাস বয়সী ইয়ামালকে একটি প্রচারণামূলক ফটোশুটে বাথটাবে গোসল করিয়ে দিয়েছিলেন তখনকার ২০ বছর বয়সী তরুণ লিওনেল মেসি। এই ছবিটি এখন ভাইরাল। তখন কেউ কল্পনাও করেনি, একদিন মেসির আর্জেন্টিনা এবং ইয়ামালের স্পেন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে।
অবিশ্বাস্য প্রতিভা, আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা- এই তিন গুণই লামিন ইয়ামাল এবং বৈভব সূর্যবংশীকে এত অল্প বয়সে বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। প্রত্যাশার বিশাল চাপ কাঁধে নিয়েও তারা যেভাবে নিজেদের মেলে ধরছেন, সেটি সত্যিই বিস্ময়কর। ইতোমধ্যেই তারা তাদের প্রতিভার প্রমাণ দিয়েছেন। এখন সেই প্রতিভাকে দীর্ঘমেয়াদি সাফল্যে রূপ দিতে পারলে, তাদের সম্ভাবনার আকাশ হবে আরও বিস্তৃত।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন