০৮:৩৮ পি.এম
বরিশালের বাকেরগঞ্জ পৌর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন দুই দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কোনো তোয়াক্কা করছে না অসাধু ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে, প্রশাসনের অভিযানকে রীতিমতো তামাশায় পরিণত করেছে একটি চক্র।
জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাকেরগঞ্জ পৌরসভার বাজার এলাকায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব অভ্র জ্যোতি বড়াল। এর আগেও একবার একই ধরনের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে পৌর কর্তৃপক্ষ ও বাকেরগঞ্জ থানা পুলিশ।
প্রশাসন থেকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, উচ্ছেদকৃত স্থানে পুনরায় কোনো দোকান বা অস্থায়ী স্থাপনা বসানো যাবে না এবং বসালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু সরেজমিনে দেখা গেছে, প্রশাসন চলে যাওয়ার কয়েক ঘণ্টা পরই, বিশেষ করে বিকাল ও সন্ধ্যার পর ফের ফুটপাত দখল করে মালামাল রেখে ব্যবসা শুরু করেন ওই অসাধু ব্যবসায়ীরা। ফলে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌর বাজার গড়ার যে উদ্যোগ, তা ভেস্তে যাচ্ছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী, নারী, শিশু ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। ফুটপাত দখল থাকায় বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু দিনের বেলায় লোক দেখানো অভিযান নয়, সন্ধ্যাকালীন নিয়মিত মনিটরিং এবং দখলদারদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর ব্যবস্থা না নিলে এই ফুটপাত কখনোই দখলমুক্ত হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন