০৫:৩৩ পি.এম
বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি শুরু থেকেই ছিলো, বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তবে তিনি নিশ্চিত করেছেন যে, অনেক আলামতের হদিস না মিললেও হাইকোর্টের নির্দেশে বর্তমান তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
বুধবার (৩ জুন) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাক্ষাৎ করতে এসেছিলেন সাগর-রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ। সেখানে সে তার বাবা-মা হত্যার প্রকৃত বিচার দাবি করেছে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, হত্যাকাণ্ডের পর সে সময়ের অনেক আলামতের এখন আর হদিস পাওয়া যাচ্ছে না। এছাড়া, এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় কোনো ধারাবাহিকতা না থাকায় বর্তমান নতুনভাবে প্রতিষ্ঠিত তদন্ত টিমকে মোকাবিলা করতে হচ্ছে অনেক সমস্যা।
আরও পড়ুন: আলমগীর হোসেনকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ বায়োজেনের
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে হাইকোর্টের নির্দেশে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে এখন এই মামলার তদন্ত কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এত বছর পার হয়ে গেলেও এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনের মূল রহস্য (মোটিভ) উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে এখনও সক্ষম হয়নি একাধিক তদন্তকারী সংস্থা, যারা পরপর পরিবর্তিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন