ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পুলিশ স্টাফ কলেজে এমসিএপিসিএমের ১০ম ব্যাচের উদ্বোধন


পুলিশ স্টাফ কলেজে এমসিএপিসিএমের ১০ম ব্যাচের উদ্বোধন

পুলিশ স্টাফ কলেজে মাস্টার্স অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমসিএপিসিএম) শীর্ষক প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে এ ব্যাচের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এতে স্বাগত বক্তব্য দেন পুলিশ স্টাফ কলেজের পরিচালক (একাডেমিক) সরকার ওমর ফারুক এবং সভাপতিত্ব করেন কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম। অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজকে পুলিশ শিক্ষা, গবেষণা ও পেশাগত নেতৃত্বের উৎকর্ষ কেন্দ্র হিসেবে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

আইজিপি মো. আলী হোসেন ফকির মাস্টার্স প্রোগ্রামে নির্বাচিত সব অংশগ্রহণকারীকে অভিনন্দন জানিয়ে বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় পুলিশিংকে আরো আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী হতে হবে।

সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ, আর্থিক ও পরিবেশগত অপরাধ, ভুয়া তথ্যের বিস্তার এবং উদীয়মান প্রযুক্তির অপব্যবহারের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান, গবেষণা ও পেশাগত দক্ষতার কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, আধুনিক পুলিশিংয়ের সাফল্য শুধুমাত্র অপরাধ দমন বা অপরাধী গ্রেপ্তারের মাধ্যমে নয়; বরং জনগণের আস্থা অর্জন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, পেশাগত সততা, জবাবদিহিতা এবং নাগরিকদের মানসম্মত সেবা নিশ্চিত করার মধ্যেই নিহিত।

আইজিপি আরো বলেন, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ উচ্চতর পুলিশ শিক্ষা, নেতৃত্ব উন্নয়ন ও গবেষণার ক্ষেত্রে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আধুনিক পুলিশ কর্মকর্তাদের কৌশলগত চিন্তাশীল, দক্ষ ব্যবস্থাপক, নৈতিক নেতৃত্বসম্পন্ন এবং আজীবন শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

অন্যদিকে, গবেষণা, তথ্যভিত্তিক বিশ্লেষণ ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এক বছর মেয়াদি ও দুই সেমিস্টারবিশিষ্ট এমসিএপিসিএম প্রোগ্রামের ১০ম ব্যাচে এবার মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে পুলিশ, সশস্ত্র বাহিনী, চিকিৎসক, বিচার বিভাগ, জাতীয় গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবিপ্রবিতে প্লাস্টিক জমা দিলেই মিলছে গাছের চারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


পাবিপ্রবিতে প্লাস্টিক জমা দিলেই মিলছে গাছের চারা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এবং প্লাস্টিক বর্জ্য সংগ্রহে উৎসাহিত করতে ‘গ্রীন ভয়েস’ নামক পরিবেশভিত্তিক সংগঠন একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহৃত প্লাস্টিক জমা দিলেই বিভিন্ন প্রজাতির গাছের চারা পাচ্ছেন।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও অন্যান্য প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে জাম, কাঁঠাল, নিম, বিভিন্ন প্রজাতির ফুলগাছ এবং ইনডোর প্ল্যান্টের চারা সংগ্রহ করেন।

আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক দূষণ কমানো এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। একই সাথে বৃক্ষরোপণের মাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশকে আরও সবুজ করে তোলার বার্তা দেওয়া হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, কর্মসূচিতে সংগৃহীত সব প্লাস্টিক আলাদা করে সংরক্ষণ করা হবে। পরে সেগুলো পৌরসভার প্লাস্টিক সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করা হবে, যাতে এগুলো পুনঃপ্রক্রিয়াজাত (রিসাইক্লিং) করা সম্ভব হয়। এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্য পরিবেশ দূষণের কারণ না হয়ে পুনর্ব্যবহারের সুযোগ পাচ্ছে।

গ্রীন ভয়েসের সভাপতি মো. মুহুস্তাসিন নাদির বলেছেন, ‘এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে প্লাস্টিক দূষণ কমানো এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। আমরা চাই, মানুষ যেন প্লাস্টিককে আবর্জনা হিসেবে না ফেলে সঠিকভাবে সংগ্রহ করে এবং এর বিনিময়ে একটি গাছ গ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করে।’

সংগঠনটির উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম মন্তব্য করেছেন, ‘প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এটিকে প্রকৃতিতে ফেলে না দিয়ে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে। প্লাস্টিকের পরিবর্তে একটি গাছ গ্রহণের মাধ্যমে চারপাশকে সবুজ করে তোলাটাই এই উদ্যোগের লক্ষ্য।’

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক সামিয়া তাবাসসুম জিমি এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে, নিহত ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে, নিহত ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক প্রাইভেটকারের যাত্রী। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল জেলার সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে ছিলেন। তিনি সরাইল বিকেল বাজারের 'সাইফুল গ্যালারি' নামের একটি কাপড়ের দোকানের ব্যবসা করতেন। এই ঘটনার ফলে প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানিয়েছেন, সাইফুল প্রাইভেটকার নিয়ে বিজয়নগর গেছিলেন। মুকুন্দপুর এলাকা সীমানায় একটি লেভেল ক্রসিং পার করতে গিয়ে তার প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।

এই কারণে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং সেখানে থাকা সাইফুল ও চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

ওসি জানিয়েছেন, লেভেল ক্রসিংটি বৈধ হলেও সেখানে কোনো গেটম্যান ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চলতি জুলাই মাসের বেতনের সঙ্গে দুটি অতিরিক্ত সুবিধা পাবেন। ইতোমধ্যে এসব সুবিধা বেতনের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, জুলাই মাসের বেতনের সঙ্গে শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং সাড়ে ৭ শতাংশ অতিরিক্ত বাড়িভাড়া পাবেন। ফলে জুন মাসে যে বেতন তারা পেয়েছেন, তার তুলনায় জুলাই মাসে ৫ শতাংশ বেশি বেতন পাবেন। একই সঙ্গে জুন মাসে প্রাপ্ত সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়ার সঙ্গে আরো সাড়ে ৭ শতাংশ যুক্ত হবে। অর্থাৎ জুলাই মাস থেকে শিক্ষকরা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চলতি জুলাই মাসের বেতনের সঙ্গে ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং বাড়ি ভাড়ার অতিরিক্ত অর্থ পাবেন শিক্ষক-কর্মচারীরা। তবে যাদের সিলিং সীমা অতিক্রম করবে তাদের ইনক্রিমেন্ট যুক্ত হবে না।’

এদিকে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মাউশি। নির্দেশনা অনুযায়ী, আগামী ২১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিল সাবমিট করতে হবে।

সম্প্রতি মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠানপ্রধান তার প্রতিষ্ঠানের এমপিওসংক্রান্ত কাজে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করেন। এ ক্ষেত্রে প্রতিটি শিক্ষক-কর্মচারীর বিধিমোতাবেক প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে পৃথকভাবে বিল জমা দিতে হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে এমপিওর অর্থ পাঠানো হয়।

অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ পাঠানো না হলে কিংবা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে। অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক বা কর্মচারী অতিরিক্ত অর্থ পেলে তা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, শুধু আইবাসে তথ্য যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে। যাদের তথ্য এখনো ভুল রয়েছে, তাদের তথ্য সংশোধন ও যাচাই শেষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। এ অবস্থায় আগামী ২১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জুলাই মাসের এমপিও বিল জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় কৃষক শক্তির মূখ্য সংগঠক হলেন নোয়াখালীর নফিউল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


জাতীয় কৃষক শক্তির মূখ্য সংগঠক হলেন নোয়াখালীর নফিউল ইসলাম
 
কৃষকদের অধিকার আদায়ে কাজ করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন হিসেবে জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। একই সাথে এটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও (আংশিক) ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির মূখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির দক্ষিনাঞ্চলের সংগঠক, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার কৃতি-সন্তান নফিউল ইসলাম। উক্ত কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল ও সদস্য সচিব হয়েছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম।
 
আজ শনিবার (১৮ জুলাই-২০২৬ খ্রিঃ) জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 
 
এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত কুড়িগ্রাম জেলার সদরের টগরাই হাট হাইস্কুলে এক কৃষক সমাবেশে জাতীয় কৃষক শক্তির আত্নপ্রকাশ ঘটে। সমাবেশের প্রধান অতিথি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম কৃষক শক্তির আংশিক কমিটি ঘোষণা করেন। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের সভাপতিত্বে ও গোলাম মর্তুজা সেলিমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। কৃষক সমাবেশে জুলাই শহীদ রাজীবের মা জান্নাতুল ফেরদৌস এবং জুলাই যোদ্ধা আরিফুল ইসলামও বক্তব্য রাখেন
 
সমাবেশে জাতীয় কৃষক শক্তির ১৪ দফা অধিকার সনদ পাঠ করেন সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম। দফাগুলো হলো- ১. কৃষকের রাজনৈতিক স্বীকৃতি দিতে হবে। ২. ন্যায্যমূল্যের অধিকার। ৩. কৃষি বীমার অধিকার। ৪. কৃষি অঞ্চলের পুনর্বিন্যাস। ৫. খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। ৬. কৃষি উপকরণের নিশ্চয়তা। ৭. সংরক্ষণ ও বাজারব্যবস্থা।৮. প্রযুক্তি ও তথ্যের অধিকার। ৯. কৃষিশ্রমিকের মর্যাদা। ১০. কৃষিতে তরুণদের অংশগ্রহণ। ১১. নারী কৃষকের অধিকার ১২. কৃষকের সামাজিক নিরাপত্তা। ১৩. কৃষিভিত্তিক শিল্প ও রপ্তানি। ১৪. কৃষক নেতৃত্বাধীন রাষ্ট্রনীতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%