০৫:২৩ পি.এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনিয়র শিক্ষার্থীদের দ্বারা নবীন শিক্ষার্থীদের র্যাগিং দেওয়ার কারণে ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।
মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান কর্তৃক স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বহিষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. ফজলে হাসান ফাহাদ, আল-আমিন হোসাইন, জাহিদ হাসান, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান খান আকিব, মাহমুদুল আমিন সিয়াম, মোস্তাফিজুর রহমান ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল। এই শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, বহিষ্কৃত শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য
অফিস আদেশে জানানো হয়েছে যে, কর্তৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হচ্ছে যে, গত ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) কিছু শিক্ষার্থী কর্তৃক একই বিভাগের ৫৫তম ব্যাচের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন, অকথ্য ভাষায় গালিগালাজ এবং কান ধরিয়ে ওঠবস করানোর মাধ্যমে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে (মনপুরা) র্যাগিং করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৫(ঙ) ধারা অনুযায়ী ‘বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো জায়গায় টিজ/র্যাগিং/নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না’ লঙ্ঘন করায় এ অভিযোগের ভিত্তিতে জড়িতদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন