ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক


হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়টি নিয়ে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, একজন প্রতিমন্ত্রী হয়েও কেন জনাব ইশরাক হোসেনকে নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে হলো। সরকারের কাছে এই প্রশ্নের জবাব চাওয়া অত্যন্ত জরুরি। গতকাল সোমবার তার ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এর পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব যেসব প্রতিষ্ঠানের, তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করত, তাহলে একজন প্রতিমন্ত্রীকে কেন সরাসরি এভাবে মাঠে নামতে হবে? এই পরিস্থিতির দায় কি শুধুমাত্র ইশরাক হোসেনের, নাকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতারও দায় রয়েছে? যদি মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়ে থাকে, তাহলে সেই ব্যর্থতার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরও বর্তায়। এনসিপির এই নেতা লেখেন, একজন প্রতিমন্ত্রীকে সরিয়ে দেওয়াই যদি সমস্যার সমাধান হিসেবে বিবেচিত হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত হবে কীভাবে?

রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকলে একজন প্রতিমন্ত্রীকে কেন নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো পরিস্থিতিতে পড়তে হবে? একই ধরনের প্রশ্ন দেখা যায় যখন প্রধানমন্ত্রীকে হাসপাতালে গিয়ে টয়লেট পরিদর্শন করতে হয়। হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিত করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ ও তদারকি ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থাগুলো যথাযথভাবে কাজ করলে প্রধানমন্ত্রীকে সরাসরি এসব বিষয় পরিদর্শনে যেতে হতো কি না, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এটি কেবল একটি হাসপাতালের পরিচ্ছন্নতার বিষয় নয়; বরং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কতটা কার্যকরভাবে কাজ করছে, তারও প্রশ্ন। রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে যদি প্রধানমন্ত্রীকে নিজে তদারকি করতে হয়, প্রতিমন্ত্রীকে নিজে রাস্তায় নেমে মাদক নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হয়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবেই।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া আইনপ্রণেতার ওপর হামলার অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এভাবেই পরিচালিত হতে থাকে এবং একসময় জনগণই যদি পরিস্থিতির প্রতিবাদে রাস্তায় নেমে আসে, তখন সরকার কী করবে? তখন কাকে পদত্যাগ করিয়ে দায় এড়ানোর চেষ্টা করবে? ব্যক্তিকে সরিয়ে দিয়ে সাময়িকভাবে সংকট সামাল দেওয়া যেতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিক ব্যর্থতার সমাধান হয় না। রাষ্ট্রকে কার্যকর করতে হলে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিশ্চিত করতে হবে, ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যথায়, একজনকে সরিয়ে দিয়ে সমস্যার মূল জায়গাটি আড়াল করা ছাড়া আর কিছুই অর্জিত হবে না। দিনশেষে ঘের দখল, দুর্নীতি ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি ইশরাক হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ এম


বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১৭ অক্টোবর, দুই দেশের মধ্যে ‘ইএসডিপি-এমওসি’ (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চুক্তিটি চূড়ান্ত করা হয়। এই চুক্তির আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগ আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশের পক্ষে মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে চুক্তির অনুলিপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে। মেয়াদ শেষ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর বিধান রয়েছে। এর ফলে বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং দক্ষতা উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেন, এই চুক্তির মাধ্যমে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা হবে এবং কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পাবে। তিনি আরও জানান, জাপানে কাজের অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি, উচ্চ বেতন এবং দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ তৈরি হতে পারে।

চুক্তিতে জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা এবং কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা বৈষম্যের শিকার হওয়ার সুযোগ থাকবে না বলে মন্ত্রী উল্লেখ করেন।

সংশ্লিষ্টদের আশাবাদ, এই নতুন চুক্তি বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং দক্ষ জনশক্তি রপ্তানি ও বৈদেশিক কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে ট্রলার ডুবিতে ৮ বছরের মেয়ের লাশ উদ্ধার, মা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১১ এম


পিরোজপুরে ট্রলার ডুবিতে ৮ বছরের মেয়ের লাশ উদ্ধার, মা নিখোঁজ

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী এবং মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনায় শংকর বেপারী নামের এক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যা নিহত হয়েছে এবং তার স্ত্রী নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম অর্পিতা বেপারী (৮) এবং নিখোঁজ রয়েছেন শিশুটির মা রিনা বেপারী (৩৫)। তারা নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর মেয়ে ও স্ত্রী।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকার একটি প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত শংকর বেপারী দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে বাড়িতে আসেন। সোমবার রাতে শ্রীরামকাঠী এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে সপরিবারে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় ৫০ জনেরও বেশি যাত্রী এবং ৬টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি নাজিরপুর প্রান্ত থেকে ভরতকাঠীর উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু অতিরিক্ত বোঝার কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায়।

অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় পাড়ে উঠতে সক্ষম হলেও শংকর বেপারীর স্ত্রী ও শিশু কন্যা পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান নাজিরপুর ইউএনও সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, নাজিরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক সোয়াইব হোসেন মুন্সি এবং পিরোজপুরের জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা রায়হানুর আশরাফ।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় রাত ১১টা ১০ মিনিটের দিকে নিখোঁজ শিশু অর্পিতার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

পিরোজপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক রায়হানুর আশরাফ বলেন, ট্রলার দুর্ঘটনায় মা ও মেয়ে নিখোঁজের পরে মেয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে রাত গভীর হওয়ায় আপাতত উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, ‘দুর্ঘটনার পর পরই প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা তদারকি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। নিখোঁজ মাকে উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় কারো অবহেলা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে জমি বিরোধে বসতবাড়িতে হামলা, টাকা ও স্বর্ণালংকার লুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১১ এম


কেরানীগঞ্জে জমি বিরোধে বসতবাড়িতে হামলা, টাকা ও স্বর্ণালংকার লুট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের কারণে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে দুলাল (৪৫) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

রবিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. মোজাম্মেল হোসেন (২৩) সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মোজাম্মেল হোসেন অভিযোগে উল্লেখ করেছেন যে, আব্দুল্লাহপুর মধ্যপাড়ার সৈয়দ আলী ও রবিউলদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। এছাড়া ঘরের আলমারিতে রাখা ৬০ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়।

অভিযোগে আরো বলা হয়েছে, মালামাল নিয়ে যাওয়ার সময় বাধা দিলে এবং চিৎকার শুনে মোজাম্মেলের ফুফাতো ভাই দুলাল ঘটনাস্থলে আসেন। এ সময় তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। দুলালকে রক্ষা করতে এগিয়ে এলে অন্যদেরও লাঠিসোটা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন মোজাম্মেল।

অন্যদিকে, সৈয়দ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাদের সঙ্গে মারামারি হয়েছে। তিনি জানান, এ ঘটনায় তারা ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করেছেন। তাই তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। সৈয়দ আলী দাবি করেন, তারা ভাঙচুরের সঙ্গে জড়িত নন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানার মুখে রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ এম


৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানার মুখে রোনালদো

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা এবং ২৫৫ ইউরো জরিমানা করেছে।

গত মাসে উয়েফা নেশন্স লিগ চলাকালীন কোচের সঙ্গে বিরোধের কারণে জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করার জন্য এই শাস্তি প্রদান করা হয়েছে।

মার্কিন ক্রীড়ামাধ্যম ইএসপিএনের রিপোর্ট অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো জাতীয় দলের কোচ হোর্হে জেসুসের সঙ্গে খেলার পর্যাপ্ত সুযোগ না পাওয়ার কারণে বিরোধে জড়ান। এই বিরোধের ফলস্বরূপ তিনি পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে যান।

দল ত্যাগ করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন রোনালদো। তিনি দাবি করেন, জেসুস তাকে দেওয়া কথা পালন করেননি।

ডিসিপ্লিনারি কাউন্সিল জানায়, রোনালদো ইচ্ছাকৃতভাবে ফেডারেশনের শৃঙ্খলাবিধি লঙ্ঘন করেছেন। তবে ফেডারেশনের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, এই নিষেধাজ্ঞা কোন কোন ম্যাচ বা কার্যক্রমের ওপর প্রযোজ্য হবে কিংবা অস্থায়ী নিষেধাজ্ঞার অধীনে ইতোমধ্যেই পার করা সময়টুকু এই ৩০ দিনের শাস্তির হিসাব থেকে বাদ যাবে কি না।

শাস্তির বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রোনালদো জানান, পর্তুগাল ফুটবল ফেডারেশন যে শাস্তিই দিক, তিনি তা মেনে নেবেন। একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এই তারকা।

আগামী নভেম্বরে উয়েফা নেশন্স লিগে ডেনমার্ক ও ওয়েলসের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ম্যাচগুলোতে খেলার জন্য রোনালদোর যোগ্যতা থাকবে।

এদিকে, পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা রোনালদোকে এখনও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করছেন। তিনি আশা প্রকাশ করেন যে, কোচ জেসুসের সঙ্গে রোনালদোর বিরোধ মিটে যাবে এবং তিনি আবারও জাতীয় দলে ফিরবেন।

রোনালদোর গুরুত্ব তুলে ধরে প্রোয়েনসা বলেন, ‘তিনি আমাদের অধিনায়ক। আমাদের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ সূত্র: ইসপিএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%