ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নারীর ক্ষমতায়নই দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী


নারীর ক্ষমতায়নই দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতে হবে। সরকার ভবিষ্যতে বিদেশে রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে দুধ উৎপাদনের পরিধি বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারি : উন্নয়নের অগ্রযাত্রা’।

প্রতিমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। যদি নারীরা শক্তিশালী হন, তাহলে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। তিনি উল্লেখ করেন, দুগ্ধ খামারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ বর্তমান সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

তিনি আরও বলেন, দুগ্ধ খাতে নারীদের অংশগ্রহণ শুধু প্রশংসনীয় নয়, তাদের দক্ষতা উন্নয়নে আরও প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।

খামারিদের প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং বলেন, একজন সফল উদ্যোক্তা দেশের অর্থনীতির জন্য লাভজনক।

প্রতিমন্ত্রী বলেন, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রত্যয়কে ধারণ করে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

তিনি নির্দেশনা দেন যে, সবাই তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশকে আরও এগিয়ে নেওয়া এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও মোবাইল ফোন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও মোবাইল ফোন উদ্ধার

 জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ হাজার ৫শ’টি টাপেন্টাডল ট্যাবলেট এবং ভারতীয় পুরাতন মোবাইল জব্দ করেছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫শ’ টাকা।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত সোমবার ভোর রাতে কুমিল্লা ব্যাটালিয়নের অধীন বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের সর্বদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে।

অভিযানকালে গোলাবাড়ী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়। অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বাসস’কে জানিয়েছেন, জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫শ’ টাকা। জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পুনরায় শুরু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পুনরায় শুরু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম।

সোমবার সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এরফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এরআগে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ঈদের ছুটিতে বন্দরের সবধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিলো। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বাসস’কে জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনসহ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ মতামতের ভিত্তিতে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

তিনি আরো জানান, ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে আবারো উভয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের পুলিশের অফিসার ইনচার্জ তুফান মন্ডল বাসস’কে জানান, ঈদ উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম টানা ৭ দিন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এই সময়ে যথারীতি যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবির তরফদার বাসস’কে জানান, ঈদে টানা ৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো শুরু হয়েছে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম।

ভোমরা স্থলবন্দর কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান বাসস’কে জানান, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চলমান ছিল। আজ থেকে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। এরফলে বন্দর ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য।

তিনি আরো জানান, ভোমরা স্থলবন্দরটি বাংলাদেশ ও ভারত উভয় দেশের ব্যবসা-বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে বিস্ফোরণ, হতাহত অন্তত ১১৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে বিস্ফোরণ, হতাহত অন্তত ১১৬

রবিবার মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি বিস্ফোরণে অন্তত ১১৬ জন হতাহত হয়েছে। দুই জন উদ্ধারকর্মী এ তথ্যটি জানিয়েছেন।

বিদ্রোহীরা, যারা এলাকাটির নিয়ন্ত্রণে রয়েছে, তারা জানিয়েছেন, খনি উত্তোলণের কাজে ব্যবহৃত বিস্ফোরকের বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল শান রাজ্যের নামকাম জেলার এক উদ্ধারকর্মী জানান, দুর্ঘটনায় ছয় শিশুসহ মোট ৪৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি।

ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ ঘটনার খবর জানিয়েছে।

তিনি আরও জানান, ‘ধ্বংসপ্রাপ্ত বাসস্থানগুলোর নিচে আরো লাশ থাকতে পারে।’

অপর এক উদ্ধারকর্মী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছেন, মৃতের সংখ্যা আরও বেশি। তার তথ্য অনুযায়ী, এই ঘটনায় ৫৯ জন মারা গেছেন। জরুরি সেবা কর্মীরা মৃতদেহগুলো সংগ্রহ করে যথাযথভাবে সৎকারের জন্য নিয়ে গেছে।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে কথা বলা ওই জরুরি কর্মী জানিয়েছেন, ভয়াবহ এই বিস্ফোরণে বিপুলসংখ্যক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক বিবৃতিতে টিএনএলএ জানিয়েছে, ‘এই বিস্ফোরণের কারণে অনেক স্থানীয় বাসিন্দা প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তাদের ঘরবাড়িগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে।’

জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর তথাকথিত ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের’ সদস্য হিসেবে টিএনএলএ, আরাকান আর্মি (এএ) এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) গঠিত হয়েছে। এমএনডিএএ ২০২৪ সালের শুরুতে চীনের মধ্যস্থতায় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছেছে।

তবে ওই বছরের জুন মাসে টিএনএলএ শান রাজ্য এবং পার্শ্ববর্তী মান্দালয় অঞ্চলের উপর নতুন করে হামলা চালাতে শুরু করে।

সেই গ্রীষ্মে বিদ্রোহীরা উত্তরের রুবি-খনির শহর মোগোক দখল করে নেয়, যেখানে টিএনএলএ বিরোধী পক্ষের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে।

পরে, গত বছরের অক্টোবরে টিএনএলএ জানিয়েছে, চীনের মধ্যস্থতায় তারা মোগোক থেকে সরে যেতে সম্মত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের নেতৃত্বে বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ার আশাবাদ রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


তারেক রহমানের নেতৃত্বে বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ার আশাবাদ রিজভীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশে কেউ বেকার থাকবে না, এ কথা মন্তব্য করেন তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, একইসঙ্গে এই প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান হকারদের উচ্ছেদের বদলে তাদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিএনপি কখনো বেকারত্ব সৃষ্টি করেনি বরং কর্মসংস্থান সৃষ্টি করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে বিএনপির সরকার দেশের ভেতরে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রিজভী জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কোটিরও বেশি বাংলাদেশি কাজ করছেন। এই বৈদেশিক কর্মসংস্থানের সূচনা জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছে। পাশাপাশি কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্পে প্রণোদনা ও সহযোগিতার মাধ্যমে অসংখ্য উদ্যোক্তা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, গার্মেন্টস খাতে নারীদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতেও জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলোর অন্যতম তৈরী পোশাক শিল্পে অর্ধেকের বেশি নারী কাজ করছেন, যা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বড় উদাহরণ।

বিএনপির এই নেতা বলেন, আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, কখনোই কোনোভাবেই তারেক রহমানের নেতৃত্বে যে দেশ, এই দেশে কেউ বেকার থাকবে না। নানা উদ্যোগে, নানা সেক্টরে কর্মের প্রসার ঘটবে।

রিজভী আরও বলেন, বর্তমান সরকার হকারদের উচ্ছেদের পরিবর্তে পুনর্বাসনের কথা বলছে। কারণ একজন হকারের সঙ্গেও একটি পরিবারের জীবিকা জড়িত। কোনো সরকারপ্রধান প্রথমবারের মতো হকারদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।

তিনি বলেন, অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষের জন্য সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। বিশেষ করে নারীদের অগ্রাধিকার দিয়ে সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা আর্থিক ও সামাজিকভাবে আরও ক্ষমতায়িত হতে পারেন।

জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে রিজভী বলেন, তিনি মানুষের আত্মনির্ভরশীলতা গড়ে তোলার লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছেন। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য ১ হাজার ৬০০ মাইল দীর্ঘ খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, যাতে শুকনো মৌসুমে সেচের পানি সরবরাহ নিশ্চিত করা যায় এবং খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হয়।

তিনি বলেন, এসব খালের মাধ্যমে শুধু কৃষি নয়, মাছ চাষের সুযোগও সৃষ্টি হয়েছিল, যা মানুষের পুষ্টি নিশ্চিত করত এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছিল।

এসময় আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, বিগত ১৬ বছরে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। জনগণের টাকার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে পাচার করেছে ২৮ লাখ কোটি টাকা।

১৬ বছরে শেখ হাসিনা এবং তার দোসররা, তার আত্মীয়স্বজনরা, তার দলের লোকরা পাচার করেছে।

আলাপের সভাপতিত্ব করেন অধ্যাপক আশফাকুল ইসলাম মনু এবং অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%