ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশাল বাকেরগঞ্জে গভীর রাতে গৃহবধূকে কুপিয়ে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ২


বরিশাল বাকেরগঞ্জে গভীর রাতে গৃহবধূকে কুপিয়ে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ২

বরিশালের বাকেরগঞ্জে গভীর রাতে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার লুটের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে উপজেলা ভরপাশা ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের মধ্য ভরপাশা গ্রামে হালিম হাওলাদারের স্ত্রীর ঘরে সংঘবদ্ধ চোরের দল প্রবেশ করে। গৃহবধূ নাজমা বেগম বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার ব্যবহৃত স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
এসময় আহত নারীর দুই কান ছিরে কানের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় দুই চোর।

৯ জুলাই সকালে চুরির ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে সুমন শরিফ ও জাহিদ শরিফকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা চুরির ঘটনা স্বীকার করেন। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে দুই চোরকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: নেছারাবাদের সমুদয়কাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মনিরের

স্থানীয়রা জানায়, সুমন শরিফ ও জাহিদ শরিফ মাদক সেবনও ক্রায়-বিক্রয়ের সাথে জড়িত। মাদকের টাকা জোগাড় করতেই তারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। তারা এই এলাকায় বিভিন্ন রকম অপরাধের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত।

আহত গৃহবধূকে রাতেই পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন: মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত, শি জিনপিংয়ের শোক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত, শি জিনপিংয়ের শোক

চীনের পূর্বাঞ্চলের একটি জুতা কারখানায় বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বেইজিং থেকে এএফপি জানায়, প্রাথমিক হিসাবে নিহতের সংখ্যা অন্তত ২৮ জন।

অভিযোগ উঠেছে যে, কর্তৃপক্ষ জানান যে, জিনজিয়াং শহরের ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল ও উদ্ধারকর্মীদের কয়েক ডজন সদস্য কাজ করছেন।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় দুপুরের দিকে (০৪০০ জিএমটি) ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের হুইতেং শুজ কারখানায় আগুনের সূত্রপাত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আগুন লাগার কয়েক ঘণ্টা পরও কারখানার ভিতরে মানুষ আটকে ছিলেন। তাদের উদ্ধারে ১৮৩ জন দমকল ও উদ্ধারকর্মী এবং ৩৫টি যানবাহন মোতায়েন করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডের ফলে হতাহতের ঘটনা ঘটেছে। তবে কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় ‘ব্যাপক প্রাণহানির’ কথা উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। তবে তিনি নিহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির সরাসরি সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, দমকলকর্মীরা আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবনে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেই ভবনের ভাঙা জানালা দিয়ে ঘন ধূসর ধোঁয়া বের হতে দেখা যায়।

শোকবার্তায় শি জিনপিং বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধারকাজে কোনো ধরনের প্রচেষ্টার ঘাটতি রাখা যাবে না।’ এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেন।

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার কারণ যত দ্রুত সম্ভব উদঘাটন করতে হবে এবং দায়ীদের কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা হবে।’

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের চিকিৎসায় ‘সর্বাত্মক’ প্রচেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, কয়েকজন ব্যক্তি এখনো কারখানার ভিতরে আটকে রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গত নভেম্বরে হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর চীন দেশজুড়ে উঁচু ভবনগুলোতে অগ্নিঝুঁকি প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করে। এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লাগার ফলে ১২ জন নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের দাবিতে ৪৮ বছরের নারীর অবস্থান ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


বিয়ের দাবিতে ৪৮ বছরের নারীর অবস্থান ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে

দিনাজপুরের হিলিতে বিয়ের দাবিতে ৪৮ বছরের একটি নারী ৬০ বছরের বৃদ্ধ এমাজুল হকের বাড়িতে অবস্থান নেন। বুধবার (৮ জুলাই) সকাল থেকে ঐ নারী এমাজুল হকের বাড়ির সামনে অবস্থান শুরু করলে আশপাশের এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে, পুলিশ নারী ও বৃদ্ধ এমাজুল হককে থানায় নিয়ে আসে।

পরে বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবে মিমাংসা করার প্রস্তাবের ভিত্তিতে দুই পরিবারের সদস্যদের হাতেই তাদের দুইজনকে তুলে দেয়া হয়।

হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাকডিমা গ্রামের রাবেয়া বেগম (৪৮) এবং এমাজুল হক (৬৫)। তারা সম্পর্কের দিক থেকে দেবর ও ভাবী। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান জানান, উভয়পক্ষের আলোচনা শেষে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে দুজনের বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মেয়ের পক্ষের কোনো অভিভাবক এখনো পর্যন্ত তার কাছে আসেননি। পরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, গত এক বছর ধরে দুজনের মধ্যে মোবাইলে কথাবার্তা হচ্ছিল। ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে পরিণত হয়। পরে ঐ নারী এমাজুল হককে বিয়ের চাপ দিলে বৃদ্ধ এমাজুল রাজি হতে চাচ্ছিলেন না। এরপর ঐ নারী বৃদ্ধের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন করতে থাকেন। খবর পেয়ে হাকিমপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে লোকজনের ভিড় এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দিলে পুলিশ দুজনকেই থানায় নিয়ে আসে। অভিযুক্ত এমাজুল হক কৃষিকাজ করেন। তিনি এক সন্তানের জনক এবং ঐ নারী তিন সন্তানের জননী। পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয় এবং তাদের সঙ্গে আলোচনা করে সমস্যাটি সামাজিকভাবে সমাধানের পরামর্শ দেয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন ১৫০ পর্যটক, আটকা ৪১১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন ১৫০ পর্যটক, আটকা ৪১১

রাঙ্গামাটির সাজেকে আটকা পরা পর্যটকদের মধ্যে ৫৬১ জনের মধ্যে ১৫০ পর্যটক সেনা সহায়তায় সাজেক ছেড়ে গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে তারা সাজেক ত্যাগ করেন।

বাঘাইহাট সেনা জোন ক্রমেই জানিয়েছে, ভারী বর্ষণজনিত কারণে সড়ক ডুবে যাওয়ার ফলে ৫৬১ জন পর্যটক সাজেকে আটকা পড়ে। তাদের মধ্যে থেকে ১৫০ পর্যটক সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে চলে গেছেন। তাঁদের সড়কের বিভিন্ন স্থান থেকে নৌকা দিয়ে পার করা হয়। এর মধ্যে ১০০ পুরুষ, ৪০ নারী এবং ১০ জন শিশু ছিলো। বাকি যারা রয়েছেন, তাদের বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন মন্তব্য করেছেন, যাদের জরুরি কাজ ছিলো, তারা অনেকেই সেনাবাহিনীর সহযোগিতায় সাজেক ছেড়ে গেছেন। বাকিরা তখনো সেখানে অবস্থান করছেন। সড়ক থেকে পানি সরে গেলে বাকিরা ফিরবেন, এটাই প্রত্যাশা।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, পানি কিছুটা কমে আসায় এবং যাদের জরুরি কাজ ছিলো, তাদের মধ্যে ১৫০ পর্যটক সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন। আমরা রিসোর্ট মালিকদের সাথে আলোচনা করে প্রথম দিনে রুম সার্ভিস বিনামূল্যে দিয়ে থাকার ব্যবস্থা করেছি। পরে সাজেক রিসোর্ট মালিক সমিতির সঙ্গে কথা বলে তাদের থাকা-খাওয়া বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কয়েক দিনের টানা বর্ষণের ফলস্বরূপ খাগড়াছড়ি-সাজেক সড়কের কিছু স্থান ডুবে যায়, যার কারণে পর্যটকরা সাজেকে আটকা পড়েন। অতি ভারী বর্ষণের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন ৭ জুলাই-এর সন্ধ্যা থেকে সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। তবে আটকা পড়া পর্যটকরা তার আগেই সাজেক পৌঁছেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কূটনীতি স্থবির হয়ে ট্রাম্পের ইরান প্রতিনিধিরা তোপের মুখে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


কূটনীতি স্থবির হয়ে ট্রাম্পের ইরান প্রতিনিধিরা তোপের মুখে

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করার পরেও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। মঙ্গলবার হরমুজে জাহাজে হামলার ঘটনা নিয়ে ফের ওয়াশিংটন এবং তেহরান পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে। এই পরিস্থিতিতে সমঝোতা স্মারকটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাম্পের প্রতিনিধিদের ভূমিকা ইরানে প্রশ্নের মুখে পড়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার পরের দিন, প্রতিনিধি জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ সন্দিহান রিপাবলিকান নেতাদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য ফোনে কথা বলেন। এই সমঝোতা স্মারকের আওতায়, দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি চূড়ান্ত চুক্তির আলোচনার জন্য ৬০ দিনের সময়সীমার পথ উন্মুক্ত করা হয়েছে।

১৪-দফা দলিলটির শর্তাবলী ছিল অস্পষ্ট এবং এটি ব্যাখ্যা দাবি করে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এই বিষয়টি ওয়াশিংটনজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে যে, ট্রাম্প আসলে কীসের উপর স্বাক্ষর করেছেন এবং তেহরানের কাছে কী কী ছাড় দেওয়া হয়েছে।

ট্রাম্পের জামাতা কুশনার এবং বিশেষ দূত উইটকফ, ইরান নিয়ে কয়েক মাস ধরে গোপন আলোচনা চালিয়ে আসছিলেন এবং চুক্তির উপযোগিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে রিপাবলিকানদের আশ্বস্ত করতে চেষ্টা করছিলেন।

ফোনকলটি সম্পর্কে অবহিত এক ব্যক্তির মতে, উইটকফ নির্জন, ওক রিজ পারমাণবিক গবেষণাগারে, তার ও কুশনারের সদ্য করা একটি গোপন সফরের উল্লেখ করেন, যেখানে তারা প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে দেখা করেন। উইটকফের মতে, সেই বিশেষজ্ঞদের অনেকেই এই প্রচেষ্টায় যোগ দিতে প্রস্তুত ছিলেন।

ফোনকলটির সঙ্গে পরিচিত এক ব্যক্তির মতে, উইটকফ আরও বলেন যে, তিনি আশা করছেন ‘সবচেয়ে কঠিন বিষয়’—ইরানের পারমাণবিক কর্মসূচি—নিয়ে আলোচনা অবিলম্বে শুরু হবে।

কিন্তু এর তিন সপ্তাহ পরেও, কারিগরি আলোচনা সবেমাত্র শুরু হয়েছে, এবং পুরো চুক্তিটিই ছিন্নভিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকেই ছোটখাটো সংঘর্ষ ঘটছে, কিন্তু সর্বশেষ এই উত্তেজনা সেই ভঙ্গুর চুক্তির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা ট্রাম্প এখন ‘শেষ’ বলে ঘোষণা করেছেন।

মঙ্গলবার হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালায়, যার জবাব দেয়ার অঙ্গীকার করে তেহরান। বুধবার, পাল্টাপাল্টি হামলায় জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র।

এই অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, ইরানের বিষয়ে প্রশাসনের ঘোষিত লক্ষ্যসমূহের (যার মধ্যে দেশটির সমৃদ্ধ পারমাণবিক উপাদান অপসারণ অন্তর্ভুক্ত) এবং সেগুলো অর্জনের সম্ভাবনার মধ্যে ব্যবধান ক্রমাগত বেড়ে চলেছে—৬০ দিনের মধ্যে অর্জন করা তো দূরের কথা।

সিএনএন জানায়, এই সবকিছু কয়েকটি বড় প্রশ্ন উত্থাপন করেছে: সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে কতটা অর্জন সম্ভব হয়েছে; ঠিক কী কী বিষয়ে একমত হওয়া গেছে; এবং ক্রমবর্ধমান তেলের দাম ও যুদ্ধ শেষ করার প্রচণ্ড চাপের মধ্যে উইটকফ ও কুশনার, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে মিলে, তাদের কূটনৈতিক অগ্রগতির পরিমাণকে বাড়িয়ে বলেছিলেন কি না।

‘সমঝোতা স্মারকটি আসলে কোনো কিছুরই সমাধান করেনি,’ বলেছেন নেট সোয়ানসন, যিনি স্টেট ডিপার্টমেন্টের সাবেক পেশাদার কর্মকর্তা এবং এক দশক ধরে প্রশাসনের ইরান নীতি নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন ও ২০২৫ সালের বসন্তে ইরান আলোচনায় অংশ নিয়েছিলেন। তিনি বলেন, চুক্তিটি ছিল প্রায় পুরোটাই একটি আকাঙ্ক্ষা মাত্র।

রিচার্ড নেফিউ, যিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় নিরাপত্তা পরিষদে ইরান বিষয়ক পরিচালক ছিলেন, বলেছেন যে তিনি এই ধরনের সংঘাতের আশঙ্কা করেছিলেন, ‘কারণ একদিকে যেমন মূল চুক্তিটির ভুল ব্যাখ্যা হচ্ছে, অন্যদিকে মূল বিষয়গুলোর কোনোটিরই সমাধান হয়নি।’

‘এমনকি আপনি এটাও বলতে পারেন যে, সমঝোতা স্মারকটি পরিস্থিতিকে আরও খারাপ করেছে’, নেফিউ যোগ করেন, বিশেষ করে হরমুজ প্রণালীর ক্ষেত্রে। যদিও প্রশাসন জোর দিয়ে বলেছে যে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিতে পারবে না, কিন্তু সমঝোতা স্মারকটিতেই তা অর্জনের জন্য কোনো স্পষ্ট প্রক্রিয়া উল্লেখ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%