০৩:১৪ এম
শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুকে ভর্তি করা হয়েছে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পরিবার ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
দলীয় সূত্র ও স্বজনদের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে বরকত উল্লাহ বুলুকে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শনিবার রাতে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত ঢাকায় রেফার করা হয়। বর্তমানে তিনি জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বরকত উল্লাহ বুলুর শারীরিক পরিস্থিতির অবনতি হলে শনিবার দিবাগত রাতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এদিকে বরকত উল্লাহ বুলুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আবেদন জানিয়েছেন তার বড় ছেলে ওমর শরীফ মো. ইমরান সানিয়াত। নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সালসহ স্থানীয় নেতৃবৃন্দও বুলুর আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন