মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
০৬:২১ পি.এম
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার পশ্চিম গভামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপন চাকমা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’-এ কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো দায়িত্ব পালনের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম গভামারা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে পড়ে যান। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও দুর্ঘটনার আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ তৈরি হয়। সহকর্মী ও পরিচিতজনরা জানান, সুপন চাকমা দায়িত্বশীল ও কর্মঠ একজন মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন এলাকায় কাজ করে আসছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ি সড়কগুলোতে দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে বর্ষাকালে পিচ্ছিল সড়ক ও কাদামাটির কারণে মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকি আরও বৃদ্ধি পায়।
সুপন চাকমার অকাল মৃত্যুতে তার পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোক নেমে এসেছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই তীব্র বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরাইল সরকারের সাথে গুগলের একটি বিতর্কিত চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শিক্ষার্থীদের একটি অংশ ওয়াকআউট করে।
গত রোববার (১৪ জুন) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক শিক্ষার্থী হিসেবে বক্তব্য দেয়ার জন্য সুন্দর পিচাইয়ের নাম ঘোষণা করা হলে, সঙ্গে সঙ্গে শুরু হয় বিক্ষোভের দৃশ্য।
ছাত্রছাত্রীরা আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়েছিল এবং প্যালেস্টাইনের পতাকা নাড়াতে ও বাঁশি বাজাতে শুরু করে। পরবর্তী সময়ে তারা স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, স্নাতক পোশাক ও টুপি পরিহিত বহু শিক্ষার্থী অনুষ্ঠানস্থল ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। এসময় কেউ কেউ সুন্দর পিচাইয়ের উদ্দেশে বিদ্রুপমূলক ও হুঁশিয়ারিমূলক স্লোগানও ছুঁড়ে দেন।
‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন’ এবং ‘নো টেক ফর অ্যাপারথাইড’ নামে দুই সংগঠনের উদ্যোগে ওয়াকআউটের আয়োজন করা হয়েছিল।
গুগলের প্রধান নির্বাহীর বিরুদ্ধে এই বিক্ষোভের মূল কারণ হলো ইসরাইল সরকারের সাথে গুগলের একটি বিতর্কিত চুক্তি। ‘প্রোজেক্ট নিম্বাস’ নামে পরিচিত চুক্তির ফলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এবং সামরিক বাহিনী গুগলের উন্নত এআই প্রযুক্তি ও ডেটা সেন্টারের ব্যবহারের সুযোগ পাবে।
মানবাধিকারকর্মীদের মতে, এই প্রজেক্টের মাধ্যমে উন্নত এআই ও ইমেজ রিকগনিশন প্রযুক্তির ব্যবহার করে ইসরাইলি সামরিক বাহিনী ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং সামরিক অভিযান চালাবে। বিতর্কিত এই কর্মকাণ্ডের কারণে দীর্ঘ কয়েক বছর ধরে গুগলের বিরুদ্ধে আন্দোলন চলছে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে এই বিক্ষোভ তারই ধারাবাহিকতা। ম্যাটব্রাউন নামের একটি এক্স হ্যান্ডল থেকে বিক্ষোভের ভিডিও পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছে।
অনুষ্ঠান থেকে বের হয়ে আসার পর অনেক শিক্ষার্থী ‘পিপলস কমেন্সমেন্ট’ নামক একটি পৃথক অনুষ্ঠানে যোগদান করেন। ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ খলিল, যিনি ২০২৪ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি আন্দোলনে অংশ নেওয়ার কারণে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের হাতে ১০০ দিনেরও বেশি সময় আটক ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে জাল শেনজেন ভিসা ব্যবহারের মাধ্যমে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নিলক্ষীয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির নাম মো. আখলাছুর রহমান (৪০)। সিআইডি জানিয়েছে, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র অফিসার (গ্রাউন্ড সার্ভিস, আইএনএস গেইট) হিসেবে কর্মরত ছিলেন। সিআইডির টিএইচবি (মানব পাচার প্রতিরোধ) ইউনিট বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইতালিতে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে একটি মানবপাচার চক্র ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৩০ লাখ টাকা নেয়। এরপর চক্রটি নেপাল ও ইতালিগামী বিমান টিকিট, বোর্ডিং পাস এবং জাল শেনজেন ভিসা সরবরাহ করে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৬ মে ভুক্তভোগীরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইতালির উদ্দেশে রওনা দেন। ইতালির রোম ফিউমিচিনো লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের পাসপোর্টে থাকা ভিসা জাল বলে শনাক্ত করে। পরে তাদের দুই দিন হেফাজতে রেখে ২৮ মে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
দেশে ফিরে ভুক্তভোগীরা ইমিগ্রেশন পুলিশ ও সিআইডির কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তদন্তে জানা যায়, চক্রটি জাল ভিসা ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা হয়। পাশাপাশি দণ্ডবিধির বিভিন্ন ধারায়ও মামলা নথিভুক্ত করা হয়েছে।
তদন্তের এক পর্যায়ে সিআইডি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশ বিমানের কর্মকর্তা মো. আখলাছুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পায় এবং তাকে গ্রেফতার করে।
সিআইডি জানিয়েছে, মানবপাচার চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
এদিকে সিআইডি বিদেশগামীদের প্রতি বৈধ ও সরকার অনুমোদিত প্রক্রিয়ায় বিদেশযাত্রার আহ্বান জানিয়েছে। মানবপাচার বা জাল ভিসা সংক্রান্ত তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বাংলাদেশস্থ রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি।
মঙ্গলবার (১৬ জুন) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে তিনি (জন ফ্লুহার্টি) ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে আইআরআই’র সহযোগিতার প্রস্তাব দেন।
বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এ প্রতিষ্ঠানের বাংলাদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের কথা স্পিকারকে তিনি অবহিত করেন।
বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশে পাচারের প্রসঙ্গে স্পিকার এ অর্থ দেশে ফিরিয়ে আনতে মার্কিন সহযোগিতা চান। শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের নিপীড়নের উদাহরণ দিতে গিয়ে স্পিকার বলেন, আয়না ঘর, গুম, খুন, বিরোধী মতের দমন-পীড়ন এমন পর্যায়ে পৌঁছেছিলো যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে গিয়েছিলো।
স্পিকার বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ এ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত বাংলাদেশের ইতিহাসের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার বিরোধী দলের সাথে সকল বিষয়ে আলোচনা করে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
নব-নির্বাচিত সংসদ সদস্যরাও ধীরে ধীরে সংসদ কার্যপ্রণালীগুলো আয়ত্তে আনার প্রসঙ্গ উল্লেখ করে স্পিকার বলেন, ইতোমধ্যে ইউএনডিপি সংসদ সদস্যদের জন্য অরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে বিশেষজ্ঞগণের মাধ্যমে সংসদ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে হাতে-কলমে ধারণা দেয়।
বর্তমান গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য হচ্ছে বিরোধী দলসহ গণমানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা ও দেশকে দুর্নীতিমুক্ত করা। সরকার ও বিরোধী দল আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছাবে বলে স্পিকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। ইতোমধ্যে জ্বালানি সংকটসহ জাতীয় ইস্যুগুলোতে বিরোধীদল আন্তরিকভাবে সংকট উত্তরণে সহযোগিতা করে যাচ্ছে যা অত্যন্ত আশাব্যাঞ্জক।
এ সময় বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সারওয়ার ভূইয়া ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর কনসালট্যান্ট অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুই ওমান প্রবাসী যুবক ২০ লিটার দুধ দিয়ে গোসল করে প্রেম ও জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিয়েছেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
জানা গেছে যে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা সম্পদ এবং সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা সাকিব দীর্ঘদিন ধরেই ওমানে কর্মরত রয়েছেন। সম্প্রতি, তারা স্থানীয়দের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে প্রেম ও জুয়া থেকে দূরে থাকার ঘোষণা দেন।
প্রবাসী ইউসুফ আলী জানান, সাকিব ও সম্পদসহ বেশ কয়েকজন হাতিয়ার বাসিন্দা একই সঙ্গে ওমানে কাজ করছেন। তাদের মধ্যে সাকিব ও সম্পদ মূলত তাস খেলা, মোবাইল ভিত্তিক জুয়া এবং অনলাইন প্রেমে আসক্ত ছিলেন।
পরিশ্রম করে উপার্জিত অর্থের একটি বড় অংশ তারা জুয়া ও নারীদের পিছনে ব্যয় করতেন। পরিবার তাদের প্রবাসে পাঠানোর জন্য ঋণ করলেও তারা নিয়মিতভাবে পরিবারের জন্য অর্থ পাঠাতেন না। সহকর্মী ও রুমমেটরা বারবার বুঝিয়েও তাদের অভ্যাস পরিবর্তন করতে সক্ষম হননি।
তিনি আরও জানান, সম্প্রতি তারা বিপুল পরিমাণ অর্থ অপচয় করেন। পরে রুমমেটদের উদ্যোগে তাদের দুধ দিয়ে গোসল করিয়ে প্রেম ও জুয়া ছাড়ার শপথ করানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দুই যুবকের শরীরে দুধ ঢেলে দিচ্ছেন এবং তারা ভবিষ্যতে প্রেম ও জুয়ার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করছেন। এই সময় উপস্থিত লোকজন তাদের নতুন জীবন শুরু করার জন্য শুভকামনা জানান।
ভিডিওটি প্রকাশের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে আত্মশুদ্ধি ও অনুশোচনার প্রতীক হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন।
এ বিষয়ে সাকিব ও সম্পদ জানান, তারা অতীতে যে কাজগুলো করেছেন, সেগুলো ভুল ছিল। অনুশোচনা থেকেই তারা দুধ দিয়ে গোসল করে নতুনভাবে জীবন শুরু করার শপথ নিয়েছেন। তারা ভবিষ্যতে জুয়া, তাস খেলা কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডে আর জড়াবেন না। একই সঙ্গে তারা সবার কাছে দোয়া কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ