০৬:২৪ পি.এম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই তীব্র বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরাইল সরকারের সাথে গুগলের একটি বিতর্কিত চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শিক্ষার্থীদের একটি অংশ ওয়াকআউট করে।
গত রোববার (১৪ জুন) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক শিক্ষার্থী হিসেবে বক্তব্য দেয়ার জন্য সুন্দর পিচাইয়ের নাম ঘোষণা করা হলে, সঙ্গে সঙ্গে শুরু হয় বিক্ষোভের দৃশ্য।
ছাত্রছাত্রীরা আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়েছিল এবং প্যালেস্টাইনের পতাকা নাড়াতে ও বাঁশি বাজাতে শুরু করে। পরবর্তী সময়ে তারা স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: আরব দলগুলোর সঙ্গে জোট গঠনকে লজ্জাজনক বললেন নেতানিয়াহু
ভিডিওতে দেখা যায়, স্নাতক পোশাক ও টুপি পরিহিত বহু শিক্ষার্থী অনুষ্ঠানস্থল ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। এসময় কেউ কেউ সুন্দর পিচাইয়ের উদ্দেশে বিদ্রুপমূলক ও হুঁশিয়ারিমূলক স্লোগানও ছুঁড়ে দেন।
‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন’ এবং ‘নো টেক ফর অ্যাপারথাইড’ নামে দুই সংগঠনের উদ্যোগে ওয়াকআউটের আয়োজন করা হয়েছিল।
গুগলের প্রধান নির্বাহীর বিরুদ্ধে এই বিক্ষোভের মূল কারণ হলো ইসরাইল সরকারের সাথে গুগলের একটি বিতর্কিত চুক্তি। ‘প্রোজেক্ট নিম্বাস’ নামে পরিচিত চুক্তির ফলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এবং সামরিক বাহিনী গুগলের উন্নত এআই প্রযুক্তি ও ডেটা সেন্টারের ব্যবহারের সুযোগ পাবে।
মানবাধিকারকর্মীদের মতে, এই প্রজেক্টের মাধ্যমে উন্নত এআই ও ইমেজ রিকগনিশন প্রযুক্তির ব্যবহার করে ইসরাইলি সামরিক বাহিনী ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং সামরিক অভিযান চালাবে। বিতর্কিত এই কর্মকাণ্ডের কারণে দীর্ঘ কয়েক বছর ধরে গুগলের বিরুদ্ধে আন্দোলন চলছে।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে এই বিক্ষোভ তারই ধারাবাহিকতা। ম্যাটব্রাউন নামের একটি এক্স হ্যান্ডল থেকে বিক্ষোভের ভিডিও পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছে।
অনুষ্ঠান থেকে বের হয়ে আসার পর অনেক শিক্ষার্থী ‘পিপলস কমেন্সমেন্ট’ নামক একটি পৃথক অনুষ্ঠানে যোগদান করেন। ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ খলিল, যিনি ২০২৪ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি আন্দোলনে অংশ নেওয়ার কারণে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের হাতে ১০০ দিনেরও বেশি সময় আটক ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন