১১:৩৩ এম
ইন্দোনেশিয়ার অশান্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে এক মার্কিন পাইলট বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত পাইলটের মরদেহ উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী।
শুক্রবার (৩ জুলাই) ইন্দোনেশীয় সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। এর আগে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জানিয়েছে, এই হামলা যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের জন্য একটি বার্তা।
পাপুয়া দ্বীপে খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই চালিয়ে আসছেন। সম্প্রতি, উন্নত অস্ত্রশস্ত্র হাতে পাওয়ায় তাদের হামলার ধরন আরও মারাত্মক ও ঘন ঘন হয়ে উঠেছে।
আরও পড়ুন: আরব দলগুলোর সঙ্গে জোট গঠনকে লজ্জাজনক বললেন নেতানিয়াহু
সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির (টিপিএনপিবি) মুখপাত্র সেবি সামবম বৃহস্পতিবার (২ জুলাই) বলেন, তাদের সদস্যরা মার্কিন পাইলট নিকোলাস এফ গোসেলিনকে গুলি করে হত্যা করেছেন। হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলে উড়োজাহাজটি অবতরণ করার পর তারা বিমানটিতে আগুন ধরিয়ে দেন।
সেবি সামবম আরও জানান, উড়োজাহাজটি বারবার ইন্দোনেশীয় সেনাসদস্যদের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছিল এবং টিপিএনপিবির জারি করা আলটিমেটাম লঙ্ঘন করছিল। তিনি হুঁশিয়ারি দেন, ইন্দোনেশিয়া যদি বেসামরিক উড়োজাহাজগুলোকে পাপুয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত রেড জোনে প্রবেশের অনুমতি দেয়া বন্ধ না করে, তবে সামনে আরও হামলা চালানো হবে।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এই মুখপাত্র বিবৃতিতে বলেন, ইন্দোনেশীয় সামরিক বাহিনী ও ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মধ্যকার সংকটের মূল কারণগুলো সমাধানে ব্যর্থতার দায় মনে করিয়ে দিতেই এই হামলা করা হয়েছে। এর মাধ্যমে ইন্দোনেশিয়া ও মার্কিন সরকারকে একটি বার্তা প্রদান করা হয়েছে।
পাপুয়ার সামরিক মুখপাত্র উইরিয়া আরতাদিগুনা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলার কথা নিশ্চিত করে জানান, মার্কিন পাইলটের মরদেহ উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সামরিক বাহিনী হামলাকারীদের খোঁজার কাজে রয়েছেন, এবং ওই ফ্লাইটের যাত্রীদের সন্ধানও করছেন।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, উড়োজাহাজটিতে সাতজন যাত্রী ছিলেন, এবং তারা সবাই পাপুয়ার স্থানীয় বাসিন্দা।
জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন