১০:৪৮ পি.এম
চট্টগ্রামের বাঁশখালীতে চারদিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির দুই স্কুলছাত্রের পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের অভিযোগ, অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে একটি চক্র। পুলিশ জানায়, তারা নিখোঁজ হয়েছে এবং উদ্ধারের কাজ চলছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন মোহাম্মদ আবু রায়হান ও মো. আনিসুর রহমান। উভয়ের বয়স ১৩ বছর। তারা পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তাদের বাড়ি ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোতকখালী এলাকায়। আবু রায়হান আবদুর রশিদের এবং আনিসুর রহমান আবদুর রহিমের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মোহাম্মদ রিয়াদের সঙ্গে বাড়ি থেকে বের হয় তারা। রিয়াদ চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাদের নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে জানা যায়, তারা পুকুরিয়ার চন্দ্রপুর গ্রামে ঝিনুক পোল্ট্রি ফার্মে কর্মচারী হিসেবে কাজ করার জন্য গিয়েছিল। তবে পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, তাদের অন্যত্র নিয়ে গেছে একটি চক্র।
আরও পড়ুন: কুমিল্লার নাঙ্গলকোটে এনজিওর মামলায় গৃহবধূ ফাতেমা জামিনে মুক্ত
স্বজনদের দাবি, শুক্রবার ও শনিবার দুই শিক্ষার্থীকে পুকুরিয়া এলাকার চাঁদপুর বাজারে দেখতে পাওয়া যায়। কিন্তু রোববার থেকে তাদের আর কোনো সন্ধান নেই। রিয়াদের কাছে তাদের অবস্থান জানতে চাইলে সে কিছু জানাতে পারেনি।
নিখোঁজ আবু রায়হানের বাবা আবদুর রশিদ বলেন, ‘আমার ছেলেকে ফেরত দেওয়ার কথা বলে দুটি নম্বর থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। সোমবার সকাল ১০টার মধ্যে টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা। আমি বলেছি, আমরা গরিব মানুষ। এত টাকা জোগাড় করতে সময় লাগবে। নির্ধারিত সময়ের পর ফোন করলে তারা বলে, সঠিক সময়ে টাকা দিস নাই, তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি।’
ঝিনুক পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী আসহাব উদ্দিন জানান, তার ফার্মে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং পুলিশ তা পরিদর্শন করেছে। তারা জানায়, শিক্ষার্থীরা সেখানে চাকরিতে যোগ দেয়নি এবং পরে চলে গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ছনুয়া থেকে তাদের অপহরণ করা হয়নি। তারা পুকুরিয়ার চেয়ারম্যানের ফার্মে কাজ করতে গিয়েছিল এবং সেখানে দুই দিন কাজ করেছে। পরে বাড়ি চলে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। তাদের উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ধীরেন্দ্রনাথ দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ওসি আরও জানান, বিকাশের মাধ্যমে মুক্তিপণ দাবির বিষয়ে একটি প্রতারকচক্র ফোন করেছে। নম্বরগুলো যাচাই-বাছাই করে দেখা গেছে, সেগুলো রংপুর ও ময়মনসিংহের ব্যক্তিদের। তারা মূলত প্রতারকচক্রের সদস্য।
এদিকে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা রিয়াদকে নিয়ে বাঁশখালী থানায় গেলে পুলিশ তাকে দুই শিক্ষার্থীর সন্ধান ও উদ্ধারে সহযোগিতা করার নির্দেশনা দেয়। সোমবার পর্যন্ত পরিবারের সদস্যরা রিয়াদকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করছিলেন।
সন্তানদের অপহরণের আশঙ্কা এবং ফোনে মুক্তিপণ ও হত্যার হুমকির কারণে দুই শিক্ষার্থীর স্বজনরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। তারা নিখোঁজ দুই স্কুলছাত্রকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: ডাক্তার দেখিয়ে ফেরার পথে কুমিল্লায় ট্রাকের চাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন