০৯:৩৪ পি.এম
দুইবারের ব্যালন ডি’অর জয়ী স্পেনের নারী দলের মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুটেলাস লন্ডন সিটি লায়নেসের সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছেন। তিন বছরের চুক্তিতে তিনি এই ক্লাবে যোগ দিয়েছেন।
বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে তিনি ফ্রি এজেন্ট হিসেবে লন্ডন সিটি লায়নেসে যুক্ত হয়েছেন।
নারী ফুটবলের অন্যতম সেরা তারকা, স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুটেলাস বার্সেলোনার সাথে দীর্ঘ ১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে ইংল্যান্ডে পাড়ি জমালেন। গত মে মাসে বার্সেলোনা ছাড়ার পর বিশ্বের প্রায় সব শীর্ষ ক্লাবই তাকে দলে নিতে আগ্রহী ছিল। তবে সবাইকে চমকে দিয়ে তিনি লন্ডন সিটি লায়নেসকে বেছে নিয়েছেন।
আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের
৩২ বছর বয়সী এই খেলোয়াড় বার্সেলোনার হয়ে ১০টি লিগ শিরোপাসহ ৩৮টি ট্রফি জিতেছেন। এই চুক্তিটি উইমেনস সুপার লিগ (ডব্ল্যু এসএল) তথা বিশ্ব নারী ফুটবলের ইতিহাসে অন্যতম বড় চমক হিসেবে দেখা হচ্ছে।
লন্ডন সিটির মার্কিন ধনকুবের মালিক মিশেল ক্যাংয়ের সঙ্গে নিউ ইয়র্ক সিটিতে পুটেলাসকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় পুটেলাস বলেছেন, ‘লন্ডন সিটি লায়নেসের সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি রোমাঞ্চিত।’
তিনি চেলসি, রিয়াল মাদ্রিদ বা আর্সেনালের মতো বড় কোনো পুরুষ ক্লাবের ছায়ায় না থেকে, সম্পূর্ণ স্বাধীন এবং নারীদের জন্য নিবেদিত একটি ক্লাবের হয়ে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ নিয়েছেন। ক্লাবটির মালিক মিশেল ক্যাং-এর নারী ফুটবলকে বিশ্বমঞ্চে এগিয়ে নেওয়ার অনন্য পরিকল্পনা আকৃষ্ট করেছে পুটেলাসকে।
পুটেলাস আরো বলেন, ‘মাঠের বাইরে, যুব ফুটবল উন্নয়নের প্রতি আমার যে ভালোবাসা রয়েছে, তা বজায় রেখে ইংল্যান্ডে এবং বিশ্বমঞ্চে নারী ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য মিশেলের সাথে কাজ করতে আমি সমানভাবে উচ্ছ্বসিত।’
আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার
পুটেলাস তার শেষ মৌসুমে অধিনায়ক হিসেবে বার্সেলোনাকে চতুর্থ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছিলেন। অপরদিকে লন্ডন সিটি তাদের প্রথম ডব্লিউএসএল মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে শেষ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন