১২:৫৬ পি.এম
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে ‘মানহীন ওষুধ বাজারে রেখে রহস্যজনক নীরবতা-ঔষধ প্রশাসনের আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুর্নীতির জালে হুমকিতে জনস্বাস্থ্য’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত ওই সংবাদে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন এবং বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে জড়িয়ে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদের বক্তব্য ও উপস্থাপিত তথ্যের সঙ্গে প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থানের উল্লেখযোগ্য অসংগতি রয়েছে। বিশেষ করে মানহীন ওষুধ উৎপাদন, ঘুষ, দুর্নীতি, অনৈতিক আর্থিক লেনদেন এবং অবৈধ যোগসাজশের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে যথাযথ তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিবাদলিপিতে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড দৃঢ়ভাবে দাবি করেছে, প্রতিষ্ঠানটি কোনো ধরনের মানহীন ওষুধ উৎপাদন, ঘুষ, দুর্নীতি, অনৈতিক আর্থিক লেনদেন কিংবা সরকারি কর্মকর্তাদের সঙ্গে অবৈধ যোগসাজশে জড়িত নয়। একইভাবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে জড়িয়ে প্রকাশিত অভিযোগের সঙ্গেও প্রতিষ্ঠানটির কোনো অনৈতিক সংশ্লিষ্টতা নেই।
আরও পড়ুন: ইরান, হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের সহযোগিতার আশ্বাস দিল
সংবাদে ওষুধের নমুনা পরীক্ষা, পরীক্ষাগারের প্রতিবেদন, নিবন্ধন স্থগিতকরণ এবং উৎপাদন ও বাজারজাতকরণসংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিধিবদ্ধ প্রক্রিয়া, পরীক্ষার ফলাফল ও দাপ্তরিক নথির আলোকে মূল্যায়নযোগ্য বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। কোনো নির্দিষ্ট পণ্যের নমুনা পরীক্ষার ফলাফল বা প্রশাসনিক পর্যবেক্ষণকে ঘুষ, দুর্নীতি কিংবা অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করার আগে যথাযথ তথ্য-প্রমাণ থাকা প্রয়োজন বলেও প্রতিবাদলিপিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানহীন ওষুধ বাজারজাত অব্যাহত রাখা এবং প্রশাসনিক নির্দেশনা অমান্য করার যে অভিযোগ প্রকাশিত হয়েছে, সে বিষয়েও যথাযথ তথ্য যাচাই ও সংশ্লিষ্ট নথির ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জানিয়েছে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংশ্লিষ্ট পণ্যের ব্যাচ, পরীক্ষার ফলাফল, উৎপাদন ও সরবরাহের তথ্য এবং প্রশাসনিক সিদ্ধান্তের প্রকৃত অবস্থা বিবেচনায় নেওয়া জরুরি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধের গুণগত মান বজায় রাখা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো পণ্য বা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশ্ন, পর্যবেক্ষণ কিংবা তদন্ত থাকলে প্রতিষ্ঠানটি যথাযথ প্রক্রিয়ায় তা মোকাবিলা করতে প্রস্তুত।
এ ধরনের বিষয়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ যাচাই করা অপরিহার্য বলেও মনে করে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: ইকবাল সোবহানের আটক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রতিবেদকের প্রতি প্রকাশিত সংবাদের তথ্য ও অভিযোগ পুনরায় যাচাই করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বক্তব্য যথাযথ গুরুত্বসহকারে বিবেচনা করে প্রতিবাদলিপিটি মূল সংবাদের সমান গুরুত্ব ও মর্যাদায় প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের সুনাম, স্বচ্ছতা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন এবং প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের অধিকার প্রতিষ্ঠানটি সংরক্ষণ করছে।
এ বিষয়ে ইতোমধ্যে পল্টন মডেল থানা এবং পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জিডি নম্বর যথাক্রমে ২৩১ ও ১৪৬; উভয় জিডির তারিখ ৩ নভেম্বর ২০২৬।
প্রকাশিত সংবাদের অসংগতিপূর্ণ, বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্যের বিষয়ে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে ডিবি পরিচয়ে ছিনতাই, তিনজন গ্রেফতার
প্রতিবাদকারী:
ম্যানেজিং ডিরেক্টর
বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড
ঠিকানা: ৫, রাজ্জাক টাওয়ার (৫ম তলা), পুরানা পল্টন, ঢাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন