১২:৫৪ পি.এম
মুক্তির জন্য এখনও বেশ কিছু মাস বাকি রয়েছে। তবুও, শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বাণিজ্যিক হিসাব-নিকাশে উল্লেখযোগ্য চমক দেখাতে সক্ষম হয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিভিন্ন স্বত্ব বিক্রি করে ছবিটির সম্ভাব্য আয় ৬৬৫ কোটি রুপি (বাংলাদেশি টাকায় যা ৮৬৮ কোটি ২৫ লাখেরও বেশি) দাঁড়িয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রির পরিমাণ ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে বলে জানা গেছে।
সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘কিং’-এর আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব ১৭৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। ছবিটি ভারতের বাইরে পরিবেশনার দায়িত্ব পেয়েছে ফার্স ফিল্মস। এই প্রতিষ্ঠানটি এই বিপুল অঙ্কের বিনিময়ে স্বত্ব কিনেছে ন্যূনতম গ্যারান্টির ভিত্তিতে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এটি ভারতীয় সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ ন্যূনতম গ্যারান্টির চুক্তি। এর আগে কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে এই অঙ্ক ১০০ কোটি রুপি অতিক্রম করেনি। শুধু আন্তর্জাতিক বাজার নয়, ভারতের বাজারেও ছবিটির জন্য বড় অঙ্কের চুক্তি সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: থাইল্যান্ডে স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম
পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর। এছাড়া, ওটিটি স্বত্ব নেটফ্লিক্সের কাছে ১৫০ কোটি রুপি বিক্রি হয়েছে। স্যাটেলাইট স্বত্ব থেকে ২৫ কোটি এবং সংগীতস্বত্ব বিক্রি হয়েছে ৬৫ কোটি রুপি।
তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে বিশেষ শর্ত রয়েছে। প্রেক্ষাগৃহে ছবিটির ব্যবসার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত মূল্য কমবেশি হতে পারে। অর্থাৎ, বক্স অফিসে ‘কিং’ যত ভালো ব্যবসা করবে, এই খাত থেকে আয়ের অঙ্কও তত বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ছবিটির নির্মাণব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুরুতে ‘কিং’-এর বাজেট ছিল প্রায় ২০০ কোটি রুপি। পরবর্তীতে পরিকল্পনায় পরিবর্তন আসার কারণে এটি বেড়ে প্রায় ৪০০ কোটি রুপি দাঁড়িয়েছে। শাহরুখ খানের পারিশ্রমিক যুক্ত হলে মোট ব্যয় প্রায় ৫০০ কোটি রুপি হতে পারে। ফলে মুক্তির আগেই বড় অঙ্কের আয় নিশ্চিত হলেও বিনিয়োগের তুলনায় লাভের হিসাব মেলাতে প্রেক্ষাগৃহে ছবিটির সাফল্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় কাজ করেছিলেন শাহরুখ খান। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এবার এই পরিচালকের সঙ্গে নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ফিরছেন তিনি। ছবিটিতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্ল ও ববি দেওলসহ একঝাঁক তারকা।
আরও পড়ুন: শিল্পীদের ব্যক্তিগত সময়েও গোপন ক্যামেরা, সতর্ক করলেন রেশমা আহমেদ
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘কিং’। মুক্তির আগেই আয়ের এই হিসাব সিনেমাটি ঘিরে দর্শক ও বাণিজ্য বিশ্লেষকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন