০২:০০ পি.এম
ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ তৌসিফ মাহবুব ও সাফা কবির। তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে প্রায়ই একসঙ্গে দেখা যায়। তবে সম্প্রতি গায়ে হলুদের সাজে এই দুই তারকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকের মনে প্রশ্ন উঠেছে, তবে কি তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন?
সম্প্রতি একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রিসোর্টে জমকালো গায়ে হলুদের আয়োজনে হাজির হয়েছেন তৌসিফ ও সাফা। সাফার পরনে ছিল হলুদ রঙের ওপর বাহারি নকশার লেহেঙ্গা। অন্যদিকে তৌসিফকে দেখা গেছে হলুদ পাঞ্জাবি ও কুর্তিতে। চারপাশে তরুণদের উপস্থিতি এবং দুজনের আনন্দমুখর মুহূর্ত দেখে অনেকেই মনে করছেন, এটি হয়তো তাদের বিয়ের আয়োজন কিংবা কোনো নাটকের দৃশ্য হতে পারে।
তবে বাস্তবতা ভিন্ন। জানা গেছে, পুরো আয়োজনটি মূলত একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের অংশ। প্রতিষ্ঠানটি বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের পোশাক নকশা ও বিক্রি করে। বিজ্ঞাপনচিত্রে তৌসিফ ও সাফার উপস্থিতি দর্শকদের বেশ আকৃষ্ট করেছে। প্রকাশের মাত্র দুই দিনের মধ্যে ভিডিওটির দর্শকসংখ্যা প্রায় সাড়ে চার লাখে পৌঁছেছে। অনেকেই তাদের পর্দার রসায়নের প্রশংসা করেছেন।
আরও পড়ুন: আসিফ আকবর: ডিসেম্বর জানুয়ারি করলেও দেশে আর ঠিকানা নেই
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ছিল তৌসিফ মাহবুবের জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে সিলেট ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেই সফরে তৌসিফ ও সাফার পাশাপাশি ছিলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং সৈয়দ জামান শাওন। অভিনেতা সিয়াম আহমেদেরও যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।
এদিকে তৌসিফকে সম্প্রতি শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব সিনেমায় দেখা যাচ্ছে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন